Sunday, February 1, 2026


 

প্রবন্ধ/ নিবন্ধ 


কলকাতা আন্তর্জাতিক বইমেলা- কিছু কথা 

গৌতমেন্দু নন্দী


নির্দিষ্ট স্থানিক পরিসর থেকে ভৌগলিক সীমারেখা অতিক্রম করে বিশ্ব বলয় বৃত্তে কলকাতা বইমেলার অবস্থান বা ভূমিকা গত প্রায় পঞ্চাশ বছরে ক্রম বর্ধমান না হ্রাস মান ?----এই নিয়ে পক্ষে বিপক্ষে  তর্ক চলতেই পারে। কিন্তু এরসঙ্গে অবধারিতভাবে এসে যায় প্রকাশিত বইয়ের ভাষাগত দিক। 

 কলকাতার বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এই বইমেলায় প্রত্যেকবছর ফ্রান্স, লন্ডন, আর্জেন্টিনার মতো এক একটি "বিদেশ" বইমেলার  "থিম" হলেও সাধারণ  পাঠক বা বইমেলায় আগত বইপ্রেমীদের কাছে   সেই "বিদেশি প্যাভিলিয়ন" উল্লেখযোগ্যভাবে গুরুত্বহীন থেকে তা শুধুই কিছু আমন্ত্রিত অতিথি, তথাকথিত বুদ্ধিজীবী ( ইদানিং চলচ্চিত্র বা সিরিয়ালের কিছু কলাকুশলী), এবং রাজনৈতিক  শাসকদলের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। সর্বজনীন করার প্রচেষ্টা নেই বললেই চলে। "আন্তর্জাতিক" শব্দটির ব্যাপ্তি শুধুমাত্র শিরোনাম বা "পরিসর"-এর উপর নির্ভর করে না। বিদেশী প্রকাশনার প্রায়  ধারাবাহিক অনুপস্থিতি,  বাংলা বাদে অন্য কোন আন্তর্জাতিক ভাষা সমুহের প্রকাশিত গ্রন্থ বা তার  অনুবাদ ----না, কোথায় চোখে পড়ে?! 
      
তবুও এই বইমেলায় এতোদিন কিছুটা আন্তর্জাতিকতার ছোঁয়া দিয়ে আকর্ষণীয়ভাবেই উপস্থিত থাকত আমাদের পার্শ্ববর্তী, একই মাতৃভাষার দেশ" বাংলাদেশ"।  মৌলবাদ, ধর্মীয় ভাবাবেগ বা  ভারত বিদ্বেষী মনোভাবের কারণে কুটনৈতিক সম্পর্কের পারস্পরিক অধঃপতনে আজ সেই দেশও অনুপস্থিত!  
       
অনুবাদ সাহিত্যে বাংলা ভাষার দুর্দশা মুক্ত না ঘটলে এই "আন্তর্জাতিকতা" " সোনার পাথরের বাটি"রই নামান্তর হয়ে যায়। কলকাতা বইমেলার "হৃৎপিন্ড" লিট্ল ম্যাগ-এর স্টলেও অনুবাদ সাহিত্যের "হাহাকার" চোখে পড়ে। বারো-তেরো দিনের মেলায় প্রত্যেকদিন এই মহানগরীর কিছু আমন্ত্রিত অভিনেতা/অভিনেত্রী বা তথাকথিত সেলেবরা "বুদ্ধিজীবী" হয়ে বিশেষ  অনুষ্ঠানমঞ্চ আলোকিত করে আলোচনা সভায় অংশ নিয়ে থাকেন।  উপেক্ষিত থেকে যান মহানগরের  বাইরে অনেক অনেক মেধাবী আলোচক বা সাহিত্য রসিকগণ। যে মেলা "রাজধানী" বা "মহানগর"-এর  ভৌগলিক সীমারেখা অতিক্রম করতে পারে না বা করতে চায়না, সেই মেলা কীভাবে বিশ্ববলয়ে প্রবেশ করবে? শুধুমাত্র বই এর টানেই কলকাতার বাইরের অগণিত সাহিত্য প্রেমী এখানে ভীড় করেন বলেই কি কলকাতা বইমেলা "আন্তর্জাতিক " তকমা পেয়ে যাবে? 
       
বৃহৎ পরিসরে সুসজ্জিত অসংখ্য স্টল, নামিদামি প্রকাশনার অজস্র ভালো ভালো বই , জেলা বইমেলা
থেকে অনেক অনেক এগিয়ে থাকলেও কলকাতা বইমেলা সত্যি কি আন্তর্জাতিকতার মানে পৌঁছতে পেরেছে? 

No comments:

Post a Comment