Monday, November 3, 2025


 

মায়াবী আলোর পথ 
আকাশলীনা ঢোল 

একটা মায়াবী আলোর পথ দেখেছিলাম 
এই শহরের বুকেই, 
বৃষ্টিভেজা পিচ রাস্তায় সেদিন 
এসে পড়েছিল হ্যালোজেনের 
হলদেটে আলো -
সেই পথে হাঁটতে হাঁটতে সেদিনের 
সন্ধ্যেটাকে বড় মায়াবী মনে হয়েছিল।

আরেকটা মায়াবী আলোর পথ দেখেছিলাম 
মাঝ গঙ্গার বুকে,
যেদিন প্রমোদ-ভ্রমণের অছিলায় 
গঙ্গাবক্ষে জাগিয়ে তুলেছিলাম 
এক দানবীয় শব্দদূষণ -
সেদিনও হলদে রঙের বর্ণচ্ছটা নদীর বুকে 
কেটে দিয়েছিল ঝিকিমিকি 
মায়াবী আলোর পথ।

আরও একটা মায়াবী আলোর পথ দেখেছিলাম 
মাঝ আকাশের বুকে,
নক্ষত্রেরা যে পথে পাড়ি দেয় 
আলোর উৎস সন্ধানে -
সেই পথে ভাসিয়েছিলাম আনমনা এই মন,
মনটাও বুঝি সেদিন ছিল ভীষণরকম মায়াবী।



পৃথিবীর সাথে চুক্তি

 সম্রাট দাস

                      
পৃথিবীকে কিছু দিতে ইচ্ছে করে;
চন্দ্র যেমন অনাবিল শীতল সুন্দর চন্দ্রপ্রভা দেয় পৃথিবীকে।
আটলান্টিক মহাসাগর যেমন তৃষ্ণা মেটায় আমার; 
শিউলিসুরভি যখন নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে;
তখন নিউরনগুলো নৃত্য করে কোন এক দৈব সুখে,
সে সুখ আমায় বাতাস এনে দেয়!
সন্ধ্যায় জ্বলতে থাকা তুলসী প্রদীপ যেমন আলো দেয়; 
তেমন আলো দিতে ইচ্ছে হয় পৃথিবীকে!
প্রাচীন মহাকাশ যেমন আশ্রয় দিয়েছে পৃথিবীকে, ভালোবেসে; 
তেমনিই ভালবাসতে ইচ্ছে হয় পৃথিবীকে!
পৃথ্বীমাটি ফল পত্র হয়ে যেমন ক্ষুধা মেটায় আমার;
তেমনই পৃথিবীর ক্ষুধা মেটাতে ইচ্ছে হয়!

ক্রমে আমার আর পৃথিবীর চুক্তি হলো;
মৃত্যুর পর মাটি হয়ে, পৃথিবীকে মাটি উপহার দেবো,
মাটি বাড়বে পৃথিবীর...



নিয়ম অনুযায়ী

কেতকী বসু

শুকনো পাতার ওপর হেঁটে যাওয়ার শব্দে
এখন আর চমকে উঠিনা
সুন্দর গানের সুর শুনে কিছুটা আনমনা হয়ে যাই
আপন মনে গান গেয়ে নির্জনতাকে  ভুলতে চায়  যে ছেলেটা
শীতের রাতে সে সুর আরো স্পষ্ট হয়
নাম ছাড়া  পরিচয়ে সে বাড়ি ফেরে
সেই নামের  অধিকার আর স্বাধীনতা
ছিনিয়ে নিয়েছে পথের ধুলো

মায়ের বুক জুড়ে পরিচয় হীন অস্তিত্ব
সে নিজেও জানে না আসল সত্যিটা
মানসিক ভারসাম্যহীন মায়ের কান্না
জড়িয়ে রেখেছে ভিজে অন্ধকারকে
এমন এক অন্ধকারে হারিয়ে ফেলেছিল
নিজের বেঁচে থাকার অস্তিত্ব

নিজের  শীতের চাদর হারিয়ে ফেলেছিল
শালীনতা আর সম্ভ্রমে।


 

ঈশ্বর
দীপ্তিমান মোদক 

বয়স হয়তো ষাট পেরিয়ে গেছে,
তীব্র দাবদাহে কাঁপা কাঁপা দুটো হাত, তোমার পিছু পিছু 
তুমি তখন স্নানের পর শুদ্ধ ভীষণ 
সাথে পুজোর ডালা,আর ছোঁবে না কিছু।
বাবু একটা রুটি নয়তো কটা টাকা তোমার তখন পকেট গরম,
তবু বললে,হাত যে পুরো ফাঁকা।

কার জন্যে রাখলে এইসব?
কার জন্যে এত কলরব?
ঈশ্বর যে তোমার কাছেই ছিল 
মন না থাকলে আঁচ পাবে তা কিসে
মন না থাকলে,কিসের অনুভব।


 

পৃথিবী 
জীবন সরখেল
 
লাখো অযুত স্বপ্নেরা সারাক্ষণ বৃত্তাকারেই 
নিঃস্বার্থ প্রেম অভিমুখে ঘুরতে থাকে... 
সঙ্কোচন-প্রসারণ-স্থিতিশীলতায় 
বস্তু-ব্যক্তি নিরপেক্ষ সব জীবনের 
বদলে যায় নিয়ত সংজ্ঞা...
ফুলের মতোই পাখিরাও ভালোবেসে 
একে একে এঁকে যায় ঘন মুক্ত নীল আকাশ...
সবুজ মুক্তি রেখায় মৃত্যুত্তীর্ণ মুহুর্তেরা 
সামান্তরিকের গালে ঢেলে দেয় রঙহীন মিথষ্ক্রিয়াজাত শিশিরের ওম;
হতাশ পাথরের ক্ষত স্থান থেকে আজও উঁকি দেয় তবু জন্মান্তরের রক্তশূন্যতা...
নিঃস্বার্থ প্রেমের কলমীলতায়
বিভীষণহীন শ্রমজ ঘেঁটুফুলে 
উপন্যাসেরা অজান্তেই মেলে দেয় রোদেলা কিছু পাপড়ি...


 

বনমহোৎসব 

অমিত আভা


কৃষকের লাঙ্গলের ফালায় 

জন্ম নেয় অজানা বর্ণমালা ,

মাটির বুকে লেখা হয় 

সবুজ পাতার পাঠ ;


কৃষকের ঘামই কালি ,

পাতার ফাঁকের আলো 

জন্ম দেয় অক্ষরের কলি ;

বীজ এভাবেই শেখে আলোর গান ।



 


জীবনের আলোয়…

প্রতিভা পাল 


প্রতিটি গন্তব্য, পথের খবর রাখে।

হেঁটে চলা সেই গতির কাছে সময় নতজানু হয়।

ব্যবধান, ব্যাপ্তি বিলম্ব এঁকেও 

ঠিক একদিন পৌঁছে যায় 

কী এক অমোঘ টানে!

ক্লান্তি, উপলব্ধি, অনুভব তখনও অবশ্য 

ঋণ গচ্ছিত রাখে, ধৈর্যর কাছে।


স্মৃতি-জমা সেসব উত্তাল ঢেউ

সমুদ্রর মতো আছড়ে পড়ে কখনও কখনও।

পা ভিজিয়ে আপন মনে ফিরে যায় তারপর। 

স্থির হয়ে দাঁড়াতে হয় সেসময়। 

পায়ের নীচের বালি 

সরে সরে যাওয়া অনুভব করে

কিছুক্ষণ পর সরে আসতে হয় রোদের কাছে। 

শিরশিরে হাওয়ায় আর্দ্রতা উড়িয়ে 

ভালবাসা হতে হয় জীবনের আলোয়

সূর্যর মতো.....


 

খোঁজ 

অর্পিতা রায় আসোয়ার 



ভাবনায় শান দিয়ে যখন 
আবারও নিমগ্ন হই 
সহজাত অভ্যাসে
খুঁজে ফিরি কোনো এক 
দুষ্প্রাপ্য, তপ্ত দুপুর 
যার উষ্ণ আলিঙ্গনে 
প্রশমিত হবে 
গভীরতম শীতল ক্ষত 
দীর্ঘ প্রতীক্ষিত প্রহরেরা হবে 
স্থিত 
অব্যক্ত শব্দেরাও 
খুঁজে ফেরে 
মুখর হবে বলে......


 

দুটি কবিতা 
বিজয় বর্মন 


অনুতাপ 

তুমি রাগ করেছো বলে,
আমার মাথাটা ঠিক নেই ,কথারা কেমন যেন এলোমেলো,
আমার ভুল বুঝতে পেরেছি,দেখো
মাথা নূইয়ে আছি,
তুমি বুঝলেই ভালো।

তুমি যে কষ্ট পাচ্ছ গো,
তোমার অনুতাপ আমি খুব বুঝি,
আমার কষ্ট ধুর ছাই,
চোখে চোখ রাখো, তোমাকেই যে খুঁজি।


অণু কল্প

একটা ঝড় চলে গেল,
অনেকটা দূরে,এক রেখায় সাজানো প্রকৃতি,
কি নাম দেব তার , হৈমন্তী কার্তিকে,
কিই বা বলার আছে বলো,
এই জীবন্ত শহীদের প্রতি।

স্থির হয়েছে চোখের মনি, 
বোবা অদৃশ্য দেখে যাও বুকের ভেতর, 
আতর দানী গড়েছি নিজেকে,
ভরিয়ে দাও ছড়িয়ে দাও এই বাতায়ন জুড়ে,
তুমি নামের আতর।


 

বিরল সেই রাতগুলি

পার্থ সারথী নন্দী


রাতগুলো বড় আদুরে পোষা বেড়ালের মত রেশমি কোমল , আমার পায়ে 
পায়ে ,অবাধ্যতায় ঘোরে! দিনগুলি বড় বেশি
প্রকাশ্য, ক্যাটকেটে,ভানিতাহীন,
সোজা সাপটা! বড্ড সোজাসুজি
চোখে চোখ রেখে তোমায় কুঁকড়ে 
দেয়! তুমি দিনের আলোয় প্রাণপণ
তোমার আদিমতা, প্রবৃত্তি,তোমার
নগ্ন চাহিদা গুলি ঢেকে রেখে দাও!
দিনের আলোর কোন চোরা চাহনি
নেই, নেই কটাক্ষ, চোখের তলা
মুড়ে দৃষ্টি নিক্ষেপ! সেই সব একান্ত
রাতের সম্পত্তি! দিনে সেই মগ্নতা
নেই, স্তব্ধতা নেই,নিঃসঙ্গতা নেই!
তুমি দিনের আলোয় চেষ্টা করলেও
বিপন্ন হতে জানো না! দিনের আলো
না ফুরুলে তোমার বিপন্নতা ফুটে
ওঠে না,সন্ধ্যা আকাশের শুক তারার
মত! এই বিপন্নতা একান্ত তোমার
নিজের, হৃদয়ের প্রিয়তম সঞ্চয়!
এমন কার্তিক সন্ধ্যা ছাড়া উঠোনের এক কোনায়
যখন কেউ তুমি অবয়বহীন , তখনই তো তোমার মুক্তো বিন্দু গুলি
নীরব ভাষা পায়! টুপটাপ ঝরে পড়ে হিমের
মতোই! যদি কখনো এমনি সন্ধ্যায় ঘরছাড়া
হয়ে থাকো,তবে বারবার ঘরের নিভৃত ,একেবারে
অনাদৃত কোনটি তোমায় বারবার হাতছানি
দিয়ে ডাকবে! তোমার মনে হতে থাকবে
যেনো অকূল পাথারে তুমি নৌকা ভাসিয়ে দিয়েছো! 
ট্রেনের কামরায় যখন
বাইরে অনেক দূরে গ্রাম বা শহরের দ্রুত
অপসৃয়মান আলোকবিন্দু গুলির দিকে
তাকালেও এমনি হেমন্ত রাতে তোমার
ঠেলে কান্না পাবে! মনে হতে থাকবে
তোমার অনেক হারিয়ে ফেলা সুখের,
আনন্দের অবসরের কথা! 
ট্রেন আরো জোরে ছুটতে
থাকে, শীতের প্রবল ঝাপটা তোমায়
এত বিপন্ন,কোণঠাসা করে দেয়,
সারাদিন কর্মব্যস্ত তুমি ভুলেছিলে 
ক্ষুধার কামড়; এখন শীতার্ত
তোমার সেই সৈনিকের মত
ক্ষুধার্ত লাগে! ক্লান্ত তোমার
ঘ্রানেদ্রিয়ে ঝাপটা মারে
কাল্পনিক গরম ভাতের গন্ধ!
তোমার নিতান্ত অবহেলার,
চিরপরিচিত বাড়িটি তখন
তোমার পরম আকাঙ্খার
বস্তু, ! হেমন্ত রাতেই ঘরের 
জন্য এত ব্যাকুলতা আসে
বাউলের মনে!
 তুমি ক্রমাগত বিষন্ন,একাকী,
ফিরে দেখো হৃত সঞ্চয়ের রাশি!
এমন বিষাদ ক্ষণ হেমন্তের রাত ছাড়া
আর কোনো বেলায় কি আসে?

এমনি একটি রাত কেটেছিল কোদালবাস্তি 
বিটে! সেটি ছিল পূর্ণিমা রাত! আমরাই
কয়েক জন বন্ধু,আর একটি উন্মুক্ত নদী
বক্ষ! প্রান্তর টি ফসল হীন, দূরে জঙ্গলের
সীমানা সুস্পস্ট! কিছু ক্ষণ আগে হোমস্টের
রাঁধুনি দেখেছে একপাল বাই সন সামনে
বয়ে যাওয়া ক্ষীণ তোর্ষা পেরিয়ে বর্ষার
জলে গজিয়ে ওঠা নতুন ঘাস খাচ্ছে! 
এই মুহূর্তে চাঁদের আলোয় কেউ নেই,
কিচ্ছু নেই! বেশ দূরে কোনো গারো পরিবারে
খুশির রোশনাই জ্বলছে, নৃত্য গীত চলছে!
একটু দূরে শুধু নদীর কলকল শব্দ! পাহাড়ি
নদীর জলে বেশ স্রোত! বর্ষার জলের পুষ্টিতে
এখনো শরীর থেকে সমস্ত পেলবতা ঝরে
যায় নি! মাথার উপরে চাঁদ স্ব মহিমায়! এই
অঘ্রাণ রাত্তিরে নক্ষত্র বড় বেশি প্রতীয়মান
হয়! আমরা মন্ত্রমুগ্ধের মত ব্যালকনি
ছেড়ে মাঠে নেমে আসি! ভুলে যাই
হোমস্টে মালিকের সতর্ক বাণী! এখানে
চারদিকে কোর বনানী,যেকোনো দিক
থেকেই বিপদ মুহূর্তে ঘনিয়ে আসতে পারে!
আমরা হাঁটছি,কোন বিপদের আশঙ্কা
আমাদের স্পর্শ করছে ন! গল্পে মশগুল
আমরা যত বার আকাশের দিকে চোখ
রাখছি,মনে হচ্ছে কোন কোন তারা
যেনো পৃথিবীর খুব কাছে চলে আসছে!
এই মেঘহীন ,ঝকঝকে রাতে তারাদের
অজস্র দেখা যায়! আমরা তাকিয়ে
দেখতে থাকি কি দ্রুত কিছু আলোর
রেখা আকাশের এই প্রান্ত থেকে যেনো
নিমেষে অন্য প্রান্তে চলে যায়! 
এমনি রহস্যময়তা কি হেমন্তের
নিজস্বতা! কি জানি? আর কখনও
তো রাত কে এত নিবিড়,এত
কৃষ্ণবর্ণ,এত স্থিরতায় পর্যবেক্ষণ
করি নাই! এমনি করে কখনও
কোন রাত্র আমাদের কাছে
উপভোগ্য হয়ে ওঠে নাই! 
আমরা কথায় কথায় অন্যমনস্কতায়
বনের প্রায় সীমানায় পৌঁছে যাই কখন!
অন্ধকারে চোখ যেতেই প্রায় আঁতকে উঠি!
হঠাৎ কোনো বন্যপ্রাণী বেরিয়ে আসলে
হোম স্টে পর্যন্ত বেশ অনেকটা দুরত্ব আমাদের
পালাতে হবে! একটা আতঙ্কের শিহরণ দিলো
শরীরে! জীবনে যত গুলি আতঙ্কের আবহ
সৃষ্টি হয়েছে সেই রাতের কথা অবিস্মরণীয়!
শুরুটা হয়েছিল সন্ধ্যা থেকেই! 
সেদিন সিসিলাইনের ট্যুরিস্ট দের জন্য ঘোরতর নিষিদ্ধ এলাকায় 
আমাদের এক পরিচিত
অরণ্য আধিকারিকের সৌজন্যে পৌঁছেছিলাম
চন্দ্রলোকিত সন্ধ্যায়! ডিপার্টমেন্টের গাড়িটা
নামিয়ে দেবার পর কোয়ার্টার থেকে সল্ট
পিট অবধি যেতেই আমাদের বুক ছ্যাঁত করে
উঠলো! আমাদের থেকে বেশ খানিকটা দূরে
জ্যোস্না লোকে নির্জনতায় নিঃশব্দে দাঁড়িয়ে
ওরা কারা! একদল মহিষাসুর বাইসনের
চোখ গুলি জ্বলছে অন্ধকারে,আর ঠিক মাঝখানে একটি মা গণ্ডার তাঁর সন্তান কে
পরম মমতায় মুড়ে নিয়ে নিথর দাঁড়িয়ে আছে!
ওরা কি আমাদের দেখতে পাচ্ছে? আমরা
একটুও নিশ্চিন্ত হতে পারছিলাম না! আমাদের দাঁড়াবার জায়গা থেকে দুদিকে সরলরেখা টানলে সোজা বনে গিয়ে ঢোকে,আর যখন তখন সেখান থেকে বন্যজন্তু অনিবার্য ভাবে আক্রমণ করতে পারে!

সেখানে দাঁড়িয়ে কার্তিক শেষের তীক্ষ্ণ শীতে কাঁপতে কাঁপতে আমি দু পাশে গাছগুলির
নড়াচড়া দেখছিলাম! বনবীথি গুলিতে
আলো আর ছায়া আঁকিবুঁকি কেটে যাচ্ছে!
সীমানায় দাঁড়িয়ে থাকা ময়না বা শিমুল
গাছগুলোকে তখন রীতিমত রহস্যের
খাস মহল মনে হচ্ছে! যেনো যে কোনো
মুহূর্তে ওখান থেকে ঝাঁপ দেবে কোনো
হিংস্র,ধূর্ত লেপার্ড! কিংবা ওর গুঁড়ির
পেছন থেকে বেরিয়ে আসবে কোনো
ভল্লুক! এমনি কোন হেমন্ত রাতে!
সেদিন যখন বিট থেকে বাইক 
করে হোম স্টে তে ফিরি,কয়েক চুলের
জন্য একটি বাইসনের সাথে
সংঘর্ষ থেকে রেহাই পাই 
অলৌকিকভাবে! এমনি
কোনো হেমন্ত রাতে!

প্রতিটি হৈমন্তি রাতের মধ্যে
একটি নর্তকী লুকিয়ে থাকে! যে
রাত যত অন্ধকার তাঁর রহস্য তত 
প্রগাঢ়! আর যে রাত পূর্ণ চাঁদের আলো
পান করেছে, তাঁর উন্মত্ত শরীরে
তত নেশা চড়তে থাকে! তেমনি পূর্ণিমা
রাত গুলি বড্ড বেশি জয়ন্তী কিংবা রায়ডাকের 
নদী বক্ষে কাটাতে ইচ্ছে করে! সে রাতে
ভাগ্যে থাকলে হুরি,কিংবা ডামা বানু
কিংবা পরীরা হয়তো বিশ্রস্ত বসনে,
ক্লান্তি অপনোদন করতে এমনি স্রোতে
বয়ে যাওয়া চাঁদের আলো চলকে পড়া
জলে অবগাহনে নামতে পারে!
কে বলতে পারে, নাগরিক জীবন
থেকে , অবিশ্বাসের, অসততা , আবিলতা 
থেকে অত দূরে এই আদিমতায় কোনো
অপ্রাকৃত কিছু নেমে আসে কি না
মর্ত্যলোকে?সকলের সে সব কল্পদৃশ্য
ভাগ্যে জোটে না! জুটলেও তো সামলানো
সহজ কথা নয়! সে আরকের নেশার
মত তোমার চোখে ধাঁধা লাগিয়ে দেবে!
এমন করে তোমায় গ্রাস করবে সে
মায়াবিনী নিশি,যে হয়ত তুমি
বাস্তব আর অলৌকিকের সীমারেখা
ভুলে যাবে! আরো এমন হেমন্ত রাত আসুক,
যখন শস্য দানা মুখে পালিয়ে যায়
কোনো মেঠো ইদুর,সদ্য কর্তিত কোনো
ধানক্ষেত থেকে, যখন পেঁচার মারণ 
ঠোঁটে সাঙ্গ হয়ে যায় মেঠো ইদুরের
বাঁচার লড়াই, যখন চাঁদের আলোয়
উপুড় হয়ে আদুর গায়ে কোনো
মেঘবতী রাজকন্যা রূপকথার গল্প
তৈরি করে,যখন মাঝে মাঝে ময়না গাছের অতিকায় বনস্পতি ছায়া দেখে দুঃস্বপ্ন
ভর করে, তেমনি হেমন্তে রাত গুলি
এমনি বিপন্ন হয়ে থাক,রহস্য আর 
মাদকতায় মোড়া থাক, আঁধারের নেশা চলকে
পড়ুক রসিক কোনো পথিকের অনুভবে! -


 

অনাচারের ঝাঁপি 
পার্থ বন্দ্যোপাধ্যায় 

ছড়ানো ছিটানো অনাচার দৃশ্যপট বদলে চলে অবিরাম 
এক অদ্ভুত মায়াজাল এর কেন্দ্রে শ্বাস নেওয়া, বেঁচে থাকা 
সহস্র মানুষের শোক তাপ জ্বালা গ্রাস করে পৃথিবীটাকে। 

আজও মাটির সাঁকো বেয়ে ঘাম ঝরে পড়ে 
নিরিহ মানুষের কান্না ভিজে ওঠে,  মাটি নরম হয়
অনাচারে দীর্ঘ হয় ঘোর  অন্ধকারময় একটা আস্ত  পৃথিবী।

রাত আসে,  রাত গভীর হয়, নিকষ কালো 
জল আছড়ে পড়ে সবুজ বনানী জুড়ে, 
চারিদিকে কলকল ছলছল ছলাৎছলাৎ। 

মায়াজাল অধরাই রয়ে যায়, 
তাকে  কখনোই স্পর্শ করা যায় না, 
একদম কোল ঘেঁষে পড়ে থাকে 
বৃষ্টিজলে ধুয়ে যাওয়া একটা আস্ত আকাশ।


 

প্রবীণ রাত

অলকানন্দা দে


রাত্রির জানালায় উঁকি দেয় কালো

পৃথিবীর স্তব্ধতা নিভিয়েছে আলো

অদূরে চলার পথ বিশ্রাম নেয় 

শ্রান্তির ক্লান্তির দহন ঝরায়।


আকাশ ঘুমিয়ে পড়ে শিথিল প্রহর

গাঢ় নিদ সাধনায় ডুবেছে শহর

শুকতারা একা জ্বলে পূর্ব নীলে

নিরালা নিশির সুর বয় নিখিলে।


বিশ্রামে মন করে স্বপ্নের খোঁজ

গায়ে-পড়া ঐ শশী আকাশী সরোজ

আলো দেয় রাত্রির ভাবনার গায়

অনুভবী ভালোবাসা যেন চাঁদ পায়।


নদীও ঘুমিয়ে পড়ে নিশার কোলে

বিশ্রাম বিশ্রাম তারও মন বলে

গাছপালা অরণ্য রাতের কবি

সারি সারি কবিতার মহৎ ছবি।


রোদে পোড়া জীবনে রাত্রিটা চাই

জীবিকার ক্লান্তি বলে যায় তাই

সুরে সুরে এসো তুমি কন্ঠ ভরে

তারা জ্বেলে মননের হুতাশ পরে!


 

আলোহীন

চৌধুরী নাজির হোসেন


যত আলোর দিকে যেতে চায় মানুষ
অন্ধকার যে কেন টেনে নেয়! 
তাই কি আলোয় মানুষ ভালোয় মানুষ
দিন দিন কমে যায়? কেন যায়? 

কাক তো কাকের মাংস খায় না
মানুষ যে সর্বভূক
আলো খায়, কালো খায়, খায় খায়
 সভ্যতার শিরায় জাগে অসুখ। 

ডাক্তার বদ্যি নেই  রোগ ধরবার
সরীসৃপ জানে শুধু এ চলন, 
ডালায় সাজানো থাকে ঝিঙে আলু বেগুন পটল
এবং আমাদের ব্যাকবোন। 


 

ধর্ম

শংকর হালদার 


একলা দুপুর ক্লান্ত পথিক 
উদাস পাখির মতো!
নীড়হারা মেঘের ভেলা
পেয়েছি বেদনা যত।

আলোর মাঝে আবছায়া ছবি
মনের ভিতর ব্যাকুলতা,
গুমরে কাঁদে স্বপ্ন যত
শূন্য আসন পাতা।

সেদিন ভোর শিশির মাখা 
ভেসে গেছে আশা,
পুবের আলোয় পেয়েছি খুঁজে 
নতুন এক দিশা।

দু'চোখ জুড়ে ভাটার ছবি
সূয্যি ডোবার পালা,
ঋণ করেছি খুশির লগে 
হিসেব মেলানোর খেলা।

ডুব দিয়েছি সব-ই ভুলে 
অচেনা এক দেশ,
আজ বুঝেছি সব-ই মিছে
ধর্ম আপন বেশ।


 

মধু কোলে

মাথুর দাস


ভোলেভালে মধু কোলে গিয়েছিল লোলেগাঁও,

ঝোলে ঝালে অম্বলে গোলেমালে খেয়ে, তাও

দলে বলে দঙ্গলে

পাহাড় ও জঙ্গলে

কত শত ছবি তোলে, খায় ছোলে-বাটোরাও ॥


 


প্রকৃতির রাগ
প্রশান্ত লোহারা

অসময়ে সব কিছু
পূজা থেকে বৃষ্টি
বদলে যাচ্ছে সব
আদি কালের কৃষ্টি ।
আবহাওয়ার নেই
পূর্বাভাসের মিল
শীত গ্রীষ্ম বর্ষা 
সময়মত অমিল।
জীব জগতের
জীবনে এই যে বদল 
প্রকৃতির কি যে মায়া 
হয়ে যাই অচল ।
পঞ্জিকাও বদলে যাচ্ছে 
পূজাও হয় আগে
আমরা কি এসে গেলাম
ধ্বংসের শেষ ভাগে।
প্রকৃতির এই রাগে
বিপন্ন  আজ সবাই
তবুও আমি  আজও
জীবনের জয় গান গাই  ।


 


মা তোমার প্রতি

চিত্রাক্ষী রায় (পঞ্চম শ্রেণি)


ঢাকের তালে  মনটা দোলে

আলোয় আলোয় আকাশ ভ’রে।

মা আসছে মোদের ঘরে 

আনন্দতে  মনটা  ভ’রে;

মা আসছে বছর ঘুরে।


সঙ্গে আছে ছেলেমেয়ে 

গনেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী

আমরা সবাই ঢাকের তালে মাতি।


ইঁদুরবাবু গনেশ – বাহন

গতি বোঝা দায়

কার্তিক আছে ময়ুর নিয়ে 

আদর করে মায়।

লক্ষ্মী আছে পেঁচার সাথে

সঙ্গে ধনরাশি 

বিদ‍্যা শিক্ষা জ্ঞান বিজ্ঞান 

দেবী সরস্বতী।

 

মজা করি পুজা করি

দিও মাগো আলো,

তুমি এসে মুছে দিও

সবার যত কালো।



 

শিশিরের শব্দ  
মজনু মিয়া 

টুপটাপ টুপটাপ শিশির ঝরার শব্দ 
চারদিক সুনসান নেই কোলাহল স্তব্ধ। 
খোকার যেন বিছনা ছেড়ে উঠা
শীতে গাছের ঝরে পড়া বোটা।
শিশির ফোটা জমে ঘাসের ডগায়
ঝলক লাগে সোনা রোদে তথায়।
পাতার ফাঁকে সূর্য হাসে ওই দূর
খোকা আছে অপেক্ষায় হবে ভোর।
কুয়াশার রং দুধ সাদা হয় দেখে 
খোকার ভীষণ ভালো লাগে মেখে।
দূরে কোথাও ভাসছে দেখে ভালো 
সারাটাদিন ঢাকে সূর্য আলো। 
ভালো লাগে না মন খারাপ হয়ে
শীতের পোশাক পরে রয় সব সয়ে।


 

ভুল

মহঃ সানোয়ার 



এই যে আমি একলা থাকি ভীষণ,
এই যে আমার ঘুম আসেনা রাতে।
এই যে আমার শক্ত কঠিন মন
এই যে তুমি অন্য কারো সাথে।

এই যে আমি স্বপ্নে হারায় রোজ 
এই যে আমি বাস্তবে খাই চোট।
এই যে তোমায় কল্পনাতে আঁকি 
এই যে তোমার কুসুমপারা ঠোঁট।

এই যে আমার দিন কেটে যায় একা 
এই যে আমি বিষন্নতায় ভুগি। 
এই যে তুমি জ্যোৎস্না রাতের তারা 
এই যে আমি আকাশ দেখা রুগী। 

এই যে বুকে জমছে অভিমান 
এই যে আমার নিজের মানুষ নাই। 
এই যে আমি ভীষণ রকম খারাপ 
এই যে আমি হারিয়ে যেতে চাই।

এই যে আমার উঠোন জুড়ে; ছড়িয়ে কত ফুল।
এই যে আমি তোমায় খুঁজি; এটাই আমার ভুল।


 

স্মৃতি 
শাহীন খান

গায়ে মেখে ধুলি
খেলে ডাংগুলি
ঘরে ফিরে আসতাম
তারপর মা
বকতেন যা
 মৃদু মৃদু হাসতাম। 

সন্ধ্যায় পড়া
অংকটা কড়া
হারিকেনের আলো
লাগতো যে ভালো! 

পড়া ফেলে গল্প?
হতো বিকল্প
হো হো হাসি
কখনো বা কাঁশি। 

ভাত খেয়ে ঘুম
সব নিঝঝুম
স্বপ্নেতে উড়ি
আমি লাল ঘুড়ি। 

সেই দিন নাই
কোথা গেলে পাই?

মা আমার কই
কতো জ্বালা সই
বুকজুড়ে তাই 
বেদনার ঘাঁই
 হাহাকার বই!!