Tuesday, August 4, 2026


 

তিরঙ্গার গান 

মিষ্টু সরকার

ছুট ছুট ছুট আশমানী রঙ বুকের ভেতর নামে !
পনেরোর আগস্ট দিনে সাতচল্লিশে থামে।

ধানের ক্ষেতের সবুজ মাখে অরুণোদয়ের ছোঁয়া,
শুভ্র মেঘে শান্তির দূত পতাকার কি মায়া ! 

অশোক চক্র সত্য-ন্যায় উদ্ভাসিত রবি 
ছোপানো-নীল দণ্ড আঁকে অগ্রগতির ছবি

তিরঙ্গাটার ফুল ঝরানোয় শহীদ বেদী হাসে; 
আগষ্ট দ্বিতীয়ার্ধের সুর দেশ-রাগে ভাসে।   

মাতৃমন্ত্র বন্দন তার বঙ্কিমে সুর বাঁধা,
তিরঙ্গা’টি রঙিন সুতো তিনটি মন্ত্রে সাধা।

মাতৃমন্ত্র দৃপ্ত শপথ যাঁরা করলে দেশ স্বাধীন, 
তাঁদের ও তো ঘর ছিলো ভেবেছ কি কোনদিন ! 

প্রাণ বিনিময় চুক্তি! ভুলে স্বাধীনতার মানে;
হাওয়াই- মিঠাই মিলিয়ে গেছে সুযোগ সন্তর্পনে !

আগষ্ট বাতাস! কান পাতলেই ধূলোকণায় ফিসফাস ;
গলি থেকে রাজপথে হাঁটে  তিলোত্তমার বিশ্বাস !

আগষ্ট ! তোমার পূর্ণ প্রভাত বলো কবে আসবে ? 
সাতসুরেগাঁথা আগমনী ভৈরবীতে ভাসবে! 

No comments:

Post a Comment