Saturday, April 4, 2026


 

বিশ্বাসে বলি তাই

অলকানন্দা দে


বৈশাখ এক তীর্থের শুভ নাম

সঞ্জীবনী সুধার মতো বেলা

মনের স্বাস্থ্য মনোরমে চলো যাই

প্রিয় মাটিতে বসেছে রবীন্দ্র মেলা।


রাজকীয় সুর বাতাস পাগল করে

অভিমানী ফুল বৈশাখে ফুটে ধন্য 

অবলম্বন তোলপাড়ে শুধু বলে

সব অনুভূতি বৈশাখটার জন‍্য!


দাবদাহের মাঝেই বিরাজ করে

শিশির-সিক্ত মনের উঠোনখানি

কবিকে বলে তোমার মতো সত‍্য

বসুন্ধরায় নেই আর কেউ জানি!


অমোচনীয় কালিতে লেখা নাম

মরমী সাধক শোনান অভয়কথা

বুকের মধ্যে ফুটে ওঠে সাত তারা

শোভা পায় চাঁদ, জ‍্যোৎস্না খরস্রোতা।


ধন্য হতে আর কি লাগে বলো!

পাতায় পাতায় সেই কথা কানাকানি

শালবন তাই গৌরবী হতে মরিয়া

সোনাঝুরি বন শোনায় নিজ কাহিনি।


নিরবধি এত আবেগের স্রোতধারা

আর কারো তরে বয় না তো কলরবে

রবীন্দ্রনাথ! কি যেন জপের নাম 

জপে যেতে হয় সম্ভব অসম্ভবে।

No comments:

Post a Comment