Monday, November 16, 2026


 

।।  পাঠ প্রতিক্রিয়া ।। 
    
হলুদ পাতার বৃষ্টি: অমিত আভা

গত শতকের নব্বইয়ের দশক থেকে লেখালিখি শুরু করলেও, মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন কোচবিহারের প্রখ্যাত জেনকিন্স স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক অমিতাভ চক্রবর্তী। বর্তমানে আবার `অমিত আভা` নামে লিখতে শুরু করেছেন। সম্প্রতি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ `হলুদ পাতার বৃষ্টি` হাতে এসেছে। মোট চুয়াত্তরটি কবিতা স্থান পেয়েছে গ্রন্থটিতে।


ব্যক্তি অনুভূতি, নির্মম বাস্তবতা, স্মৃতি, নাগরিক যন্ত্রণা, প্রকৃতি, হারানো শৈশব ইত্যাদি ঘুরেফিরে বারবার এসেছে তাঁর কবিতায়। নিজের বিস্বাসে অটুট থেকে শব্দ সাজিয়েছেন অমিত আভা। নিজের মতো করেই। আর সেই সাজানোতে কোনও জটিলতা নেই। বরং কিছু ক্ষেত্রে তাঁর কবিতা  `the spontaneous overflow of powerful feelings` বলেই মনে হয়েছে। আরোপিত যে কপটতা কবিতার স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেয়, তার থেকে বহু দূরেই তাঁর অবস্থান। সম্ভবত কবির শিক্ষক স্বত্বায় তিনি স্পষ্ট বুঝেছেন, সহজ কথা তাঁকে সহজেই বলতে হবে। ক্লাসরুমে পদার্থবিদ্যার কঠিন বিষয়কে সরল করে পরিবেশনের মধ্য দিয়েই সম্ভবত এই বিষয়ে তিনি দক্ষ হয়ে উঠেছেন। যেমন, `নদীর মোহনা` শীর্ষক কবিতায় বাবার কথা বলতে গিয়ে তাঁর মনে পড়ে- তিনি আমাদের একটি আদুরে/ নাম দিয়েছিলেন, `সংসার নদী`/এড়িয়ে গিয়েছিলাম আমি/ তিনি লিখলেন, `নদীর মোহনায় পৌঁছে ফিরে আসার উপায় নেই।` সত্যিই তো, আমরা ক`জন নিজের পরিবার-সংসারকে উপেক্ষা করতে পারি? আপাতভাবে উদাসীন মানুষটিও সংসার নামক বস্তুটির সঙ্গে ভীষণভাবেই জড়িয়ে থাকেন। অনেকটা একইভাবে ধর্ম বিষয়ে তিনি বলেন, `চাঁদ জানে না/ কবে একাদশী কবে অমাবস্যা/ কবে মহরম, ঈদ নাকি কোজাগরী পূর্ণিমা/ ....দিন আসে/ ঢেকে যায় চাঁদের আলো/ আমরাই তাকে ভাগ করি রোজ।`

এভাবেই কবির বেশ কিছু উচ্চারণ যেন পাঠকের নিজের হয়ে যায়। কবিতার আয়নায় পাঠক উপলব্ধি করতে পারেন নিজেকে। কবিতার সঙ্গে এই একাত্মতা পাঠককে যে দুনিয়ায় নিয়ে যায়, সেখানে কবি যেন কখন অদৃশ্য হয়ে যান। মুখোমুখি রয়ে যায় শুধু পাঠক আর কবিতা। নিজস্ব চিত্রকল্পে তিনি দেখতে পান `গ্রীষ্ম আসে, শীত যায়/ জীবনের ক্যানভাসে রং বদলায়/ বর্ষা আসে/ ভরসা আসে না।` তবু `তোর্ষার বৈরালি আর তিস্তার মায়াবী আকাশ/ সে মায়ায় ভেসে বেড়াই দূরে/ নদীখাত ছুঁয়ে নিতে চাই.....` তবে শুধু এরকম নির্বিবাদ আত্মরতির কথাই শুধু নয়। সমাজ-সচেতন কবি মনে করিয়ে দেন, `রক্তে ভিজে যাচ্ছে সেবিকা নারী/ মুছে গেছে অনুভূতি` কিংবা `জিজীবিষা মৃত্যুকে ভেঙে দিলে/ আদিম হিংসারা দানা বাঁধে` অথবা `বিধবারা ভাতা নিচ্ছেন লাইন দিয়ে/ কিংবা ব্রিজের উপর দাঁড়িয়ে/ শাড়ির আঁচল দিয়ে গা মুচ্ছেন/ ইউ টিউবের পর্দায়...`, `শিশুরা সব মেটাভার্সে/ সবাইকে নজর রাখছে সি সি টিভি` এরকমই চকিত কিছু কিছু কথা পাঠককে নিঃসন্দেহে চমকে দেয়। কিন্তু তার চাইতেও বড় হল, পাঠকের চেতনায় কড়া নাড়ে। পাঠক ভাবতে বাধ্য হন। কবির `প্রেমপত্র`, `বাইশে শ্রাবণ`, `মোবাইল পাখি` ইত্যাদি কবিতাগুলি ঠিক এই কাজটিই করে। আসলে এই কবিতাগুলি সাম্প্রতিক বর্তমানের কথা বলে। পাশাপাশি, `হেমন্তের বিকেল`, `মহড়া`, `তোমায় ভালবাসি` ইত্যাদি কবিতাগুলি যেন আবহমানকালের নষ্টালজিয়াকেই ধরে রেখেছে।

সবশেষে বলব,  Style is the man himself  বা "শৈলীই হলো মানুষ নিজে" তত্ত্বটি মূর্ত হয়ে উঠেছে বেশ কিছু কবিতায়। এক্ষেত্রে কবি নৈর্ব্যক্তিক বা impersonal থাকতে পারেননি। `বিজ্ঞানী ডিরাক`, `পদার্থবিদ্যার সূত্র মেনে নিম্নগামী সময়ের স্রোত`, `ভরকেন্দ্র গিলে নেয় অন্ধকার`, `পড়ে থাকে গলনের লীনতাপ` ইত্যাদি শব্দবন্ধ বলে দেয় কবি বিজ্ঞানের জগতের মানুষ। একথা ঠিক যে, কেউই  impersonal নন। লেখার মধ্য দিয়েই লেখককে চেনা যায়। কমবেশি বোঝা যায় তাঁর ব্যক্তিস্বত্বাকে। ধরে ফেলা যায় তাঁর কর্মজীবনকেও। এটা কবি বা লেখকের সীমাবদ্ধতাও নয়। তবু যেহেতু কবি চলমান জীবনের একজন নির্মোহ দর্শক, তাই তাঁর দর্শনটিও হবে নির্মোহ। তিনি বিষয়টিকে তুলে ধরবেন। নিজস্ব কোনও বিধান দেবেন না। কবি অমিত আভাকে এই ব্যাপারটি মনে রাখতে অনুরোধ করব। যদিও এই কাব্যগ্রন্থে সেভাবে তাঁর নিজস্ব স্বত্বা প্রকাশ পায়নি, তবু যতটুকু পেয়েছে, সেটিও যেন পরবর্তীতে না থাকে। সচেতন হতে হবে `নেই` আর `নিই` ব্যবহারে। অবশ্য মুদ্রণের ভুলে `নিই` হয়ত `নেই` হয়ে গেছে। কিন্তু ব্যাপারটি দৃষ্টিকটূ ও এই কাব্যগ্রন্থের ক্ষেত্রে একদমই বেমানান। কিছু বানান ও যতিচিহ্ন প্রয়োগেও ভুল রয়েছে। সাবধান হতে হবে সেই বিষয়েও। পিয়ালি দে-এর প্রচ্ছদে নতুনত্ব না থাকলেও, কাব্যগ্রন্থের নামের সঙ্গে মানানসই। মুদ্রণ ও কাগজ যথেষ্ট ভাল।  

আলোচক: শৌভিক রায়   

  

No comments:

Post a Comment