Sunday, August 3, 2025




 



পুরস্কার

অভিজিৎ সেন 

                             

একমাত্র মেয়ে প্রতিভা চৌধুরী। অত্যন্ত মেধাবী ও সরল মনের। স্কুল জীবন থেকেই ধৈর্যশীলা, দয়ালু,সেবা পরায়ণতার মনোভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। সহপাঠীর জ্বর, পেটব্যথা, মাথাব্যথা,হাত পা কেটে গেলে,  স্কুলে কারো কোন শারীরিক সমস্যা হলে সে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসে সেবা শুশ্রূষা শুরু করে দিত । হঠাৎ কেউ শ্রেণিকক্ষে বমি করে দিলে সে‌ নির্দ্বিধায় জল এনে পরিষ্কার করে, রুগীর সেবায় লেগে যেত। আবার পরীক্ষাতেও সবসময় প্রথম স্থানই পেয়ে এসেছে। বিদ্যালয়ের সকলেই তাকে পছন্দ করতো। শিক্ষক,শিক্ষিকারা তাকে খুব স্নেহ করতেন । ভালোবেসে তাঁরা 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' বলে ডাকতেন । সে স্থির করে নিয়েছিল ভবিষ্যতে ডাক্তার হবে। একদিন সে ডাক্তার হলো। তবে তার লড়াই সহজ ছিল না। 
                
                   মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রতিভা। বাবা প্রভাত চৌধুরী একটি বহুতল আবাসনে নাইট গার্ডের কাজ করে। মা তনুজা চৌধুরীকে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করতে হয়, তার বাবা ততটা সময় দিতে পারেনা বলেই। বাড়িতে সেলাই মেশিন আছে, পাড়ার মেয়ে বউদের কাপড় সেলাই করে সংসারের কিছুটা অভাব দূর করার চেষ্টা করে। মেয়ের কাছের মানুষ তার মা । মায়ের কাছেই যতো আবদার। তবে সে পরিবারের আর্থিক সামর্থ্য বুঝতো । কখনোই অপ্রয়োজনীয়,অবান্তর আবদার করতো‌ না ।
                 
          প্রতিভা অসম্ভব মেধাবী হওয়ার কারণে শিক্ষাজীবনে দয়ালু শিক্ষকদের থেকে সাহায্য পেয়েছে।
ডাক্তারী পড়ার বিপুল খরচ দয়ালু মানুষের সাহায্য নিয়ে করতে হয়েছে। তার পরেও পরিবার বাড়ি বন্ধক রেখে ঋণ নিতে হয় লেখাপড়ার জন্য।শেষে সে ডাক্তার হলো। লড়াই সফল হলো। সেদিন শুধু তার পরিবার নয় তার শুভানুধ্যায়ীরাও খুব খুশি হয়েছিল।
        ‌‌                 
        ডাক্তার হবার পর থেকে দিনরাত এক করে দিত মানুষের সেবায়। একাজে যেন তার ক্লান্তি নেই । ক্লান্ত শরীরেরও প্রবল উৎসাহ নিয়ে আবার রোগীর সেবায়  নিজেকে সঁপে দিত, কাজটিকে মনে প্রাণে ভালোবাসতো বলেই । পাড়ার মানুষ অসুখ হলেই তার কাছে ছুটে আসতো, সবাই জানতো সে ফিরিয়ে দেব না, যতো রাতই হোক না কেন ! এ মেয়ের সেবা শুশ্রূষা করতে কোনো ক্লান্তি বোধ নেই। বেশিরভাগ সময় বিনা পয়সাতেই চিকিৎসা করতো। চিকিৎসাকে সে পেশা হিসেবে নয় সেবা হিসেবে 
মন থেকে গ্রহণ করেছিল। এই মানসিকতা তার স্কুল জীবন থেকেই লক্ষ্যনীয়। দিন নেই, রাত নেই কেউ এসে তার কাছে চিকিৎসার সাহায্য চাইলে সে ছুটে যেত। তার মনে কোন ভয় ছিল না। সে ভাবতো সে তো চিকিৎসক মানুষের সেবা করে, তার আবার কী ক্ষতি হবে? কেই বা ক্ষতি করবে?সমাজ চিকিৎসকে চিরকাল ভগবানের মতন দেখে। তার মনে হতো তার বিপদে তার পাশে মানুষেরা এসে দাঁড়াবে । তার তো এ সমাজে কোন শত্রু নেই। সব সময় সে হাসিমুখে সকলের সাথে কথা বলে। কেউ কটূ কথা বললেও‌ হাসি মুখে বিবাদ এড়িয়ে যায়। বাড়িতে, পাড়ায়, বাড়ির বাইরে, কলেজে, চিকিৎস‌ক হিসাবে তার কর্মস্থলে কেউ বলতে পারবে না সে কখনো কারো সঙ্গে অসভ্যতা করেছে, ঝগড়া-বিবাদ করেছে। নরম তুলোর মতো, মনের মেয়ে ডাঃ প্রতিভা চৌধুরী। 
               
            ছিপছিপে গড়নের, দীর্ঘাঙ্গী,গৌরবর্ণা প্রতিভা। বয়স চব্বিশের মেয়েটি কোনোদিন নিজের মুখের দিকে, চেহারার দিকে ঠিক করে তাকিয়ে দেখেনি, দেখার ইচ্ছা হলেও জীবনের লক্ষ্য পূরণের দিকেই ছিল তার একমাত্র  ধ্যান ও সাধনা। সৌন্দর্য, বিলাসিতা, রূপচর্চার জন্য তার কাছে বিন্দু মাত্র সময় ছিল না । আজ জীবনের লক্ষ্য পূরণ হয়েছে। নিজেকে নিয়ে ভাববার মতো অবসর সময় আজ তার আছে। নির্জনে একা একা আজকাল যখন সে বসে তখন নিজের সঙ্গে কথা বলে,নিজেকে আয়নায় বারে বারে দেখে । নিজের রূপ দেখে নিজে লজ্জা পেয়ে লাল হয়ে ওঠে। আজকাল সে সেজেগুজে কাজের জায়গায় যেমন যায় বাইরে বের হলেও আয়নার সামনে বেশ কিছুটা সময় কাটাতে শুরু করে দিয়েছে। 
                     
                বাবাকে আর নাইট গার্ডের কাজে যেতে দেয়না,মাকে সেলাইয়ের কাজে বসতে দেয়না। লেখাপড়ার জন্য বাড়ি বন্ধকের টাকা শোধ দিয়েছে।পুরোনো বাড়িটাই সংস্কারের কাজে হাত দিয়েছে। খুব সামান্য ভিজিট নিয়ে সে রোগীর চিকিৎসা করে । যে দিতে পারে না তাকে হাসিমুখে চিকিৎসা করে। ফলে খুব অল্প সময়ের মধ্যে তার পরিচিত দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করলো দূরে দূরে।এমন দয়ালু ডাক্তারের অভাব চিরকালেই ছিল আমাদের সমাজে। তার উপরে সে হলো একজন মহিলা। বিশেষ করে মহিলারা তার কাছে বেশি আসতেন,তাদের বহু সমস্যা তার কাছে সহজেই বলতে পারার জন্য। তাদের বাড়ি থেকে অল্প দূরেই একটি বস্তি আছে। সেখানে সে প্রতি রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভলেন্টারি সার্বিস নিজে থেকেই দিতে শুরু করেছে ডাক্তারি পাশ করার পর থেকে । এই কাজটা করে সে মনে মনে শান্তি পেতো । তার মনে হয় সমাজের প্রতি তার যে দায়িত্ব আছে, মানুষের কাছে যতো ঋণ আছে এভাবে কিছুটা হলেও শোধ হবে । ডাক্তারি পড়া চলাকালে বহু সহৃদয় ব্যক্তিরা তাকে আর্থিকভাবে এবং বইপত্র‌ দিয়েও সাহায্য করেছিল। তাই তার মনে হয় বস্তির অসহায়, দরিদ্র্য, অশিক্ষিত, দুর্বল, খেটে খাওয়া মানুষগুলিকে সাহায্য করলে তার কিছুটা দায়িত্ব পালন করা হবে । বস্তির একটি প্রাইমারি স্কুলের খোলা বারান্দায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে বস্তির লোকেদের চিকিৎসা করতে থাকে। সে যেমন দয়ালু মনের মানুষ,তেমনি সুচিকিৎসক । 
                 
           বাড়ির লোক এবং পাড়ার বয়োজ্যেষ্ঠরা তাকে এবার বিয়ের বিষয়টা নিয়ে ভাবতে বলে। তারা বলে,"তোর বাবা-মায়ের বয়স হচ্ছে, তোর বিয়ে হলে তারাও নিশ্চিন্ত হয়ে যাবে। তোর এবার বিয়ে করা উচিত। তোর জন্য ভালো ছেলের অভাব হবে না । " সে কথা শুনে প্রতিভা শুধু হেসে মনে মনে একটু লজ্জাবোধ করে এবং মাথা নীচু করে কিছু কথা না বলে চলে যায় । বিয়ের কথাটা তার এখন আর খারাপ লাগে না। তারও মনে হয় যদি একজন মনের মতন সাথী হতো । সে তার বাবা-মাকে বলে দিয়েছে তাদের পছন্দেই সে বিয়ে করবে। কিন্তু কোন ডাক্তারকে বিয়ে করবেনা। সে এমন ছেলেকে বিয়ে করতে চায় যে তার অবস্থাটা ভালো করে বুঝতে পারবে। যেহেতু সে তার বাবা-মায়ের একমাত্র মেয়ে তাই বাবা-মাকে একা ছেড়ে অন্য কোথাও যাবেনা। বাবা-মার প্রতি দায়িত্ব সে তার বাড়ি থেকেই পালন করবে অন্য কোথাও গিয়ে নয়। আমাদের সমাজে এটা এখনো স্বাভাবিক নয় তবে অসম্ভব নয়। কেউ ঘরজামাই হয়ে থাকতে চায় না। আবার অনেকেই লোভে পড়ে,কর্মহীন বলে এমন বিবাহে রাজি হয়ে থাকে এমন দৃষ্টান্তও আছে,এসব মানুষ বেশিরভাগ সময় গলার কাঁটা মতন আচরণ করলেই, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সুখের বদলে অ-সুখই ঘিরে ধরে যা দিনে দিনে ছড়িয়ে পড়ে দুরারোগ্য ব্যাধির মত সমস্ত শরীরে ও মনে । তাই প্রতিভা খুব ভেবেচিন্তে জীবনে বিবাহের সিদ্ধান্ত নিতে চায়। 
         
            গত রাতে একটু দেরি হয়ে গেছে ঘুমোতে। বাড়িতে কলেজের জীবনের কিছু বন্ধু-বান্ধবী এসেছিল । সন্ধ্যা থেকে জমিয়ে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায় । ফলে পরের দিন ভোরে ওঠা হলো না। একটু দেরি হয়ে গেল। বাড়িতে দুজন কাজের লোক রেখেছে। একজন রান্নার ও অন্যজন বাড়ির অন্যান্য কাজের জন্য। মা-বাবাকে প্রতিভা শেষ জীবনে সুখী করতে চায়। ওরা আজীবন বহু কষ্ট করেছে । কাজের মানুষ দুজনেরই নিজের বলতে‌ আর কেউ নেই। এবাড়ি এখন ওদেরও বাড়ি। অল্প দিনের মধ্যে পরিবারের লোকেরা এদের যেমন আপন করে নিয়েছে, তেমনি এরাও তাই করেছে।মনেই হবে না এরা কাজের লোক। প্রতিভা যেদিন সময় পায় সেদিন এদের সঙ্গে কাজে লেগে পড়ে । ওরা বাধা দিলেও মানে না। সে বলে,"আমি অতি সাধারণ ঘরের মেয়ে। ছোট বেলায় লেখাপড়ার পাশাপাশি রান্না থেকে শুরু করে সকল কাজেতে মাকে কিছুটা হলেও সাহায্য করেছি । আমার কোথাও তাই অসুবিধা পড়িনি। ডাক্তার হয়েছি বলে সংসারের কাজ করা ছেড়ে দেব? তোমরা চিন্তা করোনা আমার কোন অসুবিধা হবে না।"এই বলে সে নিজেই রান্না করতে শুরু করলো। আজ সে বাবার পছন্দের মাছ রান্না করবে । ইলিশ-ভাপা । বাড়িতে ছয় সাত মাসে হয়তো একদিন হয়েছে আগে । আর্থিক দুরবস্থার জন্য সেটা সম্ভব হতো না। তবে বাড়িতে যেদিন 'ইলিস-ভাপা' হতো সেদিনটি প্রতিভার কাছে হয়ে উঠতো রীতিমতো উৎসবের দিন। আজ অবস্থার পরিবর্তনেও প্রতিভা ও তার পরিবার আগের মতই সহজ সরল জীবনযাপন করার মধ্যেই আনন্দ খোঁজে।                   
           
                 প্রতিভা ঠিক যেমন একজন জীবনসঙ্গী আশা করেছে তার মা-বাবা, শুভাকাঙ্ক্ষীরাও‌ তেমনই অনুসন্ধান করে চলেছে। প্রতিভার এই সিদ্ধান্তে অকাট্য বাস্তব-সত্য আছে বলেই তারা বাবা-মা মেনে নিয়েছে। এমনকি মেয়েকে বলেছে যদি তার কাউকে পছন্দ হয় তাতে তাদের কোন আপত্তি নেই। গরীব হলেও উদার ও সংস্কারমুক্ত মনের মানুষ এরা । জাত-ধর্মের সুচিবায়ুতা এদের কখনই ছিল না। মেয়েকেও তেমন ভাবে গড়ে তুলেছিল। মেয়েকে তারা ছোট থেকেই চেনে। মেয়ে কখনো তাদের অবাধ্য হয়নি। কখনো ভুল সিদ্ধান্ত নেয় নি। মেয়ের লক্ষ্য যে অসহায়,দরিদ্র্য, দুর্বল মানুষের চিকিৎসা করা। এর জন্য স্বার্থত্যাগ করতে হয়। প্রতিভা তার মন ও মানসিকতাকে ছোট থেকেই একটু একটু করে গড়ে তুলেছে।তার জীবন-সঙ্গীর স্বভাব-চরিত্র বিপরীত হলে কোন ভাবেই মঙ্গলের কারণ হবে না। 
               
             পথ,নদী চলতে চলতে বাঁক নেয়। শুরু হয় ভিন্ন যাত্রা । জীবনও বাঁক নেয় যুক্ত হয় নূতন মাত্রা। প্রতিভার জীবনে হঠাৎ একদিন প্রবালের সাথে দেখা হলো। না, না তাকে সে আগে থেকে জানতো না। প্রথম পরিচয়। একবার মেডিক্যাল ক্যাম্প করতে তারা একটি পাহাড়ি এলাকায় এসেছিল। তিন দিনের ক্যাম্প। সেখানেই তাদের থাকতে হয়েছিল । প্রবাল সেনগুপ্তের সাথে এখানেই প্রথম পরিচয় । যে স্বেচ্ছাসেবী সংস্থাটির দ্বারা বিষয়টি পরিচালিত হচ্ছে প্রবাল তাদের প্রতিনিধি হয়ে এখানে এসেছে। প্রথম পরিচয়েপ্রবালকে আলাদা মনে হয়েছে। সে জানতে পারে প্রবাল অনাথালয়ে বড়ো হয়েছে। পথ-দুর্ঘটনায় তার মা-বাবা মারা গেলে তাকে উদ্ধার করে ফায়দা ডিসুজা এখানে নিয়ে আসে, তখন তার বয়স তিন। এখানেই তার জীবন অন্য অনাথ শিশুদের মতো কাটে । ফাদার ডিসুজা টেইলর তাকে এখানে নিয়ে আসে। আদর যত্নে বড়ো করে বাকি শিশুদের মতো। ওকে অন্যের হাতে তুলে দেয় নি।ফাদার শিশুগুলোকে প্রগতিশীল শিক্ষা দিয়েছে কিন্তু কখনোই ধর্মান্তরিত করে নি । তিনি বিশ্বাস করতেন সব মানুষই যেহেতু এক ঈশ্বরের সন্তান তখন জাতের বিভাজন মনের ক্ষুদ্রতা,সংকীর্ণতা ছাড়া কিছুই না। প্রবাল এখান থেকে পড়াশুনা করে। খুব ভালো ছাত্র ছিল। অনায়াসে উচ্চপদস্থ সরকারি চাকরি করতে পারতো, কিন্তু  সে সমাজ সেবাকে,অনাথ শিশুদের, বৃদ্ধাশ্রমের মানুষদের সেবায় নিজেকে আজীবন নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে । জীবন যাপনের জন্য একটি দৈনিক ইংরেজি পত্রিকায় সহ: সম্পাদকের কাজ করে। মূল লক্ষ্য অনাথ শিশুদের, বৃদ্ধাশ্রমের মানুষদের পাশে সব সময় থেকে তাদের সেবা- শুশ্রূষা করা । দুজন যেন একে অপরের যথার্থ পরিপূরক । " খুঁজিয়া পাইলো যেন হাঁড়ির মতো সরা " এ যেন চন্ডীমঙ্গলের কালকেতু ও ফুল্লোরার মিলন । উভয়ের বন্ধুত্ব গভীর হলো। দুজনের জীবনের লক্ষ্য মিলে গেছে। আর কোন বাধা নেই। বাড়ির কোন অমত নেই। এরপর থেকে প্রতিভার দিনে দিনে যেন রূপ সৌন্দর্য আরও‌ আকর্ষনীয় হয়ে উঠতে লাগলো। প্রেমে পড়লে এমনি হয়ে থাকে সাধারণত ।পাড়ার লোকেরাও খুশি, ছেলেটির অমায়িক ব্যবহারে । ছয়‌ মাস পরে বিয়ের একটি ভালো দিন আছে,বিয়ে তখন হবে ঠিক হলো।
         
         বিয়ের তারিখ যতই এগিয়ে আসছিল প্রতিভা ততই যেন আনমনা হতে শুরু করেছিল। নির্জনে সময় কাটাতে বেশ ভালো লাগছিলো তার। তার উপর কাজের চাপও দিনে দিনে বৃদ্ধি পেতে শুরু করেছে । কাজের সময় তার অন্য বিষয়ে খেয়াল থাকে না। চিকিৎসার প্রয়োজনে মাঝে মাঝে দূর গ্ৰামে, বিপদসংকুল ও এমনকি অগম্য স্থানেও যেতে হয় তাকে ।
         
     এই তো তিন দিন আগের ঘটনা শহরের একটি ঘিঞ্জি বস্তি এলাকায় রোগী দেখে ফিরতে রাত হয়ে যায়। সে একাই চলাফেরা করে দিনে ও রাতে। সে মনে করে তার কোন শত্রু হবেই না। সে কাউকেইঘৃণা করে না। সে মানুষের সেবাতেই বিশ্বাস করে । পথের মানুষই তার পরিচয় জানতে পেরে কতোবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তার মনে হয় মানুষকে বিশ্বাস না করার চেয়ে পাপ ও অন্যায় যেন কিছু নেই। রাত নটা হবে। তখনই পথঘাট একেবারে জনমানব শূন্য । পথে রাতের শাসন শুরু করেছে কুকুরের দল। যে বাসস্টপে এসে দাঁড়ালো প্রতিভা, সেখানে কোন লোক নেই। কয়েক মিনিটের মধ্যে কোথা থেকে কতগুলো মদ্যপ লোক এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়ালো। মুখ দিয়ে ছুটছে দুর্গন্ধ। একে অপরে নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে। প্রতিভার পড়নে ডাক্তারি ইউনিফর্ম । এমন ভাবে দুই এক মিনিট পার হওয়ার পর একটি যাত্রীবাহী বাস এসে দাঁড়ালো। সে বাসটাতে কোন যাত্রী নেই ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া। প্রতিভা একবার ভাবলো যাবে কি না ? পরে মনে হলো ভয়ের কী আছে এমন ভাবে কতই না সে যাতায়াত করেছে। মিনিট দশেক পরে সে তার স্টপেজে নেমে যাবে। প্রতিভা গাড়িতে উঠলো পেছনে পেছনে উঠলো মদ্যপের দলটিও । প্রতিভার সরল মন ওদেরকে অবিশ্বাস করলো না । গাড়ি চলার একটু পর থেকেই ওই মদ্যপের দলটি কেমন লোভী লোভী চোখে প্রতিভার দিকে তাকিয়ে আছে । আর নিজেদের মধ্যে কী জানি বলাবলি করছিল । প্রতিভার এর আগে কখনো এমন অস্বস্তি হয়নি। আজকাল তার এসব দেখলে কেমন জানি অস্বস্তি হয়। বিয়ে ঠিক হওয়ার পর থেকে এটা তার কেন যে হচ্ছে বুঝতে পারছে না। মদ্যপ লোকগুলোর মধ্যে একজন তার দিকে এগিয়ে আসছিল। প্রতিভার মনে মনে এবার ভয় হতে শুরু হল। তার প্রবালের কথা মনে হল। মনে হচ্ছে যদি সে তার সাথে থাকতো হয়তো তার ভয় লাগতো না। মদ্যপ ব্যক্তিটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই গাড়িটি একটি স্টপেজে এসে থামলো। সেখান থেকে জনা আটেক সশস্ত্র পুলিশ উঠে এলো গাড়িতে,দেখে মদ্যপের দলটি ভয় পেয়ে গেল। যে এগিয়ে আসছিল সে দ্রুত নিজের দলে যোগ দিলো। পুলিশদের দেখে শান্ত ভদ্র হয়ে বসে থাকলো । পাঁচ মিনিট পরে প্রতিভা তার নির্দিষ্ট স্টপেজে নেমে গেল। সেদিন সত্যিই সে বড্ড ভয় পেয়েছিল । মদ্যপগুলির হিংস্র লোভী চোখগুলো তাকে রাতের বেলাও ঘুমের মধ্যে তাড়া করছিল । প্রিয় মানুষটিকে চিৎকার করে ডাকছিল, কিন্তু সে শুনতে পারছিল না, তার দিকে দ্রুত ছুটে যাচ্ছিল। কিছুতেই প্রিয় মানুষটিকে ধরতে পারছিল না। আর পেছনে দাঁত,নখসহ রক্তচক্ষুর হিংস্র দলটি ছুটে আসছিল তাকে ধরবার‌ জন্য । ভয়ে প্রতিভা কেঁপে উঠছিল, একেবারে ঘেমে যায়। মদ্যপের দলটি প্রায় তাকে ধরে ফেলে, বিছানায় সে চিৎকার করে লাফিয়ে উঠে বসে। তখন রাতের আঁধার মুছে সবেমাত্র ভোরের সূর্যোদয় হয়েছে। প্রতিভা বুঝতে পারলো সে বিভৎস স্বপ্ন দেখেছে ।               

       বিয়ের আর মাত্র ১৫ দিন বাকি ‌‌। প্রায় সকল আয়োজন সুসম্পন্ন হয়েছে। পাড়ার লোকেরই এ ব্যাপারে সবচেয়ে আগ্ৰহ ও উৎসাহ বেশি। বিয়ে বাড়ির হাজার কাজ। তারা আনন্দের সাথে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের। প্রতিভা সেদিন তার মাকে বলল আজ সে ডিউটির পরে কিছু কেনাকাটি করে বাড়ি ফিরবে । তাই একটু দেরি হবে । তার মা বলল, "বিয়ের আগে কটা দিন না হয় তাড়াতাড়ি বাড়ি ফিরলে। আমি কি তোমার সঙ্গে যাবো" । প্রতিভা বলল,"তুমি আবার কষ্ট করে যাবে কত রাতে ডিউটি শেষ হবে কে জানে। যদি তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে যায় তবে আমার কিছু কেনার আছে সেগুলো কিনতেই যাব। তোমাকে কষ্ট করে যেতে হবে না। তুমি চিন্তা করোনা" । সেদিন তার রাত্রি ৮টার মধ্যে ডিউটি শেষ হয়ে গেল। নাইট ডিউটি ছিল কিন্তু তার বদলে আর একজন রাজি হলো। প্রতিভা বিয়ের জন্যে কিছু কেনাকাটি করবে, মেয়েদের অনেক কিছুরই প্রয়োজন থাকে, মেয়েদের সমস্যা মেয়েরাই বোঝে‌, তাই সহকর্মী ডাক্তার মহিলাটি তাকে বাজারে যাওয়ার সুযোগ করে দিলো । 
               

           
          পথে যেতে যেতে একবার মনে হলো প্রবালকে ডেকে নিলে কেমন হয় ? পরে ভাবলো না থাক আর কদিন পরেই তো একসাথেই থাকবো । মনের মধ্যে দোটানা চলছে তখন। এক সময় সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে প্রবালকে ফোন করল । প্রবাল দেখলো প্রতিভার ফোন এসেছে মোবাইলে, ফোনটি রিসিভ করে বলল,"বিশ্বাস কর আমার মনে হচ্ছিল তুমি আমাকে এখনই ফোন করবে। ভাবতে ভাবতেই তোমার ফোন চলে এলো। তুমি তো এখন ডিউটিতে আছো।"প্রতিভা বলল আজ নাইট ডিউটি আমি করব না, অন্য একজন করবে। আমি একটু বাজারে এসেছি কিছু কেনাকাটি করার জন্য।"প্রবাল বলল ভালো করেছো । আমার এখন হাতে কোন কাজ নেই। চুপচাপ অনাথ আশ্রমে আমার ঘরে বসে আছি। তুমি চাইলে আমি তোমাকে সঙ্গ দিতে পারি ।" সামান্য কয়টা জিনিস কিনব । বেশি দেরি হবে না। আমি বাড়ি চলে যাব। তুমি ভেবোনা,একা একা কতই না এভাবে বাজারে এসেছি। কেনাকাটা করেছি। আবার বাড়িও ফিরে গেছি একা একাই । তুমি আবার কত দূর থেকে আসবে,আকাশটাও ভালো না যেকোনো সময় বৃষ্টি হতে পারে। দেখো কী গভীর কালো মেঘ করেছে ? বৃষ্টির সাথে হৃদয় কাঁপানো বজ্রপাত শুরু হয়ে যাবে। না না থাক তোমাকে আসতে হবে না। আমি খুব তাড়াতাড়ি বাজার করে ফিরে যাব, বাড়ি ফিরে তোমাকে ফোন করবো, রাগ করলে না তো?"প্রবাল বললো,"না না। তুমি সাবধানে এসো, এসে আমাকে ফোন করো।"
      
                   প্রতিভা নিউমার্কেটের লেডিস এম্পোরিয়াম থেকে বরাবর জিনিস কেনে। তার পছন্দের জিনিসগুলো নিয়ে খুব দ্রুত বেড়িয়ে পড়ল। আকাশের কালো মেঘ  আরো ভয়াল হয়ে জাঁকিয়ে বসেছে। আর অল্প সময়ের মধ্যেই প্রবল বেগে বৃষ্টি শুরু হবে। একবার বৃষ্টি শুরু হলে টানা সময় ধরে হতে পারে। বলতে না বলতেই বৃষ্টি নেমে গেল। পুরো একটি ঘন্টা দোকানে বসে থাকতে হলো। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল ঝড়ো হাওয়া। সেই হাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বৃষ্টি থেমেছে কিন্তু চতুর্দিকে 
গভীর অন্ধকার নেমে এসেছে শহরের রাস্তায়। পথে কোথাও জল জমে আছে। খুব সামান্য লোকই বাইরে আছে। জন মানব শূন্য পথে চলতে শুরু করল প্রতিভা । তাদের বাড়ি থেকে শহর মিনিট কুড়ির পথ । কিন্তু আজ যেন এই পথ অন্তহীন হয়ে গেছে । গভীর অন্ধকার,তার উপরে লোডশেডিং এবং নির্জন পথ সব মিলিয়ে যেন একটি বিকট চেহারার রূপ নিয়েছে। বাড়ি ফিরবে পথে একটিও টোটো বা অটো নেই। অগত্যা তাকে হাঁটা পথেই বাড়ির দিকে রওনা হতে হলো । শহরের কিছু শর্টকাট গলিপথ আছে। যে দিক দিয়ে গেলে খুব শীঘ্র বাড়ি পৌছানো যায় । সেই গলি পথগুলো খুব সংকীর্ণ। সেসব পথে রাতের বেলা নোংরা লোকের ভয়ে অনেকে যেতে চায় না। তবে প্রতিভা সেসব এলাকাতেও চিকিৎসা করেছে। সে পথ ঘাট গুলো তার কাছে ভয়ের নয়। তাই সে সাহস করে শহরের রাজপথ ছেড়ে নির্জন গলিপথে এগিয়ে চলেছে। সে ভেবেছে এই বৃষ্টির দিনে, বজ্র বাদলের দিনে কেউ আর গলির আনাচে-কানাচে লুকিয়ে থাকবে না। 

                       তবে আজ গলিপথটিতে পা দিয়েই প্রতিভার গা টা কেমন যেন শিউরে উঠলো । এমন তার কখনোই হয়নি। মনে হল গলির প্রতিটি বাঁকে ওঁত পেতে অপেক্ষা করে আছে কিছু হিংস্র জন্তু। তাদের চোখগুলো গাঢ় অন্ধকারে যেন জ্বলজ্বল করছে। তারা দল বেঁধে আছে শিকারের অপেক্ষায় । শিকার নাগালের মধ্যে এলেই ঝাঁপিয়ে পড়বে। প্রতিভা মনে মনে একটু ভয় পেলেও পর মুহূর্তে মনে এসব নেতিবাচক ভাবনাকে স্থান না দিয়ে সাহসে ভর করে এগিয়ে চলে এবং নিজেকে বুঝিয়েছে ভয় পেলে ভয় আরো চেপে বসে। জীবনে কত একা একা এমন গলিপথে,অন্ধকারে তাকে যেতে হয়েছে। কিছু হয়নি। আজও হবে না। এই বিশ্বাস নিয়ে তার জীবন, তার দর্শন। আজও এই বিশ্বাস নিয়েই সদা হাস্যমুখী মানুষের বেদনায় যে কাতর হয়ে ওঠে, যে রোগীর চিকিৎসা কে পেশা নয় জীবনের ধর্ম করে নিয়েছে সেই প্রতিভা জীবনে এমন বাস্তবের মুখোমুখি হবে মুহূর্তের জন্যও কল্পনাও করেনি ।

                   প্রতিভা অন্ধকার গলিটির পথ ধরে এগিয়ে চলেছে। গলিটি যেখানে বাঁক নিয়েছে সেই বাঁকের মুখে এগিয়ে যাওয়ার সময় কিছু মানুষের চাপা গলায় ফিসফিসানির আওয়াজ যেন শুনতে পেলে। গলিটির বাঁকেরমুখ থেকে কিছুটা পথ খুবই নির্জন। পথের ডান পাশে একটি প্রাচীর ঘেরা পরিত্যক্ত ভাঙ্গা বাড়ি আছে ।প্রতিভার ভয় হতে লাগলো সে দ্রুত হাঁটতে শুরু করল । হঠাৎ দমকা হওয়ার মতো একদল মদ্যপ মুহূর্তের মধ্যে চিলের মতো ছো মেরে প্রতিভাকে নির্জন পরিত্যক্ত অন্ধকার বাড়িতে তুলে নিয়ে গেল। তার মুখ শক্ত করে চেপে ধরেছে একজন।সে চিৎকারে করার চেষ্টা করে কিন্তু পারছেনা । এরপর হাত পা শক্ত করে বেঁধে দেয়,শরীরের পূর্ণশক্তি প্রয়োগ করেও কিছু করতে পারলো না। বুঝতে পারলো জানোয়ারগুলোর সঙ্গে জোরে পেরে উঠবে না । ওদের সবাইকে চিনতে পেরেছে।বাস‌স্টপের সেই মদ্যপের দলটি । জংলি ইঁদুরের মতো প্রতিভার হাড়,মাংশ, রক্তবিন্দু পর্যন্ত খাচ্ছিল জানোয়ারগুলো। প্রতিভার রাগে, ঘৃণায়, যন্ত্রণায় দুচোখেরকোণ বেয়ে ঝরে পড়ছিল জলবিন্দু হয়ে তার মা-বাবার মুখ, প্রবালের মুখ, পাড়ার মানুষদের মুখ ‌। ভেসে যাচ্ছিলো তার আদর্শ, ভেসে যাচ্ছিলো সমাজ সেবা ও কৃচ্ছ সাধনা । পরের দিন অর্ধ মৃত থ্যাতলানো প্রতিভার শরীরটি সেখানে পড়ে ছিল । অজস্র ক্ষতের চিহ্ন সারা শরীর জুড়ে ।আঁচরের দাগ,বিন্দু বিন্দু রক্ত জমে কালো হয়ে আছে মেঝের অনেকটা জায়গা জুড়ে । এ মেয়েকে আর চেনা যায় না আগের মতন । প্রতিভা জীবিত আছে কিন্তু সে সম্পূর্ণভাবে নিজেকে হারিয়ে ফেলেছে। শুধু চোখ দুটো মৃত মাছের মতো চেয়ে আছে স্থির হয়ে। অজস্র ‌প্রশ্ন তীক্ষ্ণ জ্বলন্ত শলাকার মতো ঝরে পড়ছিল। অসংখ্য 'কেন' রাতের জোনাকির মতো ঘুরছিল তাকে ঘিরে। শরীরে ও মনে যে আঘাত পেয়েছে এটাই হয়তো ছিল তার সেবা ও শুশ্রূষার উপযুক্ত পুরস্কার, আমাদের বিকৃত মানসিকতার।

                    পরের দিন তার গোঙ্গানীর আওয়াজ শুনে এলাকার মানুষ সেখানে ছুটে গেল। প্রতিভাকে দেখেই তারা চিনতে পারল। ইনি তো ডাঃ প্রতিভা চৌধুরী যিনি আমাদের বিপদে-আপদে পাশে থাকেন। আজ তার এই অবস্থা দেখে সকলে রাগে ফেটে পড়লো,বিদ্রোহী হয়ে উঠলো। পুলিশে খবর দেওয়া হলো। বাড়ির লোকেরা জানতে পেরে কাঁদতে কাঁদতে ছুটে এলো। পাড়ার লোক ভেঙে পড়লো । প্রতিভার কাছ থেকে পুলিশ অপরাধীদের তথ্য নেওয়ার চেষ্টা করলো। প্রতিভা বলার মতো অবস্থায় তখন ছিল না। পরে সব বিবর্ণ দিয়েছে। পুলিশ এলাকার লোকেদের চাপে পড়ে অপরাধীদের খুঁজে বের করতে বাধ্য হয়েছে মাত্র দুই দিনের মধ্যেই ।
               
         যথেষ্ট প্রমাণের অভাবে অপরাধীরা কিছুদিনের জন্য কারাবাস করে আবারও পুরনো জীবনে ফিরে গেলো। এদের কোন পরিবর্তন হলোনা, কোন অনুশোচনাও হলো না মনে। নেশা, এদের জীবন থেকে কেড়ে নিয়েছে আবেগ,বিবেক এবং মনুষ্যত্বকে । তদন্ত করতে গিয়ে অপরাধী এবং তাদের পৃষ্টপোষকদের শেকড় যে কতো গভীর ও দৃঢ় বোঝা গেল। তদন্ত কমিটির রিপোর্ট দিল, সবটাই অলৌকিক ভাবে ধোঁয়াশায় ঢাকা । কিছুদিন হৈচৈ হলো। প্রতিবাদে মিছিল হলো। খবরের কাগজে গরম গরম খবর বের হলো। নিউজ চ্যানেলগুলি বিতর্কের ঝড় তুললো । পক্ষ-বিপক্ষ একে অপরকে দোষারোপ করল। তারপর পরিবেশ আবারও শান্ত হয়ে গেল। আমরা সবাই নিজের নিজের চক্রব্যূহতে অভাব অনটনের সঙ্গে, নিত্য দিনের চাহিদার সঙ্গে, যন্ত্রণার সঙ্গে, বাস্তবের রুক্ষতার সঙ্গে লড়াই করতে করতে এমন নৃশংস, জঘন্য, অপরাধের ঘটনা মনের শক্ত মাটির নীচে চাপা পড়ে গেল । অসহায়ের মতো আমরা ভুলে গেলাম প্রতিভার যন্ত্রণা, প্রতিভার সঙ্গে ঘটে যাওয়া ক্ষমাহীন অপরাধ । প্রতিভাকে দেখে মনে হয় হঠাৎ কোনো গাছের উপর বজ্রাঘাত হলে সেই সবুজ পল্লবীত সতেজ ছায়া দানকারী গাছটি যেমন পুড়ে ছাই হয়ে যায় আজ প্রতিভার তেমনি হয়েছে । অথচ শিকারির দল বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সমাজের বুক দাপিয়ে। এরা বেলাগাম, বেপরোয়া এবং সংরক্ষিত । অপেক্ষা করছে পরবর্তী শিকারের । আরেকটি প্রতিভার।


 




রক্তাক্ত যখন অক্ষর 

গৌতমেন্দু নন্দী 


আত্ম কথন, আত্ম মগন, আত্ম অনুভবে 

রক্তাক্ত যাপন এখন দিশাহীনের ঘোরে।

বিষবৃক্ষের রক্তবীজে চির নীরব রবে

রক্তস্নাত অক্ষর তখন আত্মঘাতে  মরে।



কালিকলম চিহ্ন তবু রাখি মগজ কোষে
           
আলো আঁধার অভিঘাতে মুক্ত আকাশ মাঝে
            
দানবীয় নখ দাঁত দের উত্থান আক্রোশে 
           
রূদ্ধ কলম  রক্ত স্রোতে তবুও শব্দ খোঁজে। 

    
           
জ্বলুক আগুন কলম মুখে হোক না দাবানল
           
জ্বলে পুড়ে খাক হয়ে যাক অকথ্য সব ভাষণ
           
মুছে যাক মিথ্যের যত অক্ষর--শব্দ ছল
           
ধ্বংস হোক হিংসা -ত্রাস অক্ষর আগ্রাসন।


 




এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে

নিবেদিতা দে


আর কান্না নয়, চোখ মুছে উঠে দাঁড়াও, 
এবার তোমার ঘুরে দাঁড়াবার সময় এসেছে।
জোর গলায় না বলতে শেখো!
ওরা মুখের ওপর যদি না বলে দিতে পারে অনায়াসে,
তবে তুমি কেন পারছো না, 
মুখের ওপর না বলে দিতে। 
একবার না বলে দেখো, 
তুমি নিজের মনেই নিজেই খুশি হবে কতো।
 
এতোদিন যা করো নি সকলের কথা ভেবে। 
তোমার নরম মন নিয়ে ছিনিমিনি খেলেছে। 
আজ তাই নিজের জন্য ভাবো,নিজেকে ভালোবেসে। 
চেয়ে দেখো তোমার বুকে নতুন সূর্যোদয় হয়েছে। 
এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। 

ওরা যত খুশি মিথ্যে অপবাদ দিক, 
সে তো জেনে বুঝেই উপহার দিয়েছে। 
শব্দ দিয়ে কখনো বোঝাতে যেওনা কাউকে! 
অবহেলিত হয়েছো? 
প্রাণপণে যে কাজটি করেছো নিজে হাতে, 
সেই কাজ অন্য কেউ করে বাহবা নিয়েছে! 
তবে নিতে দাও তাকে। 
শব্দহীন হও! চুপ হয়ে যাও একেবারে। 

এবার সময় এসেছে মুখের ওপর না বলে দেবার। 
তুমি বুঝিয়ে দাও,,,না মানে না ই হয়। 
ভালোবাসার মিথ্যে অভিনয় করে চলে গেছে। 
আরও করতে দাও তাকে। 
মিথ্যার মায়াজালে নিজেই সে নিজেকে জড়াবে। 
বিবেকের কাছে সে নিশ্চিত পরাজিত হবে। 

এবার তোমার সময় এসেছে না বলবার, 
ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।


 




বিচার কাঁদে অন্তরালে 

      রীনা মজুমদার 

কপালে সিঁদুর, পরনে ঢাকাই শাড়ি 
    স্বপ্ন ছিল মানুষের সেবা.. 
 বিচার চাই, বিচার চাই, বিচার চাই 
 রাজপথে, মাঠে ঘাটে, দেশে বিদেশে!
 চাইলেই হবে? কে দেবে বিচার ?
 তিলোত্তমাদের বিচার হতে দেবে না 
    জানত ক্ষমতার লড়াই 

 তিলোত্তমা তুমি ইতিহাস গড়বে
   অসম-স্রোতের ধারায় 
 পুনর্জন্মে কৈশোরে পড়বে
 এই সময়ের শাসন ব্যবস্থা 
   ইতিহাস বইয়ের পাতায়! 

 দু-একটি তিলোত্তমার জন্য 
  ক্ষমতা ভেঙে পড়তে পারে না,
 চাকরির চেয়ে ভিক্ষা ঢের ভালো
   জানে ক্ষমতা সে কৌশল 

 বিচার চাওয়ার স্বার্থহীন মানুষের 
   সংখ্যা কম তিলোত্তমা 
 তবু এক পা আগাই, দু পা পিছিয়ে যাই
 ভয়, ভয়, রাতে বাড়ি ফেরার ভয়
 সর্বশান্ত হওয়ার ভয়, পরিবারের ভয়!

     বিচার কাঁদে অন্তরালে 
আজও রাজপথ ভেজা আছে রক্তে...


 






ঘুণ ধরছে প্রতিবাদে
                        রাণা চট্টোপাধ্যায় 

       মনে আছে তো ...!
           কি কথা দিয়েছিলাম আমরা !
 এই তো প্রায় প্রতিনিয়ত মহান বিপ্লবীদের 
শ্রদ্ধা জানাতে কিংবা দেশের স্বাধীনতা দিবস,
  প্রজাতন্ত্র দিবসের কুচকওয়াজে গর্বিত বক্ষে 
    দৃঢ়তার সঙ্গে গর্জে উঠে শপথ করে বলি,
যতই বাধার পাহাড় পেরুনোর পরিস্থিতি আসুক
 পিছুপা হব না আমরা ভারত মাতার সন্তান দল।

 একসাথে গর্জে উঠবো অন্যায়ের প্রতিবাদে,
  ঝাঁপিয়ে রক্ষা করবো মা,বোনেদের সম্ভ্রম
   অথচ দেখো প্রতিনিয়ত চারদিকে অসহায়তা!
     প্রকাশ্যে হুমকি ,চোখ রাঙিয়ে লুঠতরাজ!
        গৃহস্থের কচি মেয়েটা হোক,মধ্যবয়সী 
  তোমার,আমার বাড়ির বউ, কচি শিশু কন্যা 
        এমনকি বৃদ্ধা মানুষটিও নিরাপদ নয়!
    ভাবতে অবাক লাগে,চোখের জল কখন যে
        রক্ত হয়ে ওঠে প্রতিবাদে অথচ ভয়ে
       নিজেদের লুকিয়ে রাখি,এই আমরা 
     সাহসিকতার পরিচয় বহন করা নাগরিক!


 অথচ দেখো সমাজকে বিচার পাইয়ে দিতে,
স্বপ্ন দেখা আইনের ছাত্রীটি ও অসুস্থ সমাজকে
 সুস্থ রাখবো মন্ত্রে উজ্জীবিত ডাক্তার কন্যাটি,
  নিজেই কেমন দৃষ্টান্ত রেখে যাওয়া শিকার!
  এখনো আমরা খুঁটে খুঁটে খাচ্ছি বীর গাঁথা,
  মোমবাতি মিছিলে ঝড় তুলে দায় সারছি,
   দেখছি রাষ্ট্র কারিগড়দের ফটো সেশন।
             
 সব অন্যায় দেখেও চোখ আড়াল করে বলছি,
        কই কিছু হয় নি তো,ঘটে নি কিছু,
হেঁকে ডেকে বলছি ওরে তোরা জয়ধ্বনি দে,
উল্লাসে বল "এই বেশ ভালো আছি, খাসা বাঁচছি"!



বিজ্ঞান, গনিত ও চিকিৎসা বিদ্যা চর্চায় ভারতীয় সনাতন সংস্কৃতির প্রাসঙ্গিকতা ও আজকের ভাবনা

সঞ্জয় সাহা 


     
ভারতীয় মাত্রই আপন সনাতন সংস্কৃতি সম্পর্কে গর্বিত। কিন্তু খুব কমজনই আছেন যাঁরা জানেন ভারতীয় সংস্কৃতি বলতে শুধুমাত্র সাহিত্য, সংগীত,নৃত্যকলা বা ভাস্কর্য বোঝায় না। বিজ্ঞান, গনিত ও চিকিৎসা বিদ্যার চর্চাও ভারতীয় সনাতন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাচীন ভারত পাটিগণিত ও জ্যামিতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শূন্যের ধারণা,দশমিক সংখ্যা পদ্ধতি এবং বিভিন্ন গাণিতিক সূত্র ও পদ্ধতির উদ্ভাবন ভারতে হয়েছে। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, দ্বিতীয় ভাস্কর প্রমুখ গণিতবিদরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীকালে শ্রীনিবাস রামানুজন,শকুন্তলা দেবী প্রমুখ গণিতবিদরাও বিশেষ উল্লেখযোগ্য।

নালন্দা বিশ্ববিদ্যালযের ছাত্র প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতিবিজ্ঞানী আর্যভট্টকে ভারতীয় গণিতের জনক বলা হয়। তিনি π (পাই) এর একটি আনুমানিক মান নির্ণয় করেন। যা গণিত ও জ্যামিতিতে বিভিন্ন সমস্যার সমাধানে আজও ব্যবহৃত হয়। তিনিই শূন্যকে একটা সংখ্যা হিসেবে ব্যবহার করেন। এছাড়াও দশমিক সংখ্যা পদ্ধতি, বীজগণিত ও ত্রিকোণমিতিতে তাঁর অবদান গণিতকে আরো সহজ করে তোলে।

প্রাচীন ভারতের যে গণিতজ্ঞ শূন্যের ব্যবহারের নিয়ম তৈরি করেন, তিনি হলেন ব্রহ্মগুপ্ত। এছাড়া তিনি ঋণাত্মক সংখ্যা নিয়ে গাণিতিক গণনা করার নিয়মাবলী ও চক্রাকার চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রভৃতি বিষয়ে অবদান রেখেছেন। তিনি তাঁর "ব্রহ্মস্ফুতসিদ্ধান্ত" গ্রন্থে জ্যোতিবিজ্ঞানের পাশাপাশি পাটিগণিত ও বীজগণিতের উপর বিশেষ অধ্যায় রচনা করেন। এই বই গণিতের অনেক সমস্যা সমাধানের সাহায্য করে।

বিখ্যাত ভারতীয় গণিতবিদ ও জ্যোতিবিজ্ঞানী দ্বিতীয় ভাস্কর ভাস্করাচার্য নামেও পরিচিত। দ্বিতীয় ভাস্কর গণিত শাস্ত্রের বিষয়ে "সিদ্ধান্তশিরোমণি" নামক একটি গ্রন্থ রচনা করেন, যা খুবই মূল্যবান। এই গ্রন্থেরই একটি অধ্যায় তিনি তার মেয়ে লীলাবতীর নামে নামকরণ করেন "লীলাবতী"। তিনি ক্যালকুলাসের প্রাথমিক ধারণা দেন। তাছাড়া π এর মান বের করা ও অন্যান্য গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য।

শ্রীনিবাস রামানুজন বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী ভারতীয় গণিতবিদ ছিলেন। অসামান্য প্রতিভাবান এই গণিতবিদ খুব অল্প সময়ের মধ্যে নিজের অবদান রেখে গেছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও নিজের প্রচেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে সংখ্যাতত্ত্ব,অসীম ধারা, আবৃত্ত ভগ্নাংশ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেগেছেন। পরবর্তীকালে তার রেখে যাওয়া নোটবুক বা ডায়েরি থেকে অনেক নতুন নতুন সমাধান পাওয়া গেছে, যা গণিত চর্চাকে সহজতর করে দেয়। 

বিংশ শতাব্দীর অপর একজন বিখ্যাত ভারতীয় গণিতবিদ ছিলেন শকুন্তলাদেবী। তাঁর অসাধারণ গণনা দক্ষতার জন্য তাকে "মানব কম্পিউটার" বলা হয়। তিনি দুটি ১৩ অঙ্কের সংখ্যাকে গুণ করে মাত্র ২৮ সেকেন্ডে সঠিক উত্তর দেন। যেকোনো তারিখের সপ্তাহের দিন তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারতেন। তাঁর এই দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক গণনা করার দক্ষতা তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছিল। তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়ে ভারতের নাম উজ্জ্বল করেন।


 

আবর্তন

অনিতা নাগ 

আজকাল এই এক রোগ হয়েছে অনুর। দুপুরবেলায় সব কাজ সেরে ঘরে এলেই মনটা পালাই পালাই করে। বর্ষার মেঘের সাথে মন হারানোর খেলাটা জমে ভালো। জানলার পর্দাটা সরালে গাছ গাছালির ফাঁক দিয়ে এক টুকরো আকাশ আজও দেখা যায়। ওই খোলা আকাশটা অনুর বড্ড আপন। ঋতু বদলের সাথে সাথে ওই টুকরো আকাশে কতো যে রঙের খেলা চলে! ওই আকাশের সাথে ভেসে ভেসে চলে মন হারানোর খেলা। আজ কোথায় যাবে ভাবতে ভাবতেই এক দমকা হাওয়া এসে ভাসিয়ে নিয়ে চললো। পড়ে রইলো সংসার, রইলো পড়ে রাজ্যপাট। অনু তখন পৌঁছে গেছে সেই ছোটবেলার দিনগুলোয়। তাদের পৈতৃক বাড়ীতে। যেখানে পুরো বাড়ী জুড়ে অবাধ বিচরণ তার। তাদেরও একটা ঘর ছিলো। সেই ঘরে দুটো জানলা, আর দরজা খুললে একটা বারান্দা। ওই বারান্দায় জীবনের কতো যে গল্প! ওই ঘরেই ছিলো একটা মিটসেফ, যাতে থাকতো রাজ্যের ধনরত্ন। আচার, জেলি, জ্যাম। মা সব ওখানে রাখতেন। দুপুর বেলা মা ঘুমিয়ে পড়লে চুপি চুপি উঠে বারান্দায় চলে যেতো অনু। কতো ফেরীওয়ালা যেতো হাঁক পেড়ে পেড়ে। এক বয়স্ক দাদু আসতো, মুখে বসন্তের দাগ, রোগা, ঢ্যাঙা চেহারা। কাঁচের বাক্সে মণিহারী জিনিষ থাকতো। সাইকেলের সামনে কাঁচের বাক্সটা লাগানো থাকতো। কাঁচের বাক্সে রঙিন চুড়ি। দাদু হাঁকতো বেলোয়ারী চুড়ি, মণিহারী….। সাইকেলের হাতলে একটা লাঠির গায়ে হরেক রঙের ফিতে, লাল, কালো কার, সেফটিপিন, আরো কতো কিছু থাকতো। ইচ্ছে হতো ছুট্টে চলে যায়। কিন্তু দরজা খুলে বাইরে যাওয়ার সাহস ছিলো না। পাড়ার বাকীরা সকলে কিনতো। পাশের বাড়ীতে রূপারা ভাড়া থাকতো। অনুর বন্ধু ছিলো। হিন্দুস্তানী। ওর বাবার খাটাল ছিলো। সারাদিন ওদের বাড়ীতে কতো যে লোকজন আসতো। সব হিন্দুস্তানী। রূপার মা’কে পাড়ার সকলের সাথে অনুও বৌ বলে ডাকতো। বৌ কিনতো কাঁচের চুড়ি। ওরা তো কাঁচের চুড়িই পরে। বৌ ভাঙা ভাঙা বাংলা বলতো। অনুকে বলতো নিবে তুমি কুছু? অনু পালাতো ঘরে। মা জানতে পারলে বকবে যে! মা বলতেন পূজোর সময় জামার সাথে ম্যাচ করে ফিতে কিনে দেবে। ওতেই শান্তি। কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দেখতে বড়ো ভালো লাগতো। ক্রমশঃ সুরটা দূরে মিলিয়ে যেতো। বেলোয়ারী চুড়ি, মণিহারী…।

 মেঘ ছুটে চলে। অনু বলে এই মেঘ, একটু সবুর কর না, আর একটু থাকি। ওই যে রাস্তার এক কোণে টালির টুকরো দিয়ে এক্কা দোক্কার ঘর আঁকা। বিকেলে খেলবে সকলে মিলে। ও বাবা! মাধুরী কতো তেঁতুল নিয়ে এসেছে। ওর বাবার দোকান আছে। আলু, পিয়াজ, আদা, রসুন, সাথে তেঁতুল ও থাকে। মাধুরী নিয়ে আসে অনুদের জন্য। ইজেরের ট্যাঁকে করে লুকিয়ে আনে। কেউ একটু নুন আনে। তারপর বড়দের লুকিয়ে কলাবাগানের একটা কোণে সব বন্ধুরা মিলে তেঁতুল খাওয়া! আহা! কি সুখ! এই বুড়ো বয়সেও অনুর জিভে জল এসে গেলো! আহা! কি স্বাদ! এখন তো একটু টক বেশী খেলেই নানান বিপত্তি। সন্ধ্যেবেলায় পড়তে বসে শুনতে পেতো আরেকটা সুর। ঘুগনি, ভেজিটেবল চপ। ওই চপ-কাকুর সুরটা একবারে অন্যরকম ছিলো। অনেক দূর থেকে ওই সুরটা শোনা যেতো। কোনোদিন বাৰীতে ঘুঘনি কেনা হতো। কি আনন্দ সে'দিন! গরমের সময় ওই কাকুটাই লাল শালু জড়ানো মাটির হাঁড়ি করে কুলফি বিক্রি করতো। আর ছিলো আইসক্রীম। ফুচকার গাড়ীর ঘড়ঘড়ে আওয়াজ ছাপিয়ে যেতো আইসক্রিমের গাড়ীর আওয়াজ। লাল, সবুজ, কমলা, কতো রঙের আইসক্রিম পাওয়া যেতো। আর মাটির ভাঁড়ে ঝুরো বরফ। কোনোদিন পাঁচ পয়সা পেলে ঝুরো বরফ কিনে খেতো। মাটির ভাঁড়ে লাল, সবুজ, হলুদ সিরাপ দেওয়া ঝুরো বরফ। কতো স্মৃতি। মেঘ ছুটে চলে। অনু বলে এই মেঘ, একটু সবুর করো। আর একটু থাকি। মেঘের কি থামলে চলবে! কতো কাজ তার। এ’ দেশ থেকে ও’দেশ ভাসিয়ে নিয়ে চলে। পেছনে পড়ে থাকে পুরোনো দিনের স্মৃতি। মেঘ বলাকার পাখার সাথে ভেসে চলে মন। ছোট থেকে কতো বিবর্তন। ধাপে ধাপে এগিয়ে চলে মেয়ে জীবন। এক জীবনে কতো ভূমিকা। বাড়ীর ছোট মেয়েটি থেকে আজকের পরিণত জীবন। মেয়ে বেলা এগিয়ে চলে। সব সময় ছন্দ মেলে না। তবু মেলাতে হয়। ওই যে মা ঠাকুমা শিখিয়েছেন মানিয়ে নিতে হয়। আসল কথা ওটাই। মানিয়ে নেওয়া। বড্ড কঠিন কাজ। ওই কঠিন কাজটা করতে হয়। সব মেয়েদের করতে হয়। সে যতো আধুনিক আর যতো স্বাধীণই হোক। অনুদের জীবনের সাথে আজকের মেয়েদের জীবনের অনেক তফাৎ। আজ মেয়েরা এগিয়ে চলেছে আপন লক্ষে। তবু কতো বাধা। কতো বিপদ। এই তো সে'দিন রাজ্যের সরকারী হাসপাতালে, সরকারী ডাক্তার মেয়েটি খুন হয়ে গেলো। কেউ কোনোদিন শুনেছে! অন ডিউটি ডাক্তার মেয়েটিকে মেরে ফেললো, শুধু মানিয়ে নেয় নি বলে, মেনে নেয় নি বলে। একবছর হয়ে গেলো। আজো বিচার পেলো না সে মেয়ে। কতো আন্দোলন, কতো মিছিল, কতো রাত দখল। কিচ্ছু হলো না। অনুও তো প্রতিবাদে সামিল হয়েছিলো। স্কুলের বন্ধুরা মিলে গিয়েছিলো ধর্ণা মঞ্চে। সে’ বছর ঠাকুর দেখতে যায় নি। সেই সময়টায় আন্দোলনকারীদের অনশন মঞ্চে ছুটে গিয়েছিলো। যে দেবীর আবাহনে এতো উৎসব, এতো আনন্দ সেই দেবীও তো এক মেয়ে! মা’র কাছে প্রার্থণা করেছে বিচারের। কিচ্ছু হয় নি। একটা বছর কেটে গেলো। ক্ষমতা যার বিচারও তার। তবু আশা করে বিচার আসবে। সেই মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার হবে। হবেই। যুগ পাল্টেছে। ধর্মের কল আর বাতাসে নড়ে না। অসুর বিনাশিনী দেবীকে জাগাতে হবে। আভরণ আর আবরনের মোহজাল কাটিয়ে জাগিয়ে তুলতে হবে নিজের ভিতরের আমিকে। সবার আগে নিজেকে সম্মান করতে হবে। আপোষ করা চলবে না। আনমনা মন চমকে ওঠে মুঠোফোনের ঝনঝনানিতে। আর সেই সুযোগে মেঘগুলো কেমন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ও’ মেঘ, এতো জল তুই কোথায় লুকিয়ে রাখিস! অঝোর ঝরন শ্রাবন জলে কোন বিরহিনীর ব্যথা বয়ে নিয়ে বেড়াস তুই! উদাস হয় মন। বুকের ভিতরটা কেমন টনটনিয় ওঠে। মেঘের সাথে ভাসিয়ে দেয় তার সব ভালোলাগা, সব মনখারাপ, সব কষ্ট। জানে মেঘ বলাকা ঠিক সামলে রাখবে। আবার কোনো দিন মেঘবলাকার সাথে ভেসে যাবে অনু। ও মেঘ, তখন বৃষ্টি হয়ে ঝরিয়ে দিস বুকে বয়ে নিয়ে চলা সব ব্যথা। বিদ্যুতের ঝলকানিতে ঘোর কাটে অনুর। অনেকটা সময় পেরিয়ে গেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যে নামবে। ফিরতে হবে আপন রাজ্যপাটে। মেঘ পিওনের খামের মধ্যে ভরে রাখে তার স্মৃতির পুটুলি। ওই যে’কদিন স্মৃতি আছে! সেই কদিন এই স্মৃতিগুলোকে নিয়ে নাড়াচাড়া করা। তারপর গুগল খুঁজে আগামী প্রজন্ম জানবে কেমন ছিলো সে যুগের কথা। গুগল কি বলতে পারবে তেঁতুল মাখা কেমন খেতে ছিলো! বলতে পারবে ঝুরো বরফের স্বাদ! কে জানে! জেনেই বা কি করবে সে! অনু তার ছোটবেলাকে পরম আদরে আর সোহাগে আগলে রাখে আপন মনের আঙিনায়। এই টুকুই তার বেঁচে থাকার শক্তি। এ’ জীবনের যে’কটা দিন আছে, চারদিকে শুধু আলো জ্বালাতে ইচ্ছে করে। এতো আলো যে সেই আলোয় সব অন্ধকার মুছে যাবে। জীবন দেবতার কাছে একটা প্রদীপও যদি জ্বালতে পারে! অনুর বাবা, মাও ঠিক এমন করেই ভাবতেন। হয়তো এমন ভাবেই জীবন তার আবর্তনে চলতে থাকে। শুধু পাত্র- পাত্রী বদলে যায়। বদলে যায় সমাজের মানদন্ডের মাপকাঠি। অনুর ঘোর কাটে কর্তার ডাকে। সন্ধ্যে হয়ে গেলো যে! ঝটপট অগোছালো মনকে বাক্স বন্দী করে ফেরে জীবনের মঞ্চে। সন্ধ্যাদীপ জ্বেলে দেয়। গরম চায়ের পেয়ালা নিয়ে গা এলিয়ে দেয় সোফায়। মুঠোফোনে রবি কবির গানের সুর ভেসে আসে…….
“যা পেয়েছি প্রথম দিনে সেই যেনো পাই শেষে
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে”।।


 

ধাপ্পা

লীনা রায়


গ্রীন পার্ক সোসাইটি – শহুরে কংক্রীটের জঙ্গলে এক আলাদা পৃথিবী। ঝকঝকে, তকতকে চারদিক। চওড়া পিচ ঢালা রাস্তা। রাস্তার দু' পাশে কৃষ্ণচুড়া, সোনাঝুরি আর অমলতাস। চারদিক শুনশান। শুধু গাছের পাতায় বাতাসের সর সর শব্দ। গাছের পেছনে সার সার বাড়ি। প্রতিটি বাড়িতে সযত্নে লালিত ফুলের বাগান। এখানকার রাস্তায় ভীড় নেই, যান বাহনের অধিক্য নেই। ফেরিওয়ালার হাঁকডাক নেই। রাস্তার মোড়ে চায়ের দোকান নেই। অযথা জটলা নেই। নেই স্লোগান, মিটিং, মিছিল। এখানে যত্রতত্র গজিয়ে ওঠা ফ্ল্যাট বাড়ি নেই।

এটি একটি অভিজাত পাড়া। বাড়ির সামনের নেম-প্লেট দেখেই তাদের সামাজিক অবস্থান বোঝা যায়। বেশির ভাগ বাড়ির কর্তা গিন্নি সুপ্রতিষ্ঠিত। হাতে গোনা যে কয়েকজন গৃহবধূ আছে, তারা প্রত্যেকে সমাজসেবী। এন জি ওর সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে। আর সপ্তাহে তিনদিন কিটি পার্টি করে। আর সব থেকে মজার ব্যাপার হল এদের বয়স মধ্য ত্রিশ থেকে ষাট পার।

এস আর চ্যাটার্জি সোসাইটির নতুন বাসিন্দা। স্ত্রী সুনন্দা, দুই পুত্র আর আধ ডজন পরিচারক নিয়ে তাদের সংসার। সুনন্দা চ্যাটার্জির বয়স ষাট ছুঁই ছুঁই। কিন্তু তার ফিগার, ত্বকের জেল্লা চল্লিশের কোন মহিলাকে টেক্কা দিতে পারে। কথা বলার মুন্সিয়ানায় সহজেই গ্রুপের মধ্যমনি হয়ে উঠল সুনন্দা।

সুনন্দার গল্পে বার বার তার স্বামী, সন্তানদের কথা আসে। তার কথাতেই বোঝা যায় সংসারে তার কদর কতটা। তার সুখ সব্বার চোখে পড়ে। প্রথম প্রথম তার মিশুকে স্বভাব সবার মনে ধরে। কিছুদিন পর ওর সুখ, সৌন্দর্য দেখে অন্যদের আফশোস হতে লাগলো। এরপর পালা করে এলো হিংসে আর রাগ। সবার মনে হল সুনন্দা মিথ্যে বলছে। নয়ত তুক তাক জানে।

রহস্য ভেদ করার জন্য তদন্ত শুরু হল। কাজে লাগানো হল বাড়ির পরিচারকদের। খবর যা পাওয়া গেল তাতে কেউ খুশি হতে পারেনি। জানা গেল সুনন্দার ছেলেরা খুব বাধ্য। মা অন্ত প্রাণ। আর গত তিন মাসে স্বামী স্ত্রীর মধ্যে একবারও মনোমালিন্য হয়নি। সবার মনে হলো এমনটা হওয়া অসম্ভব। কাজেই সুনন্দা খুব চতুর আর অভিনয় করে পুরোটা সামলে নিয়েছে এটা সবাই বুঝে গেল।

এরপর চিন্তা ভাবনা শুরু হলো কিভাবে সুনন্দার মুখোশ খোলা যায় সেটা নিয়ে। গোপন মিটিং হল। ঠিক হলো পরের কিটিতে ট্রুথ এন্ড ডেয়ার খেলা হবে। তখন সুনন্দাকে প্রশ্নের প্যাঁচে ফেলে সত্যিটা বের করা হবে। কিটি পার্টিতে খেলা শুরু হল। সুনন্দা কাছে জানতে চাওয়া হল তার জীবনের আফশোসের কথা।

সুনন্দা কিছুক্ষন চুপ করে থেকে একটু হাসলো। সবার মনে হল সেই হাসিতে বিষাদ মাখা। মনে মনে সবাই খুশি। এবার সুনন্দা বলতে শুরু করল,
–খুব ইচ্ছে ছিল নরওয়েতে হানিমুনে যাবার। মাঝ রাতে সূর্য দেখব ওর পাশে বসে। কিন্তু হয়নি। গিয়েছিলাম সুইজারল্যান্ডে। তবে সেই আফশোস আর নেই। ফার্স্ট এনিভার্সারিতেই আমার ইচ্ছে পূরণ হয়েছিল।

সবাই চুপ। প্ল্যান ভেস্তে যাবার দুঃখ সবার মুখে স্পষ্ট। কোন রকমে ইচ্ছের বিরুদ্ধে হাততালি দিয়ে ব্যাপারটা ম্যানেজ করা হলো। এরপর ঠিক হল পরের কিটিতে সুনন্দাকে সরাসরি জিজ্ঞেস করা হবে।
পরের কিটিতে সুনন্দা এলো না। যদিও জানিয়েছে ওর অসুস্থতার কথা। কিন্তু কেউ বিশ্বাস করেনি। ওদের মনে হয়েছে হয়ত ও কিছু আঁচ করেছে। তাই মিথ্যে অজুহাত দেখিয়ে আসেনি। পরের কিটিতে কিন্তু সুনন্দা এলো। খাওয়া দাওয়া, তাস খেলায় পার্টি জমজমাট। হঠাৎ গল্পের ছলে একজন সুনন্দাকে জিগ্জ্ঞেস করল ওদের স্বামী স্ত্রীর ঝগড়া হয় কিনা। প্রশ্ন শুনে সুনন্দা তো প্রথমে লজ্জা লজ্জা মুখ করে একটু হাসলো। তারপর বলল,
_ওমা, ঝগড়া হয় তো। খুব হয়। তবে ঝগড়া করে একটুও সুখ নেই।
কেউ একজন অবাক হয়ে বলল,
–মানে?
–মি. চ্যাটার্জি একদম ঝগড়ুটে নয় তো।
এতটুকু বলেই হাসিতে ফেটে পড়ল সুনন্দা। হাসি ছড়িয়ে পড়ল তার দাঁতে, চোখের মনিতে। তারপর ধীরে ধীরে সারা শরীরে। আগে এই হাসিটাই সংক্রমিত হতো সবার মধ্যে। কিন্তু আজ হলো না। একজন বিরক্ত হয়ে তাড়া দিলো। সুনন্দা বলতে শুরু করল।
-আমার রাগ হলে একটু চেঁচিয়ে ফেলি। আর চেঁচালেই আমার রাগ কিছুটা কমে আসে। তখন ওর দিকে পেছন ফিরে দাঁড়াই।
-তারপর?
-তারপর দশ স্টেপ হাঁটি।
-তারপর?
-গুনে গুনে কুড়ি সেকেন্ড অপেক্ষা করি। তারপর ঘুরে ওর দিকে ছুটে আসি। তারপর ওকে জড়িয়ে ধরে বলি, ‘ধাপ্পা’……


 

অক্ষর পরিচয়

কবিতা বণিক



- দিদি ! তোমার টিফিন। 
- সীতামণি! ওহ! দে।

এটাই ওর নাম। রোজই তো সবসময়ই ওকে দেখি কিন্তু আজ যেন অন্যরকম লাগছে। আমার মনের ভিতরটাও একটা অতৃপ্তি উঁকি দিচ্ছে। ও তো স্কুলে পড়ে। আমার থেকে বেশ কয়েক বছরের ছোট। রোজ সকালে আসে সারাদিন থাকে সন্ধ্যেবেলায় মায়ের সাথে বাড়ি ফিরে যায়। সেদিন স্কুল থেকে ফিরে সীতার মাকে বলেছিলাম “ চাচী! সীতাকে আমি রোজ পড়াব। তুমি ওকে হিন্দি স্কুলে ভর্তি করে দাও। আমি সেভেন ,এইট হিন্দি পড়েছি। আমি প্রাথমিক পড়ানো পড়িয়ে দেব।” সাথে সাথে সীতা বলে ওঠে “আমি পড়ব না। আমার মুখ দুখায়।” বললাম, ``বেশ! পড়তে হবে না। আমি গল্প বলব, শুনবি। আর ছবি আঁকব দুজনে কেমন?`` একটু গররাজি হয়ে ও চাচী বললেন “সীতা কি মর্জি।” অনেক যত্নে কয়েক মাসে অক্ষর পরিচয় হলেও সব কটা তখনও হয়নি কিন্তু ওরই মধ্যে নিজের নামটা বেশ লিখতে শিখেছে। তার পর আর আসে না। শুনলাম ওর বিয়ে হয়েছে। কিন্তু এখন সে শ্বশুর ঘরে যাবে না। বাড়ির, ক্ষেতের কাজ কর্ম শিখে সতের আঠারো বছর বয়স হলে তারপর ঘটা করে বর এসে নিয়ে যাবে। 
অনেক গুলো বসন্ত পার করলাম। আমিও সংসারী এখন। একদিন দুপুরে ছেলেরা স্কুলে, স্বামী কাজে। বাড়িতে আমি একাই। কলিংবেলের আওয়াজে দরজা খুলে দেখি সেই চাচী! প্রণাম করে বললাম কেমন আছ? এমন সময় চাচীর পিছন থেকে বেরিয়ে এসে বলল - “ দিদি ! আমি সীতামণি! “ আমি তো অবাক! কতদিন পর দেখলাম। ভিতরে ঢুকিয়ে তাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করলাম। সীতা খুব আনন্দের সাথে বলল “ আমরা কোর্ট থেকে আসছি। জান দিদি! আমি নিজে সই করলাম। আমার শ্বশুর মশাইয়ের জমি ভাগ হল তো ! সেদিন তুমি আমাকে শিখিয়েছিলে বলেই আজকে এই জমিনটা পেলাম।“ 

আমি অবাক হয়ে ভাবি।  কিছুই করি নি রে তোর জন্য! তাতেই এত সম্মান? 

“ আমি শুনে হাসি আঁখি জলে ভাসি ।”


 


লটারি 
চিত্রা পাল 

এপ্রিল ফুল করা রতন বাবুর পুরনো অভ্যেস। চেনাশোনা অনেকেই এই দিনটা তাঁকে এড়িয়ে চলে। তাই তাঁর ফোনটাকে পাত্তাই দিলো না সঞ্জয়। কেননা কে যে কখন ওনার টার্গেট হয়ে ফেঁসে যাবে তা আগে থেকে বোঝা যায় না। রতন বাবু বাবার বন্ধু,আমরা মানে আমার বন্ধুরা সকলে রতন কাকুই বলি।রতন কাকুর এই এপ্রিল ফুল করার ব্যাপারটা আজকের নয়,আগে থেকেই আছে। তাতে ছোট বড় কেউই বাদ যায় না। বাবার মুখে শুনেছি, অনেকদিন আগে এখানে সুবল্ রায় বলে একজন চৌধুরিদের বাড়িতে ভাড়া থাকতেন। কিন্তু পাড়ার সকলের সঙ্গে এতো ভাব হয়ে গিয়েছিলো যে ওনারা এখানে ভাড়াটে হয়ে আছেন,তাই সকলে ভুলে গিয়েছিলো। সুবল কাকু আর কাকিমার খুব শখ সিনেমা দেখার। তো রতন কাকু একদিন সুবল কাকুকে বললেন, আজ রূপশ্রী তে বই দেখতে যাবেন? দাদা বৌদিও যাবে তাহলে। সুবল কাকু বললেন, আজ ছুটির দিন গেলেই হয়,কিন্তু টিকিট পাওয়া যাবে কি? শুনেছি হলে খুব ভীড় হচ্ছে। রতন কাকু বললেন,কিচ্ছু চিন্তা করবেন না, আমি আগে গিয়ে চারটে টিকিট করে হলের সামনে দাঁড়িয়ে থাকবো। ছটায় শো শুরু,আপনারা পাঁচটা নাগাদ চারজনে বেরিয়ে পড়বেন, দাদাকেও বলে দিচ্ছি। কাকিমা দুবেলার রান্না সেরে বেশ ফুরফুরে মেজাজে সাজগোজ করছেন,কাকুও তৈরি হচ্ছেন, হলটা একটু দূরে, রিক্সা নিয়ে যেতে হবে। পাঁচটার একটু আগেই বেরোবেন। ঠিক বেরোবার আগেই বাড়ির গেটে একটা শব্দ হলো। একেবারে তৈরি হয়ে সুবল কাকুএকবার বাইরে বেরিয়ে দেখতে এলেন, ক্যানো, শব্দোটা হলো। ওমা, বাইরে বেরিয়ে এসে দ্যাখেন, এত্ত বড় বড় করে লেখা এপ্রিল ফুল। কাকু প্রথমে বুঝতে পারেননি, পরে তারিখটা খেয়াল হতে হো হো করে হেসে উঠলেন। আর কাকিমা একেবারে রেগেমেগে শয্যা নিলেন।

  আজ সকালে সঞ্জয়ের ফোনটা বেজে উঠতে,সঞ্জয় দ্যাখে ওটা রতনবাবুর ফোন। ফোনটা ধরার সময় হঠাত্‌, চোখ চলে যায় সামনের ক্যালেন্ডারে, দেখে সেখানেজ্বলজ্বল করছে১লা এপ্রিল। ওরে বাবা,১লা এপ্রিল, তার সঙ্গে রতনকাকুর ফোন।তাই আর কোন কথা না বলে,ওটাকে পাত্তা না দিয়ে ও নিজের কাজে মন দিলো। আসলে ও আজ ঘর পরিষ্কার করতে শুরু করেছে। যত রাশি রাশি পুরনো কাগজ বাতিল ম্যাগাজিন সব বিদায় করবে আজ। সামনে আসছে ১লা বৈশাখ, তার আগে এবারে ঘরটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে। প্রথমে আলনার নীচের র‍্যাক থেকে সব খবরের কাগজের স্তূপ বাইরে রেখে এলো। এবার ড্রয়ারে হাত লাগালো। ড্রয়ারটায় যে কত্ত বাজে কাগজ রয়েছে তার ঠিক নেই। পুরনো কাগজের কাটিং,নেমন্তন্নর চিঠি,লটারির বাতিল হওয়া টিকিট সব। লটারির টিকিট কাটা ওর শখ। পায়না কখনো,তবু ওই মনে আশা। এখনো সেই আশার মরুভূমিতে হাঁটে মরীচিকার খোঁজে। এবারও বসন্ত উত্‌সব নামে লাষ্ট লটারির টকিট কিনে ফেলে রেখেছে এই ড্রয়ারে অবহেলায়। ঠিক করেছে আর লটারির টিকিট কিনবে না। এবার ড্রয়ার থেকে বার করে সব পুড়িয়ে ফেলবে, তাতে কাগজ গুলো সব এদিক সেদিক উড়ে যাবে না। 

      সবে আগুনটা ধরিয়েছে,এমন সময়ে আবার রতন কাকুর ফোনফোনটা ধরেই সঞ্জয় বলে, কি, এপ্রিল ফুল হবার জন্যে? ওদিক থেকে তড়িঘড়ি রতনকাকু ওকে বলেন, নারে, তুইতো লটারির টিকিট কিনিস,এদিক থেকে সঞ্জয় বলে , হ্যাঁ তা কি হয়েছে? আরে আজ লটারির রেজাল্ট বেরিয়েছে,তুই শিগগির লটারির টিকিট খানা নিয়ে চলে আয়, বাজারের কাউন্টারে। ওদিকে আগুন ধরে গেছে, ওখানটায় জল পড়ে ছিলো বলে ততটা ধরেনি। তাড়াতাড়ি খানিকটা জল ঢেলে আগুন নিভিয়ে দেয়। তারপরে লটারির টিকিটগুলো একধারে করে খুঁজে বের করে টিকিটখানা। ওটার কোনটা পুড়েছে, কিন্তু নম্বরটা আছে। তাড়াতাড়ি তাই নিয়েই ছুটলো, লটারি সেন্টারে। 

   বেশ ঝামেলা ঝঞ্ঝাটের পরে যেদিন লটারির টাকাটা হাতে এলো, সঞ্জয় জড়িয়ে ধরলো রতন কাকুকে। আজ ওনার জন্যেই টাকাটা পেলো, না হলে সবই পুড়ে যেতো। বুঝতে পারলো সঞ্জয়, রতনকাকু এপ্রিল ফুল করে মজা করলেও মনটা খাঁটি সোনা, সেখানে কোন খাদ নেই। লটারির সঙ্গে এটাও ওর বড় প্রাপ্তি।।   


 

রহস্যের অন্তরালে 

শুভেন্দু নন্দী


অর্কর মনে শ্যামল কাকুর ঝড়-জল রাতে আগমনের ব্যাপারটা যেন স্বপ্নের মত মনে হয় এখনও। অথচ তাঁর জীবন-মরন বা অস্তিত্ব এখন  এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার বাড়িতে।  ভাবলেই কেন যেন বেশ আশ্চর্য লাগছে। অর্ক যেটা কল্পনাই করতে পারছেনা। বাড়ির সবার চোখেমুখে দুর্ভাবনা ও দুশ্চিন্তার এক কালো ছায়া ।  

" খোকা তবে কাকে দেখলো?" বাবার এই প্রশ্ন  রীতিমতন আতঙ্কে ফেলে দিয়েছে অর্ককে। জটিল প্রশ্ন সন্দেহ নাই।  দূর্যোগের সেই রাতে নিজের চোখে যাঁকে দেখেছে ও বাড়িতে যিনি এক রাত্রির জন্য halt করেছেন- তাঁকে কেমন করে অস্বীকার করবে অর্ক। আর সেই প্রশ্নে তোলপাড় হয়ে যাচ্ছে অর্কর সারা দেহ- মন-প্রান । ভেবেও কোনও কূলকিনারা পাচ্ছেনা। আসলে "পেপারে" একাউন্টারে কাকুর "শেষ হয়ে" যাবার খবরটা এমনভাবে ছড়িয়ে পড়েছে মিলিটারী ডিপার্টমেন্টের সংবাদের ভিত্তিতে যে সেটাকে উড়িয়েও দেওয়া যাচ্ছেনা।  

যুদ্ধে  সংজ্ঞাহীন ও কোমায় চলে যাওয়া একমাত্র বাঙালী ভদ্রলোক - দীর্ঘ তিন মাস পরে আবার জীবন  ফিরে পেয়েছেন এবং প্রেস মিডিয়াকে তিনি তাঁদের একাধিক জেরায় জানিয়েছেন যে শ্যামল তাঁর সহকর্মী এবং উঁচু পাহাড় থেকে নীচে তাঁর পড়ার সম্ভাবনা প্রবল। সুতরাং তাঁর জীবনাবসানের খবরটা হাইপোথেটিকাল। শত্রুপক্ষের গুলি বিনিময়ের প্রাক মুহুর্তে শরীরের ভারসাম্য বজায় না থাকার কারণে গড়িয়ে পড়ে যান নীচে তিনি। তবে প্রাণ রক্ষা হয়েছিলো কিনা শেষ পর্যন্ত, ঈশ্বরই তা বলতে পারবেন। একশো ভাগ নিশ্চিত হয়েই তাঁর একথা ব্যক্ত করা, সমবেত প্রেস মিডিয়াকে। 

...তবে একটা ব্যাপারে বাবার সাথে তাঁর সহমত পোষণ করে অর্ক। আর তা হোলো নিজের বাড়ি থাকা সত্ত্বেও এ বাড়িতেই আশ্রয় গ্রহন আর পরের দিনই ভোরে চলে যাওয়ার তাঁর যে এই decision মন থেকে একেবারেই মেনে নিতে পারছেনা সে। এক দূর সম্পর্কের পিসির স্নেহ, আদর, যত্নেই তাঁর বড়ো হয়ে ওঠা ছেলেবেলায় মা-বাবাকে হারিয়ে। আর্থিক দৌর্বল্যের কারনে স্কুলের গন্ডী পেরিয়েই তাঁর এ চাকরী গ্রহন। ব্যাপারটা পিসি অন্তর থেকে মেনে নিতে পারেননি। বাবার কাছ থেকেই এসব জেনেছে অর্ক। সবচেয়ে অবাক লাগে তার এত বড়ো একটা বিভ্রান্তিকর ঘটনার বিন্দুমাত্র আঁচ পায়নি সে। 

আসলে বাবা-মা এ ঘটনার কথা জানিয়ে তাকে বিব্রত করতে চাননি। যেটা সে আজ বেশ বুঝতে পারছে। স্নেহ-অন্ত প্রাণ পিসির কাছে আদৌ গিয়েছিলেন কিনা তিনি- সেটা confirmed হবার জন্য তাগিদ অনুভব করলো সে। এ ব্যাপারে জয়ন্তর কাছে suggestion নেওয়া জরুরী বলে মনে করলো। পুরো ঘটনাটা জয়ন্তকে সে অবহিত করেছিলো। জয়ন্ত একজন বিচক্ষন ও বুদ্ধিমান ব্যক্তিও বটে। বেশ অনুসন্ধানী চোখ। রহস্য- তা যে ধরনেরই হোক- তা উদ্ঘাটনের জন্য আগ্রহ তার যথেষ্ট। যুক্তিবাদী মন তার। তাই ঘটে যাওয়া এই ঘটনা সে বিনা বাক্যব্যয়ে বিশ্বাস করেছিলো। যা অর্কর পরিবারকে unnerved করে দিয়েছিলো ঘটনার সত্যাসত্য যাচাই না করেই।  অবশ্য তার জন্য প্রচার বা অপপ্রচার(?) ভীষণভাবে দায়ী। 

"আমি এ রহস্যের সমাধান সূত্র খোলার জন্য চেষ্টার ত্রুটি করবো না। তোকে কথা দিচ্ছি।" জয়ন্ত  আত্মপ্রত্যয়ের সঙ্গে কথাগুলো বললো। ছেলেবেলা থেকেই সে ডানপিটে। সাহসী ও জেদী মনোভাবে গড়া।  বাবা একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারীং বেসরকারী প্রতিষ্ঠানে মেকানিকের  কাজ করে। স্বল্প বেতন। তাই তাঁকে কিছুটা আর্থিক সাপোর্ট দেবার জন্য গৃহশিক্ষকতার কাজ করে সে। কলেজে তার আর পড়া হয়ে ওঠেনি।  ভাইকে মনের মত মানুষ করার দৃঢ় প্রতিজ্ঞ সে। তা হোলে কাকুর বেঁচে থাকার সম্ভাবনার একটা ক্ষীণ আশার আলো দেখতে পেলো অর্ক। -" হে ভগবান! তাই  যেন হয় " মনে মনে সে প্রার্থনা করতে লাগলো ঈশ্বরের কাছে। তা ছাড়া "রাখে হরি মারে কে? 

সব প্রশ্নের সমাধান করতে পারতেন একমাত্র কাকু, অবশ্য তিনি যদি সত্যি সত্যিই ফিরে আসতেন"।একথা বলার অর্থ তার চাক্ষুষ দেখার প্রমান পরিবারের কারোর কাছে গ্রহনযোগ্য নয় এই মুহূর্তে। সশরীরে আবার সবার কাছে ফিরে এলে তবেই হবে বিশ্বাসযোগ্যতার অকাট্য প্রমান। তারই ভরষায় অর্ক ও তার পরিবার দিনাতিপাত করতে লাগলো। ভাবছে সে ও জয়ন্ত দিনদুয়েকের মধ্যে শ্যামলকাকুর বাড়িতে খবর নেবে প্রতিবেশীদের কাছ থেকে ঐ দূর্যোগের রাতে কেউ এসেছিলেন কিনা ? জয়ন্তের ওপর তার দারুন আস্থা। বাবার কাছে শুনেছে এই পাড়ার পুরণো ভাড়া বাড়ি ছেড়ে ঠিক এই পাড়ার সংলগ্ন হালদার পাড়ায় নতুন একতলা বাড়িতে চলে গেছেন তার শ্যামলকাকু পিসিকে নিয়ে। তার জন্য তাঁকে প্রচুর ঋণও করতে হয়েছিলো। একান্ত ব্যক্তিগত আলাপচারিতায় কাকু বাবাকে বলেছিলেন একথা ঘনিষ্ট সম্পর্কের সুত্রে। যাই হোক, জয়ন্তের সহযোগিতায় এ রহস্যের যবনিকাপাত অবশ্যই হবে যথাসময়,তারই আশায় বাড়ির সবাই প্রহর গুনতে লাগলো। 


 

ঘর থেকে আটমাইল
অর্পিতা মুখার্জী চক্রবর্তী

'ভ্রমণ' এই শব্দটি তিন অক্ষরের হলেও এর ব্যপ্তি অপরিসীম। এর পরিকল্পনা থেকে বাস্তবায়নের মাঝের সময়টুকু যে অনাবিল আগ্রহ ও দুরন্ত প্রতীক্ষায় কেটে যায়,তার আনন্দ সীমাহীন। আবার তেমন কোনো পরিকল্পনা ছাড়াই চটজলদি সিদ্ধান্তে কোনো সফর যদি ডানা মেলে, হঠাৎ পাওয়া সে আনন্দও তুলনাহীন। বুক ভরে শ্বাস নেওয়া, চোখ ভরে সুন্দরকে দেখা, মন দিয়ে উপলব্ধি করা ও যা দেখছি সেগুলি সম্পর্কে কিছুটা হলেও জেনে নেওয়া সম্ভব হলে পরিপূর্ণ এক ভ্রমণকে মুঠোয় ভরে নিয়ে ফেরা যায়। 
'তিন-চূড়ো পাহাড়ের দেশে
গোধূলিতে ডুলি ক'রে আমি চলি দূর গাঁয়ে
তিন- চূড়ো পাহাড়ের শেষে..... 
চলে চলে ডুলি চলে ওই পাহাড়ের গাঁয়ে, 
তিন-চূড়ো পাহাড়ের দেশে।।। '
                                                 সুনির্মল বসু





পাহাড়কে কাছ থেকে দেখার অমোঘ টানে আমাদের সফর এবার ডানা মেলেছিল কালিম্পং- এর পথে আটমাইলের দিকে।তবে কবিতার মতো গোধূলি বেলায় নয়, খুব সকাল সকাল আমাদের যাত্রা হলো শুরু।কালিম্পং- এর সৌন্দর্য্য নিয়ে নতুন করে কিছু বলবার নেই। মনোরম এই যাত্রাপথে আবহাওয়া দারুণ ভাবে সাথ দিয়ে চলেছিল আমাদের।পাহাড়ি পথের বাঁকে বাঁকে কানায় কানায় যে মনকাড়া ভালোলাগার খনি তা থেকে মণিমুক্তো কুড়িয়ে নেওয়াতে এতটুকুও যাতে বিঘ্ন না ঘটে তার নিঃশর্ত দায়িত্ব যেন বর্তেছে আবহাওয়ার ওপর।রোদ ঝলমলে নিসর্গের মাঝে দৃশ্যমান পাহাড়ের সঙ্গে শুভদৃষ্টির আনন্দে যেন এতটুকুও ঘাটতি না হয়,প্রকৃতির কড়া প্রহরায় আবহাওয়া সেই দায়িত্বপালন করে চলেছিল নিরলস ভাবে।পাকদন্ডী পথ বেয়ে চলমান পাহাড় তার মোহময়ী রূপ নিয়ে আমাদের সঙ্গ দিয়ে চলেছিল অবিরাম।কোমল,রোদ ঝলমলে একটি সকাল শান্ত এক দুপুরে পৌঁছে গিয়েছিল নির্দিষ্ট গন্তব্যে। গাড়ি থেকে নেমে চারিদিকে চেয়ে আশ্চর্য এক মুগ্ধতায় আবিষ্ট হয়েছিল মন। নাম জানা,না জানা অজস্র ফুল স্বাগত জানিয়েছিল ঢাল বেয়ে নীচে নামা পাহাড়ি চলার পথে। সেও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বটে। মাথার ওপর স্বচ্ছ নীল আকাশের দুধসাদা উড়োমেঘের দল কেবল সাক্ষী ছিল ধাপে ধাপে খাঁজকাটা সেই বন্ধুর পথযাত্রার। বেশ লাগছিল দলেবলে কিছুটা ভয় আর বাকি পুরোটাই আনন্দ নিয়ে এভাবে এগিয়ে যেতে।এদিকে আমাদের সকলের যাবতীয় লাগেজ ব্যাগগুলি পিঠে নিয়ে কী আশ্চর্য তৎপরতায় হোমস্টের দায়িত্ব প্রাপ্ত মানুষটি বহু আগেই পৌঁছে গেছেন জাগয়ামতো।নেমে চলার কোনো এক বাঁকে এক মুহূর্তের জন্য তাঁকে দেখেছিলাম হয়তো বা। 






এরপর থমকে দাঁড়াবার পালা। পাহাড় কাছ থেকে আগে দেখিনি এমন তো নয়। কিন্তু এই অনির্বচনীয় সৌন্দর্য যে আমাদের জন্য অপেক্ষা করে আছে তা ধারণারও বাইরে ছিল। নীল সাদা আকাশের গায়ে স্তরে স্তরে সবুজ ঢেউ এঁকে যে পাহাড় নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল,এমন অপরূপ পাহাড় আগে কখনো দেখিনি। ঝকঝকে রোদ সোনার জলে প্রাণময়তার ছবি এঁকে দিচ্ছিল এর গায়ে। মন বলছিল এই পরম পাওয়ার মুহূর্তগুলোর জন্যই বেঁচে থাকা। 

ফুলে লতায় পাতায় চমৎকার ভাবে সাজানো হোমস্টে টি নেহাত ছোট নয়। ধাপে ধাপে সুদৃশ্য সব কটেজ পাহাড় আর সবুজ গাছপালাকে সঙ্গে করে হাতে আঁকা ছবি হয়ে দাঁড়িয়ে আছে যেন।প্রকৃতির নিজস্ব ধাপ বেয়ে সেগুলিতে ওঠা নামার বন্দোবস্ত। কটেজগুলি নির্মানে পিলার হিসেবে বাঁশের ব্যবহার দৃষ্টি আকর্ষণ করে।এছাড়া পাটি ও ছনের দৃষ্টিনন্দন দেওয়াল ও ছাদ অত্যন্ত মনোগ্রাহী। এদের ঘিরে থাকা রংবেরঙের ফুলেরা সমস্ত জৌলুসটুকু জড়ো করে স্বর্গীয় সুন্দর করে তুলেছে আটমাইলের এই জায়গাটিকে। 

আমাদের জন্য নির্দিষ্ট ঘরটির জানালায় চোখ রাখতেই অপার্থিব এক সৌন্দর্যের সাক্ষী রইলাম। এতটুকুও বাধা নেই এখান থেকে স্বয়ংসম্পূর্ণ পাহাড়কে লুটেপুটে নেওয়ার। শুধু চোখদুটো বিছিয়ে দেওয়ার অপেক্ষা। একটা গোটা পাহাড়ের মালিক তখন অপার দৃষ্টিসুখ।সঙ্গে রয়েছে সবুজ বনানী।একটা ঘোরের মধ্যে কতক্ষণ কেটে গেছিল জানা নেই। 






পায়ে পায়ে পথচলা এরপর দুপুরের খাবারের উদ্দেশ্যে। রান্নার দোতলা বাড়িটি হোমস্টের একপাশে স্বতন্ত্র ভাবে দাঁড়িয়ে ছিল। সেটির পাশ ঘেঁষে সিঁড়ি বেয়ে নেমে উঠে খোলামেলা একটি বারান্দার মতো খাবার ঘর।এর রেলিং ধরে সামনের অপূর্ব পাহাড়ের আর সবুজের গালিচা বিছোনো উপত্যকার দিকে তাকিয়ে সারাটা জীবন দাঁড়িয়ে থাকতে মন চায়।খাবারগুলিও অত্যন্ত সুস্বাদু এবং পরিবেশন, পরিচ্ছন্নতা, আপ্যায়ন সবকিছুর বিচারে সেরার দাবি রাখে। বিশেষ করে শেষপাতের ডেজার্ট হিসেবে যে কাস্টার্ড ছিল,তার স্বাদ এখনও মুখে লেগে রয়েছে। 

একটু বিশ্রাম নিয়েই ফের সবাই একজোট ওই খাবার জায়গায়। গল্প, হাসি, আনন্দ সহযোগে চা ও টায়ের আড্ডা তখন জমজমাট।মুঠোফোনে সেইসব মুহূর্তদের বন্দী করতে করতে কখন যে আলোর জড়োয়ার গয়নায় গা মুড়েছে পাহাড়ের আনাচকানাচ খেয়ালই করিনি। ভালোলাগায় বিবশ হয়ে শুধু চেয়ে থাকতে মন চায় সন্ধেবেলার এই পাহাড়ের দিকে। নেপথ্যে আবহাওয়া সাথ দিয়ে চলেছিল বলে সবটা এত উপভোগ্য হয়েছিল সেদিন।এরপর ঘোলাটে রাতের আকাশের গা ফুঁড়ে পাহাড়কে কবিতা শোনাতেই যেন ঘুম ভেঙে জেগে উঠেছিল আধভাঙা চাঁদ।নয়নাভিরাম প্রকৃতিকে প্রত্যক্ষ করতে করতে মনকাড়া রাতের খাওয়া সারা হলো।এবারও মন জয় করল ডেজার্ট।মায়াবী রাতের আধভাঙা সেই মায়াবী চাঁদের তখনও পাহাড়ের কানে কানে কিছু পংক্তি বলা বাকি। 

রাতের বেশিটাই তন্দ্রার ঘোরে কেটে গিয়েছিল। নির্ঘুম চোখ কতবার যে জানালার কাছে গিয়ে পাহাড়কে দেখে দেখে ফিরে এসেছে তার ঠিক নেই। এ সময়টুকু ছিল একেবারে নিজস্ব।মৌনতার মাঝে প্রকৃতির এই সান্নিধ্য ছিল এক অপার প্রাপ্তি।রাত কেটে একসময় আবছা আলোর ভোর এসে হাজির হয়েছিল চোখের সামনে। 

পাহাড় ছোঁয়া আকাশের গায়ে তখন রং ধরছে একটু একটু করে। পাখিরা দায়িত্ব নিয়ে জাগিয়ে তুলছে চরাচর।ভোর থেকেই তাদের গল্প শুরু। অবিরাম কথার মালায় জড়িয়ে নিচ্ছে দিক দিগন্তকে। চোখ মেলছে পাহাড়িয়া আলো। আধো আলো আধো অন্ধকারের সেই পাহাড়িয়া গল্পের বেশিরভাগ পৃষ্ঠাতেই পাখিদের ছবি আঁকা। 

            ঘুম জড়ানো পাহাড় রাতের আদর করে পরিয়ে দেওয়া আলোর নেকলেস খুলবে কিনা সে নিয়ে গড়িমসি করতে করতে একসময় স্নিগ্ধ এক আলোর আবেশ এসে জড়িয়ে নিল তাকে।বেশ কিছুক্ষণ ধরে কুসুম কোমল এক রোশনাইয়ে পাহাড়কে স্নান করিয়ে সাজিয়ে দিল।এরপর সদ্য জেগে ওঠা সূর্য কোমল হাতে মুঠোভরা আবির ছড়িয়ে দিল পাহাড়ের গায়ে।আকাশের ময়দানেও তখন রঙের খেলা। ভোরবেলার প্রকৃতি রাঙিয়ে উঠছে এভাবেই।নির্জনতার মাঝে ভোরের আলাপ চলছে শুধু পাখিদের। আকাশ, পাহাড়, পাখির দল জেগে উঠলেও ঘুমে জড়িয়ে আছে হোমস্টের কটেজগুলি।শব্দ, বর্ণ, রূপ, রস গন্ধে প্রকৃতি তাই আরো বেশি নিজের মতো করে সুন্দর তখন।




এই আলোর খেলা চলতে চলতে কখন একপাল উড়োমেঘ এসে পাহাড়কে লুঠ করে নিয়ে চলে যায় কোন নিরুদ্দেশের ঠিকানায়।জানালার ছবিতে তখন দুধসাদা আকাশের একচ্ছত্র আধিপত্য। মনেও হয়না সেখানে সামান্য কিছু আগেও শৈলশ্রেণী তার স্তরে স্তরে মনোলোভা সৌন্দর্য নিয়ে বিরাজমান ছিল। খামখেয়ালি মেঘের মর্জিতে আবার ডানা ভর করে একসময়। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা পাহাড়ের গা থেকে নিজেদের সরিয়ে নিয়ে সকালের আলোর সংকেতে দৃশ্যমান করে পাহাড়কে। আংশিক মেঘলা এই সকালে মেঘ পাহাড়ের এই অবিরাম লুকোচুরি খেলার সাক্ষী থাকতে থাকতে অপার বিস্ময়ে ছেয়ে যায় মন।তারপর হঠাৎই মুখভার করা আকাশ বৃষ্টিজলে ধুয়ে দেয় আটমাইলের প্রকৃতিকে। সেও এক আলাদা ভালোলাগা। বৃষ্টিস্নাত কটেজগুলি থেকে শুরু করে রকমারি ফুলের দল, চারিদিকের আরামদায়ক সবুজ সবকিছুই আলাদা এক মাত্রা পেল যেন এই বৃষ্টির ছোঁওয়ায়। বৃষ্টি থামতেই আবার রূপসী পাহাড়ের হাতছানি। 

জলখাবারের পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম আটমাইল থেকে।মনের ক্যানভাসে রয়ে গেল কুড়িয়ে পাওয়া সেই আলোর বৃত্তান্ত। প্রকৃতির অকৃত্রিম এই রমনীয়তার কাছে, সকলে মিলে সুন্দর করে কাটানো মুহূর্তগুলির কাছে কৃতজ্ঞ রইলাম বারংবার।সবুজে সবুজ অরণ্য ঘেরা হোমস্টে, সামনের হাসমুখ পাহাড়,হরেক কিসিমের ফুল ও সহজ সরল অতিথিবৎসল কিছু মানুষ তখন একযোগে আবার ফিরে আসার আমন্ত্রণ জানাচ্ছে আমাদের।সময়ে ডুলি বেয়ে আমরা তখন আবারও পাহাড়কে পাশে রেখে এবং প্রাপ্তির একরাশ ভালোলাগাকে সঙ্গী করে ফিরতি পথের যাত্রী সবাই।


 

গুচ্ছকবিতা

শিশির আজম



স্পুটনিক সুইটহার্ট


আমার স্পুটনিক সুইটহার্ট আমি খুঁইজা পাইতেছি না
অবশ্য
আমার সম্মতি নিয়াই  ও হারায়ে গেছে
আর ওর যে হারায়ে যাওয়া দরকার
এইটা তো আমি জানি
একমাত্র আমিই জানি
মানে ওর নাই হয়ে যাওয়াটা আমার কাছে
না অদ্ভুত না বিস্ময়কর
না কি বহুবীজপত্রী উদ্ভিদের পরিবারে ও খুঁজতেছে আমারে
আমারেই
নভচারীদের দ্রাঘিমাচ্যূত টুথপেষ্টে
কার্পাশবনের আগুনলাগা বিমানে





ঘড়িটা আমায় উপহার দিয়েছিল বন্ধু সালভাদর দালি


ঘড়িটা আমার টেবিলেই ছিল এখন দেখছি তেলাপোকা
দেখছি
চায়ের লিকারের মতো ওটা গলে পড়ছে গলে গলে পড়ছে
আগামীকাল যখন তাকাবো ঐ নিষ্কলঙ্ক সংবেদনশীল ঘড়িটার দিকে
দেখবো টেবিলটায় পড়ে আছে টিকটিকির জ্যান্ত লেজ
টিকটিকিটা নেই
আচ্ছা টেবিলটার কোন দোষ নেই তো কোন দুরভিসন্ধি
বিস্ময়ের ব্যাপার হলো
এতো এতো বিখ্যাত সব ঘড়ি কোম্পানি ক্লাসিকাল আর এ্যালকোহলিক
এদের অফিস কোথায় কেউ তো বলতে পারে না




দুর্ঘটনা বলে কয়ে আসে না


কফিশপ থেকে বেরিয়ে একান্ত একাগ্রতায় লোকটা
বামে মোড় নিলো
তারপর আনুমানিক বিশ পা হাঁটলো
তারপর একবার ডানে একবার বামে তাকালো
তারপর রাস্তা পার হলো
ফলে কোন দুর্ঘটনা ঘটেনি

রাস্তায় গাড়িঘোড়া চলেছে
মানুষের ভীড়
যদিও কোন দুর্ঘটনা ঘটেনি আমরা দেখেছি

আমরা কি নিশ্চিত যে কোন দুর্ঘটনা ঘটেনি
ঐ লোকটার ভেতর
তোমার আমার ভেতর
কোন দুর্ঘটনা কি নেই
অথবা
দুর্ঘটনা কেবল রাস্তায়ই ঘটে
এমন গপ্পগাথা
কেন আমাদের বিশ্বাস করতে হবে
যখন
হেমন্ত যাবো যাবো করছে
আর দু'টো দোয়েল একই ডালে বসে আছে
মুখ দু'দিকে




যে পাখি ওড়ে না


এবার একটা পাখি আঁকবো আমি
যার চোখ না কালো না নীল
'তাহলে ওর চোখজোড়া কী রঙের?'
হ্যা এই প্রশ্ন তোমরা করতে পারো

পাখিটার কোন ডানা আমি আঁকবো না
ধরে নাও
ওর কোন ডানা নেই

'কিন্তু পাখিটা তো ওড়ে'

তুমি কি নিশ্চিত যে পাখিটা ওড়ে
তুমি কি দেখেছ

তোমার চোখ কী রঙের





আমি চাইতেছি আরও বড় বেকুব হয়া উঠবার


আমি যে আস্ত এক বেকুব
এইটা
বারবার বারবার আমারে মনে করায়া দেওয়া হয়

হ আমি তো জানিই যে আমি বেকুব
আর
সেগুলাই আমি করতেছি
বা করবার লাইগা মনপ্রাণ ঢাইলা দিতেছি
যেগুলাতে প্রমাণ হয়
প্রজ্ঞায় ও প্রপাতরেখায়
আমি আরও বড় বেকুব হয়া উঠবার
চাইতেছি

যেমনটা অরা ভাবতিছে
তার চায়া বেশি


 

বিপরীত স্মৃতির কাছে ফিরবে নাকি?
তন্ময় ধর 

আলোর জন‍্য আমার স্মৃতিভ্রম আটকে আছে অনন্ত আকাশে
ধরো, এই নদীটিই কথা বলল না আর
সময়ের সংকেত থেকে তরল চোখ তুলল একটি মাছের কৌতূহল

আর অনভ্যাসের অতিশর্ত থেকে ভেঙে গেল পাখিদের কোলাহল 
বিষাক্ত লালায় ভরে ওঠা মুখে কোন জন্তুর পালিয়ে যাওয়ার শব্দ হল না 
অসংখ্য সাপের শীতল দৃষ্টি ছড়িয়ে পড়ল না বহির্বিশ্বের দেহকোষে 

ধরো, এই নদীটিই ক্রোধকান্না রাখল না আর
বিপরীত বৃশ্চিকনক্ষত্রের আলো রীতিবহির্ভূত হয়ে উঠল তোমার উপশিরায়

জন্মান্ধ ঘুম হয়ে উঠল
ক্ষীণকটির এই দেবত্বসংক্ষেপ 

এখনো বলো,
ডুবন্ত এই দৃষ্টির ক্ষতস্থানে কখনো ফিরে আসবে কিনা...


 


নিঠুর শ্রাবণ
অপর্ণা সাহা 

নিঠুর শ্রাবণ বৃষ্টি হীন উষ্ণতার পারদ মাপে!

দগ্ধ দেহ-মন ক্লান্ত ভীষণ বৃষ্টি ধারা খোঁজে।
তপ্ত শ্রাবণ-দুপুরও গ্রীষ্মের দীর্ঘ পরশে তাপিত! 
ঘর্মাক্ত কৃষক তাপক করালে ভীত-সন্ত্রস্ত।
তাপিত হৃদয়
তাপিত শহর 
তাপিত উত্তর বাংলা---

মেঘহীন নিঃসঙ্গতায় হেঁটে চলা শহর 
ছুঁতে চায় বৃষ্টির হাত---
শত যোজন দূরে আকাশে তখন 

সবুজ হীন উন্নয়নের অজুহাত।