Wednesday, July 2, 2025


 

আষাঢ়ে আসার এলে

মাথুর দাস


আষাঢ়ে আসার এলে

কী আনন্দ চাষার !

আষাঢ় আশার মাস

সুখ-স্বপ্নে ভাসার ॥


আষাঢ়ে আসার এলে

সে বড় সর্বনাশার !

খবরে খবর হয় দেখি

কত যে বানভাসার ॥


আষাঢ়ে আসার এলে

শরীর কোণঠাসার !

নাসার বিরাম নেই

হাঁচা ও কাশার ॥


আষাঢ়ে আসার এলে

দিন খুশিতে হাসার !

ভাষার জোয়ার কবির

প্রেম-ভালোবাসার ॥


 

যেতে পারো......

চন্দন দাশগুপ্ত 


যদি ফিরে যেতে চাও, যেতে পারো,
যেতে পারো অতলান্ত খাদের তলায়,
কিংবা কোনও অন্ধকার গুহাকন্দরে,
যেতে পারো সেই বিষণ্ণ শ্রাবণবেলায়
           অপ্রত্যাশিত প্রত্যাখানের বিমর্ষ সন্ধ্যায়,
কিংবা আনন্দবিহ্বল সেই রোগমুক্তির প্রাতে......

যেতে পারো ঘরছাড়া নাবিকের মতো,
                             কোনও এক অচেনা বন্দরে,
যেতে পারো ভেসে মেঘের ভেলায়,
                                   নির্জন অরণ্যের অন্দরে,
নিশ্চয় পেরিয়ে যেতে পারো উত্তাল মহাসাগর,
হয়ত যেতেও পারো এক বিজন নক্ষত্রলোকে.....

যেতে পারো তুষার ঘেরা সাইবেরিয়ায়,
কিংবা সাহারা মরুর বালি-পাথরের নির্জনতায়,
যেতে পারো দুর্গম আলাস্কায়....রোমে...পিরামিডে,
যেতে পারো ভয়ঙ্কর আমাজনে ভেসে, 
শুধু....... কোনোদিন পারবে না যেতে মিশে......
                  ফিরে যেতে অনাবিল শৈশবের দেশে।


 

কতকাল দেখি নি তোমায়!
                 রাণা চট্টোপাধ্যায় 

কতকাল কাছ থেকে দেখিনি তোমায়,
ভৌগলিক দূরত্বের ব্যবধানে দূরে থাকা অভ্যাসে।
তবু,পাশে থাকার আশ্বাসে ছুঁয়ে ছুঁয়ে থাকি,
আলো আঁধারি ছাদের রাত লুকোচুরি,খোলা আকাশের নিচে তারা গুণে অনুভবের সুখস্পর্শ।

কখনো চিবুক,আঙুল ছুঁয়ে,জ্যামিতিক শরীরী     
       উষ্ণতার উচ্ছ্বাস স্পর্শে আগুন হওয়া,
    পথ হারানো পথিক আমি একাকী পথ হাঁটি।
কখনো মুহূর্তে কেঁপে উঠি এই বুঝি ছুঁয়ে দিলে!ঘাড় ঘুরিয়ে একরাশ শুন্যতা,মন ভাবুক গোত্তা!
কাছে না এসেও অদ্ভুত ছুঁয়ে যাওয়া আলোড়ন।

এক পশলা বৃষ্টি ভিজে উজ্জীবিত  মন-হৃদয়,
   চঞ্চল পাখির মতো ঢাকা দেয় যা কিছু ক্ষত,
তবু হালকা মেঘ পালকে ডানা মেলে ইচ্ছেরা।
দেখা তো হবেই একদিন আক্ষেপ মুছে,
বহু কাল না দেখতে পাওয়ার উপবাস ভঙ্গ।


 

ইছামতী
পার্থপ্রতিম বন্দোপাধ্যায় 

ইছামতী  সুর তুলেছে ভাসিয়ে গানের ভেলা
দুপার জুড়ে সবুজ হাসে সবুজ সবুজ খেলা
আকাশেতে নাচ জুড়েছে শ্বেতপরীদের দল
পরিযায়ী পাখির  ছায়ায়  উঠছে নেচে জল
দুলিয়ে আঁচল সজনে শিমুল বাঁশবনেরই মাঝে
নাইতে আসে  গাঁয়ের বধু  সকাল  দুপুর সাঁঝে
ফুলিয়ে গলা কবুতরের বকম বকম ডাক
কচুরিপানা কলমিলতা বেঁধেছে তার ঝাঁক 
উড়ছে টিঁয়ে গাইছে ফিঙে হরেক রকম ডাক 
কাতর চোখে শুধুই  শোনে  কালচে বরণ কাক
ঝিঙ্গে পটল হরেক ফসল নামবে পারের হাটে
নৌকো  বাঁধা  সারি সারি  মতি-গঞ্জের ঘাটে
দু:খ - কষ্ট  সকল   ভুলি ইচ্ছে নদীর দেশে 
ইছামতী হাত নেড়ে যায় সদাই চলে হেসে।


 

খোঁজ

প্রাণজি বসাক


 তাল তাল খবর রেখে ফিরিয়ে আনি বার্তা 

নিশ্চুপ ভোরে বিভোর ঘুমে তলিয়ে গেছে স্বপ্ন 

স্বাধীন আলোরেখা তোমাকে সুন্দর করে দেয় 

অর্থহীন স্বাধীনতা সংসারে যেমন ঠিক তেমন

সর্বক্ষণ খোঁজো প্রয়োজনীয় ব্যাখ্যা ভালোবাসা

অদৃশ্য রেখাগুলো যেন জাল বুনেছে নিজেরাই

শরীর কী শুধুই এই শরীরী বৈভবে হাড় কাঠাম 

এমন পেলব সকালে শিহরণ সূত্র ধরে শেখালে

জীবনের মূল অর্থ আর তার সূক্ষ্ম তন্তুর মহিমা 

উদ্বেল স্নায়ু টানটান শরীর ছুঁয়ে বুঝি মানুষ যথা  



 

গুজুরে ট্যাংরাঃ একটি সাদাসিধে জীবন 

দয়াময় পোদ্দার 


প্রথমেই বলে রাখি- যাদের পিসির বাড়ি নেই 
এই কবিতাটি তাঁরা পড়বেন না।
কেননা, একেতো চৈত্রমাস, জলস্তর কম 
দুপুরে ভাটার শুরু হলে- সর পড়া কাদা জাগে।
কাঁকড়ার গর্তে গুজুরে ট্যাংরার কলোনি,
দুটি কাঁটা উত্তরে দক্ষিণে, বিষ সর্বস্ব পুঁচকে দেহ।
উগ্র হামলায় ওস্তাদ;
কাঁটা আর লেজ ছেঁটে পেট চিরে ধুয়ে নিতে হবে।
 মশলা, শুকনো লঙ্কায় গাঁ-মাখা ঝোল, অথবা 
উচ্ছে-আলুতে ভেজে খাওয়া যায়।
তবে ধরার আগে মনে হতে পারে- শরীরে, পাছায় মাংস নেই,
দল বেঁধে থাকে, বুক ভরা বিষ... ভয় পেলে চলবেনা।
হাতের পাঞ্জায় ভালো করে গামছা পেঁচিয়ে নিয়ে 
গর্তের ভিতরে ঢুকিয়ে দিলেই হবে,
দেখবেন- গামছায় কাঁটা আটকে ফাজিলের জারিজুরি শেষ!
আমার বিধবা পিসি আবার মাছ খায়না। তাই টিনের হাঁড়িতে 
অল্প জল দিয়ে তাদেরকে দূরে রাখি।
রোদে জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে 
গুজুরে ট্যাংরা মরে গেলে তাদের নদীতে ফেলে দিই!


 

চলন
উৎপলেন্দু পাল 

মন্দিরে ঘন্টা বাজলে 
বেঁধে ফেলি উদ্বাস্তু গাঁটরির গিঁট 
হাতরাই হাথরাস পথে অমৃতের মেটে কলস 
উর্বশীর চড়াই উতরাই মন্থনের অদম‍্য আদিম দক্ষতায় 

সিসমোগ্রাফ বিস্তৃত হলে 
নেমে যাই অভ্যস্ত কৃষ্ণ গহ্বরে 
নদিয়া থেকে নীলাচলের পথে পথে ঊর্ধবাহু  
শ্রীরাধার পদযুগল লেহণের অবদমিত উগ্র বাসনায়। 



 

অবক্ষয় 
প্রতিভা পাল 

আমাদের আশপাশ আজ
অবক্ষয় লেখে মনুষ্যত্বহীন।
উঁকি দেয় লোভ, নিক্তির এপাশ-ওপাশ
দোল খায় ধর্ম অথবা রাজনীতি, 
মাঝখানে ক্ষমতার দ্রোহ।
দাহ্য সময়ের হিসাবে বিক্রিত হয়
মান, হুশ, পরিচয়, সাহস।
ব্যাধিগ্রস্ত ভাবনার অতল
ঘুণধরা গাঢ় রাত গভীর আরও। 
ব্যস্ত সমস্ত প্রতিযোগিতার দৌড়,
কখন যেন হারিয়ে যায় মিঠেরোদ !
হারিয়ে যায় প্রকৃতি, মন, মুগ্ধতা, অবাধ্যতায়।

জীবন অথচ অনন্ত চেতনার অভিসারী। 
সারি সিঁড়ি জুড়ে বর্ণাঢ্য আলোর সমাহার।  
বিস্তৃত আকাশ রামধনু আঁকা, বৃষ্টির আষাঢ়।
হারিয়ে যায় অনুভূতি।
হারিয়ে যায় আবেগ সহসা।
ভুলগুলো ভুলে সমাজ আঁকে মানুষ, স্পর্ধায়।
লেখা হয় অবক্ষয় সমাজের ধ্বংসস্তূপে….


 

বৃষ্টি - বিকেল
অমিতাভ কর 


শেষ বিকেলে বৃষ্টি এলো, আমি তখন বাসে , জানলাগুলো তুলে দিলাম, ভিজবো জলে ত্রাসে ।

লাগছিলো বেশ ভালোই আমার, মেজাজটা ফুরফুরে ,
বৃষ্টি নেশায় বিভোর হয়ে, চলছি যেন উড়ে ।

স্টপেজ আসতেই নেমে দাঁড়ালাম, উড়াল পুলের নীচে ,
মুক্তো ধারা ঝরছে তখন, রোদ গলানো পীচে ।

পোলের পাশেই এক ধারেতে, ঝুপড়ি মতো ঘরে ,
ছোট্ট দুটো বাচ্চা আকুল, বাঁচবে কেমন করে !

ওদের  ভাতের গামলা ভেসে, যাচ্ছে স্রোতের মুখে ,
অসহায় চোখ, কেমন করে, দেবে সে গতি রুখে !

জলের ছাঁটে সব বেসামাল, ঘরকন্নার সাধ ,
আমার চোখও ঝাপসা তখন,উপছে জলের বাঁধ ॥


 

তবুও হেঁটে যাব

দীপজয় সরকার 


কাটাকুটি আজ খাতা ছেড়ে 

নেমেছে রাস্তায়।

বিবেকের কাছে হার মেনেছে 

সত্যবাদী হৃদয়।

মরীচিকা সেজেছে সমাজ।

মাকড়শারাও বেঁধেছে ভয়ার্ত মায়াজাল।

তবে, কান্তশ্রী রোদে আজও তৃষ্ণার্ত 

বিমূর্ত সত্যনিষ্ঠ জন।

সত্যের আলপথে আজও 

কালো রক্তের ছাপ।

তবুও হেঁটে যাব সেই পথে,

রাহী পেলেও পাব

বলিষ্ঠ হতে ভয় কী!




 

বৃষ্টি জল টলমল

          নিবেদিতা দে

দেখো,জোরে বৃষ্টি এলো, 
বৃষ্টি হয়েই চলেছে। 
এক নাগাড়ে বৃষ্টিশব্দ
আমায় ভাসিয়ে নিয়ে চলছে। 
আমার কুল নেই, কিনারা নেই, 
নেই কোন ঠিকানা। 

তুমি আর্য্য পুরুষ ভ্রাম্যমাণ কৃষ্ণকালো মেঘ,
নেমে এসেছোআমার হৃদয়ের মাটিতে।

খড় কুটোর মতো ভেসে চলেছি, 
তোমার সোঁদা গন্ধে!
বৃষ্টিস্নাত সুখে সবটুকু উষ্ণতা মেখে, 
ঠোঁটে ঠোঁট, বুকে বুক মিশিয়ে, 
এঁকে চলি স্নেহের চুম্বন, দু চোখের স্বপ্ন মেখে! 

 কৃষ্ণকালো ঘনমেঘ ঘোর বর্ষা, 
বৃষ্টি আসে নুপুর পায়ে রিমঝিম সুরে। 

আমি বাড় বাড়ন্ত যৌবনা নদী,
বয়ে যাই প্রেমের জোয়ারে 
বন্যা আসে উথালি পাথালি বুকে!

কি অসম্ভব বৃষ্টি! 
যেন উৎসবে মেতেছে ধরনী!
মেঘের ঔরসে বৃষ্টির গর্ভে জন্ম নেয় 
নতুন প্রেম,নতুন কবিতা! 

রোদের পরশ লাগলেই 
বৃষ্টি কৃষ্ণকালো মেঘের আড়ালে 
কাজল কালো চোখে হারিয়ে যায়, 
মন জুড়ে থেকে যায় বৃষ্টির গভীর ভালোবাসার দাগ।

দেখো, রোদ উঠেছে... 
তুমি তখন আকাশের বুকে শঙ্খচিল। 
আর আমি পদ্মপাতায় ফোঁটা ফোঁটা বৃষ্টিজল !!


 

বর্ষা
মজনু মিয়া

মেঘেরও আনাগোনা আজ
বর্ষারও আকাশে
এমনও সময়ে প্রিয়া
চাই যে তোমায় পাশে।।

ক্ষণে ক্ষণে মনে মনে
তোমাকেই ভেবে যাই
এমনও সময় যেনো 
চাই আমি তোমায় চাই
তুমি ছাড়া প্রিয় ক্ষণে
দু চোখে জল আসে।।

চাঁদ যেমন আঁধার কে
দূরে দূরে রাখে
তুমি পাশে থাকলে আমার
দুঃখ দূরে থাকে
ভালোবাসায় ভরে হৃদয়
সুখে জীবন হাসে।।


 

নগ্নতার শহর

মোঃ আব্দুল রহমান 


এ এক অদ্ভূত শহর
একদিকে স্বর্গীয় উদ্যানে পিশাচের ভীড়
বিপরীতে নরকের গোলাপী নর্তুকীর নাচ
মাঝের রাস্তায় ছেঁড়া ছেঁড়া পোশাকে
উন্মাদের দল --- এক টেবিলে চলে জয়ের উল্লাস-
সিংহাসন জিতে গেছি,
হিপ হিপ হুররে..., শহরটা এবার আমার

ধর্মের জুজুতে ঈশ্বর বেচা - কেনা চলে এ শহরে
চেয়ারের মোহে সার্টিফিকেট ইস্যু করে স্বর্গ নরকের
নগ্ন দাঁড়িপাল্লায় মাপা হয় জাতির বিচার

অধিকার কি, বোঝে না নগ্ন জনতা
সুরার বোতল বগলে দেশি মুরগির রোস্ট উৎসব চলে
এ অত্যাধুনিক শহরে কেবল নগ্ন সভ্যতার বাস! কেবল নগ্ন মানুষের বাস!



 

নীলকুরিঞ্জির হাসি 

     ছবি ধর 
      
তোমার চরণ চিহ্নে রেখে যাও এক পশলা হাসি 
         আমন ধানের শীষে যেমন মিশে থাকে উৎফুল্ল সুখ 
   বেদনা মুছে দিয়ে বলে যাও হাসিটুকু অমলিন রাখার কথা  
         গোলাপের পাঁপড়ির মতো না'ঝরে 
          টিকে থাকাটাই বড় কথা ।
শীতের প্রবল কাঁপুনিতে ভুলে যাই জৈষ্ঠ্যের চোখ রাঙানি। 
         আমরা বেমালুম ভুলে যাই 
ঘণ শ্রাবণের অবিশ্রাম বারিধারা ।
         নেহাত পরিপাটি হই ঈর্সাতে 
         ক্ষোভে ফুঁসতে থাকি অথৈ দ্বন্দ্বে। 
  নীলকুরিঞ্জি ফোটে নীলিমা ছড়ায় দক্ষিণ ভারতের নীলগিরি অঞ্চলে।
 ফুলগুলো স্মরণ করিয়ে যায় হাসিটুকু হৃদয়ে রাখার কথা।


 

অচেনা রাতের সিম্ফনি 
আকাশলীনা ঢোল 

সেই রাতটা একটু অচেনা ছিল,
অচেনা একটুই, পুরোটা নয়।
এমন অনেক বৃষ্টিমুখর রাত 
আগে কাটিয়েছি -
তবু সেদিনের রাতটা ছিল অচেনা।
সারাদিন অনেকটা পুড়ে যাওয়ার পরে 
বৃষ্টি নেমেছিল, ভাঙাচোরা শহরের বুকে -
রাত্রি গভীর, সড়কবাতির আবছা আলো 
প্রবেশ করেছে আমার অন্ধকার ঘরে,
নিদ্রাহীন রাতে কফির কাপ হাতে ব্যালকনিতে 
দাঁড়িয়ে দেখছিলাম, কীভাবে বৃষ্টিকণা 
ঝরে পড়ে হ্যালোজেনের স্তম্ভ বেয়ে।
রাস্তায় দু-একটি পথচারীর আনাগোনা,
কখনও বা মোটরগাড়ির হুশহাশ শব্দ -
পশ্চিমের হাওয়া খেলা করছিল আমার 
চুলগুলি নিয়ে, বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিচ্ছিল 
অন্তঃকরণ, সহসা মেঘের আর্তনাদ কেমন শিশুর 
কান্নার মতো শোনাল -
সেই সুরে যেন মিলে গেল বৃষ্টির রিনরিনে 
শব্দে বেজে চলা সিম্ফনি,
কিংবা, সারা বিশ্বের ক্রন্দনই যেন ঝরে পড়ল 
বৃষ্টিকণা হয়ে -
সেই রাতের সিম্ফনিটা কেমন অচেনা ছিল,
বৃষ্টির সেই রাতটা একটু অচেনাই ছিল।


 

রঙ্গমঞ্চ 
প্রিয়াঙ্কা চক্রবর্তী 


জীবনের গতিপথ বন্ধুর, 
  পৃথিবী একটি রঙ্গমঞ্চ;     
জীবন  রঙ্গমঞ্চের রূপকথা, 
    সৈকতের নিস্তব্ধ বালুতট;
জীবনের সেই ঊষর মরুতে,
    ঝাউবনের শীতল পরশে, 
সময়ের সাক্ষী  জীবনের উদ্যান-
  সেই বাগিচা শূন্য থাকে না, 
নানা রূপ লাবণ্যের সমারোহে, 
       নতুনত্বের আভরণে; 
সৃষ্টি এক অপরূপ সৃজনশৈলী ।।


 

শিল্প 
 
আ সি ফ  আলতাফ


শুধু সৌন্দর্য নয় 
বীভৎসতার  ভিতরও থাকে শিল্পের কারুকাজ;

কসাইয়ের হাতের চাপাতি ফুলের মতো থোকায় থোকায় করে মাংসের শৈপ্লিক বিন্যাস;

ঘাতকের পাকা হাতে নেচে ওঠে যে বুলেট
প্রাণ নিতে নিতে সেও নিহতের শরীরে রেখে যায়
নান্দনিক বোধের স্বাক্ষর;

দক্ষ ঘাতক মানেই  একজন  শিল্পী;

লাশ কাটা ঘরে কী সুন্দর নিপূণতায় 
ডোমের হাতের ছুরি  লাশের শরীর ব্যবচ্ছেদ করে;

ঝড়ের তান্ডবের নিচে চাপা পড়ে যায় তার 
শৈল্পিক বিস্তার ;

মৃত্যুর মতো  সুন্দর ও  মহৎ শিল্প আর একটিও নেই;

নেতিবাচক বলে অসংখ্য শৈল্পিক মুগ্ধতা
 প্রতিনিয়ত আমরা হারাই।


 

বৃষ্টি তুমি

মনোমিতা চক্রবর্তী


বৃষ্টি তুমি বড় খামখেয়ালী, 
ঠিক আমার মনের মত।
 যখন ইচ্ছে ঝরে পড়ো 
উদাস হয়ে অবিরত ।

বৃষ্টি তুমি শুধু ঝরে পড়া জল নও, 
তুমি মনের কোণে জমা অভিমান।
এক পশলা ঝরলে তুমি 
মুছে যায় যে মনের গ্লানি ।

বৃষ্টি তুমি জাদু জানো,
 তুমি বড়ই মায়াময়।
 তোমার ছোঁয়ায় মনের সকল কষ্ট 
 দেখো এক নিমিষে কেমন দূর হয়ে যায়।


 

ছেলেটা দেখেছে স্বপ্ন 
নাহিদ সরদার

ঠিকানাহীন,
 এ কোন ক্লান্ত শিশুটা ঘুমায় ফুটপাতে।
সে কি ভুলে গেছে পথ,
না কি ঈশ্বরের সাথে নেমেছে পথে,
জীবনের প্রয়োজনে।

জবুথবু শুয়ে থাকা 
ছেলেটার সামনেই এক ডালা ফুল।
এ যে পথহারা পথিক নয়, বুঝেছি।
ঝপঝপ শব্দে হেঁটে যাচ্ছে পথিকের দল,
গভীর স্বপ্নে শুয়ে আছে জীবন।

হয়তোবা ছেলেটা দেখছে—
সমুদয় ফুল হয়ে গেল টাকা,
অথবা কোনো এক প্রেমিক কিনে নিল সব ফুল।
তারপর এক ডালা টাকা নিয়ে ছেলেটা ছুটেছে,
তাঁর চারপাশ জুড়ে উড়ে যাচ্ছে দামি দামি খাবার আর পোশাকের দল।

ছেলেটা ঘুমিয়ে আছে,
সামনে ফুলের ডালা।
ঝপঝপ শব্দে হেঁটে যাচ্ছে পথিকের দল,
ছেলেটা দেখছে স্বপ্ন।


 

জন্মান্তর 

সুজয় সরকার 


আজকাল আর আসি না, 

ইচ্ছে হলেও হাসি

না যক্ষা হলেও রুমাল চাপি , 

শব্দ করে কাশি না | 

আগ বাড়িয়ে ঘেসি না 

অল্প নচেৎ বেশি না 

ইচ্ছে হলে পানশালা যাই, 

দু-এক পেগের বেশি না | যু

দ্ধ করি বুদ্ধ সেজে 

দাঁত কপাটি দুবার মেজে 

জন্মান্তর হেলায় হারাই , 

কাউকে ভালো বাসি না | 

যখন ভাসি চোখের জলে 

তখন লোকে পাগল বলে , 

তাই কারো শিউলি ঝরা 

শরৎকালে কাশবন হয়ে আসি না....


 

কাঁটাতার
অমিতাভ চক্রবর্ত্তী 

এক মাটি , এক বাতাস, এক আকাশ 
তবু কাঁটাতারের দুপাশে বদলে যায় জীবন
একদিকে তীব্র বিশৃঙ্খলা 
অন্যদিকে আশ্চর্য নীরবতা 
সুতার দুপাশে যেন দুই পৃথিবী 

যে জল শুষে নেয় কান্না 
মেঘ হয়ে ঘুরে বেড়ায়  
                                  আপন খেয়ালে 
মাটিতে পড়েই দু'ভাগ 
                               এদিক আর ওদিক।

মৃত্যু কাতরতার ভ্রুকুটি উপেক্ষা করে 
 গেরুয়া সলতে পাকায় ভয়ার্ত জীবন।


 

দুটি কবিতা
 এরশাদ



সালাতে ইশক

আজ আষাঢ়ের প্রথম নিশ্বাস,
আকাশে মেঘের অলিখিত আয়াত—
বিদ্যুতের আলোয় ভেসে ওঠে
প্রিয়তমার মুখ,
মেঘেরা যেন তাঁর পর্দা
যে মাঝে মাঝে সরে গিয়ে
দেখিয়ে দেয় অনুপম সেই মুখচ্ছবি,
আবার মিলিয়ে নেয়
অজানার গহীনে।

আমার হৃদয় আজ এক ধ্যানমগ্ন মসজিদ,
যেখানে তিস্তার জল—
সময় নয়, স্মৃতির ওযু-জল,
ভাসিয়ে নেয় বিস্মৃত ভালোবাসা
যেমন কোনো পুরোনো দোয়ারা
থেকে যায় বাতাসে ধ্বনি হয়ে।

ফজরের আজান
এই নিদ্রিত জগতের ডাকে নয়—
ভাঙে আমার আত্মার অভিমুখ,
আমি জেগে উঠি
ভাষাহীন এক উচ্চারণে,
যেখানে প্রতীক্ষা জমে ওঠে
তসবির প্রতিটি দানায়,
প্রতি ঘূর্ণিতে উচ্চারিত হয়
‘লা-ইলাহা ইল্লাল্লাহ’।

তাঁর কণ্ঠস্বর আসে—
না-শোনা এক ধ্বনির অন্তরালে,
যা কান নয়, হৃদয়ের চোখে ধরা দেয়।
সে সুরে নেই কোনো ভাষার ভার—
তবু মনে হয়,
যেন সমস্ত নীরবতা রূপ নিয়েছে প্রার্থনায়,
যেমন মরমিয়া ফকিরেরা শুনে নেয়
আকাশের অভ্যন্তরের সঙ্গীত।

প্রেম এখানে জল নয়
জল হয়ে ওঠার তপস্যা,
এক অন্তহীন রূপান্তর—
যেখানে ক্লান্তি ধুয়ে যায়
আর অহং ডুবে যায়
আত্মসমর্পণের জলে।

আজ আষাঢ়ের ধারে দাঁড়িয়ে
আমি আর আমি নই—
হৃদয় আমার এক ছোট তস্তরী,
ভেসে আছি তোমারই করুণার স্রোতে।
তুমি যদি হও মেঘ,
তবে আমি হবো বৃষ্টি—
ঝরে পড়ব,
তোমারই স্নিগ্ধতায়,
এক অনন্ত ইবাদতের নামে।





ঈশ্বরের গোপন ব্যাকরণ

কে বলে—
পর্দার আড়ালে কেউ থাকে না?
আলো-আঁধারির সন্ধিক্ষণে
কিছু মুখ জেগে ওঠে হাত হয়ে—
কোনো শব্দ নয়,
একটি নিঃশব্দ স্পর্শ হয়ে তারা
ভাতশূন্য পাতে কান্নার পাশে বসে।

শহরের ঠান্ডা কাচে জমে থাকে
স্বার্থের ঘন শীত,
তুমি সেখানে হেঁটে যাও—
উষ্ণ এক রেখা রেখে যাও অদৃশ্য পায়ের ছাপে।

তুমি ছিলে না পোস্টারে,
ছিলে না মঞ্চের আলোয়,
তবু তোমার সিঁড়ি বেয়ে উঠে আসে
একটি অনাথ হাসি,
একটি বিধবা প্রার্থনার মতো উচ্চারিত হয়।



 

পেরেও পারিনি

মোহিত ব্যাপারী


এক পৃথিবী ভালোবাসি তোমাকে।
তবু এক পৃথিবী ভালোবাসতে পারিনি।
এক পৃথিবী ভালোবাসা যায়না কখনো।
তবু কথাটা শুনে তুমি মুচকি হেসেছিলে।
আমাকে জড়িয়ে নিয়েছিলে বুকে শীতের চাদরে।
এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলে নিশ্চিন্তে।
তোমার জন্যে আকাশের চাঁদটাকেও এনে দিতে পারি।
তোমাকে অনেক ভালোবেসে বলেছিলাম।
তুমি অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলে আমার দিকে।
তোমার চোখদুটি বিস্ময় স্নেহ মমতায় ভরে উঠেছিল।
ভালোবাসার উচ্ছ্বাসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলে।
বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবেনা।
পৃথিবীর সুন্দরতম মুহূর্ত ছিল সময়টা।
সবই কথার কথা তুমিও জানো।
কথা দিয়ে সব কথা রাখা যায়না।
সময়টা সুন্দর হয় শুধু জীবনের কাছে।
চাঁদটা আজও জ্বলজ্বল করে রাতের আকাশে।
কেউ স্থানচ্যুত করতে পারেনি তাকে।
তুমিও আমাকে ছেড়ে চলে গেছ শেষবেলায়।
তোমাকেও আমি ধরে রাখতে পারিনি।
তোমার জন্যে আমি মরতেও পারি।
মিথ্যে রাগের ভঙ্গিমায় আমার মুখে হাত চেপে ধরেছিলে।
অভিমানী সুরে বলেছিলে একসাথে বাঁচব একসাথে মরব।
কিন্তু আজ আবার সেই পিঁপড়েটি আমাকে কামড়ালে
তুমি জানতেও পার না।
ওটা শুধু পাগলামি ছাড়া কিছু নয়।


 

বর্ষার দিনে 
মোঃ আব্দুল রহমান


ঝিরিঝিরি বৃষ্টির সুরে 
শ্রাবণের ধারায় মেঘলা মন ছুঁয়ে,
তোমার সকল অনুভূতি ঝরে পরে হৃদয়ে
কথামালা ডাকে মেঘের ভেলায় 
আমি চেয়ে চেয়ে দেখি 
হৃদয়ে সেই ছবি কেবল আঁকি,
দুটি মনে ঢেউ ওঠে উষ্ণতার সাগরে 
মিলন হবে সোদা মাটির গন্ধে 
তোমার মুখে আমার মুখ ছুঁয়ে যায় 
ভেজা ঠোঁটে ঠোঁট 
শ্রাবণের ধারায় উষ্ণ যৌবনের সাগরে 
আজ দুজনে হারায়!


 


 

মেঘবালিকা

প্রাণেশ পাল 


মেঘবালিকা আমার ভালবাসা
আষাঢ়ের অঝোর ধারার বৃষ্টি ফোঁটায়,
তোমার অবিরাম ধারাসম্পাতে
প্রাণীকূল,অরণ্যানী ভালবাসায় ভেসে যায়,
তপ্ত দুপুর,কবির দগ্ধ হৃদয় অলিন্দ 
তোমার বারিধারায় মিশে যেতে চায় !

আমি উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে তোমার ভালবাসায়
উদ্বেলিত হওয়ার অপেক্ষায়,
হিমালয়ের শ্বেতশুভ্র বরফ চূড়ায় আমি ধ্যানে মগ্ন
শুধু একবার তোমায় ছোঁয়ার প্রতীক্ষায়,
আমি রাত জাগি সিন্ধু নদের উপত্যকায়
তোমার জারিত ভালবাসায় ডুবে যাওয়ার অপেক্ষায় !

জুঁই,কেতকী,মালতী,বেলি,দোলনচাঁপা,কামিনী
তোমার সর্বাঙ্গ সাজিয়ে দেওয়ার অপেক্ষায়,
আমার ভালবাসা চাতকের মতো তৃষ্ণার্ত, 
রাজহংসীর মতো তোমার মিলনে উন্মুখ !

মেঘবালিকা তোমার অবিরাম ধারাপাতে
সিক্ত হোক দহন দগ্ধ উন্মুক্ত প্রান্তর,
তোমার ভালবাসার নাব্যতায় আমি আজন্ম 
নিঃস্ব,রিক্ত,সিক্ত হতে চাই !


 


পাখি পরিচয় 

নজর উল ইসলাম 


অসামান্য অস্থিরতায় কেঁপেছি 
নীল মন-সম্ভ্রম খুঁজেছি তোমাকে
অনুভূতির শিকড়েরা বুঝেছে রহস্যময় ইশারা
বোঝনি পাখি-পরিচয়ের বিনম্র ভাষণ খুশি
যথারীতি যে যার সে তার তবু কিছু ছুঁয়ে 
থাকে পরম যত্নে তুলতুলে আঙুলে, 
আন্তরিকতা গভীর শিহরণ—মুহূর্তের 
কথকতায় ডুবে যাওয়া মুখোমুখি অনুসঙ্গ 
আজ বুঝি বোধঘরে পেয়েছি যা বন্ধন
নির্ভেজাল ভালবাসার আকুতির সারল্য
চোখের আড়াআড়িতে জীবন উঠে আসে প্রেম
উৎসবের অনন্ত কথার আকর 
সংশয়ে কাটাকাটির দিনগুলি ভুলে
এসো ভিজি এই বর্ষাদিনের মন-সংগীতে...


 

কলঙ্ক কলঙ্ক খেলা

শ্যামল বিশ্বাস লামশ্যা
              

আলো যাচ্ছে অন্ধকার আসছে এটাই সন্ধ্যা
ধুলো উড়িয়ে বাড়ি ফিরে যাচ্ছে গাভীর দল
আকাশ ঢেকে পাখিরা ঘরে ফিরছে আনন্দে
নিত্য ক্লান্ত শ্রান্ত ফিরে যাই যে যার ঘরে।

#
ঘরের দেওয়ালে নরম পায়ে টিকটিকি ঘোরে
প্রতিদিনের দেখা সাক্ষাত প্রেম প্রেম ভাবি
নিশ্ছিদ্র অন্ধকারের আওতায় নগ্ন বসে আছে
কে জানতো বুড়ো ভাম যৌবন এত লম্বা হবে?


 


বর্ষা এবং মাটির গন্ধ

রীতা মোদক 


তৃষ্ণার্ত চাতক পাখির কাতরতা
আর বুক ফাটা ভূমির আর্তনাদে
বুঝি বর্ষা আসে বাংলায়।
ভরা বর্ষায় ভরে যায় নদী নালা
খাল বিল এবং
ছোট বড় ডোবা।

বৃষ্টি স্নাত কচু গাছের ফুলগুলো
ধীরে ধীরে হলুদ হয়ে উঠলে
 তখন আমার ও ইচ্ছে করে...
 সোঁদা মাটির গন্ধ গায়ে মেখে
সবুজ ফলাই নিষিক্ত মাটিতে।


 



শিল্পী- সুজল সূত্রধর, অষ্টম শ্রেণি