নতুন প্রভাত জাগো
পার্থ বন্দ্যোপাধ্যায়
"না না যেও না, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো।"
পাতা ঝরা বিদায়ের সূচক। কালের নিয়মে পুরনোকে বিদায় দিতেই হবে। একথা কেবলমাত্র প্রকৃতির ক্ষেত্রেই নয়। মানুষের জীবনেও সমানভাবে প্রযোজ্য। বসন্তের শেষে পাতাটি ঝরে পড়বার মধ্যে দিয়ে সারা বছরের সুখ-দুঃখ, চাওয়া - পাওয়া, না পাওয়া কাহিনির চালচিত্র রচিত হয়। শেষ পাতা জানান দেয় যে প্রকৃতি নি:স্ব হতে চলেছে। কিন্তু সে একথাও নিরবে বলে যায়, খুব শীঘ্রই নতুন নতুন আশার বাণী বয়ে নিয়ে আসবে সবুজ কিশলয়। বর্ষশেষকে রবীন্দ্রনাথ বলেছেন এটা আয়ুর পশ্চিম পথ। জীবনকে মহিমান্বিত করবার এবং নতুনকে স্বাগত জানানোর উৎকৃষ্ট সময়। আত্ম- সমীক্ষা এবং সারা বছরের শ্রেষ্ঠ সময়কে উৎযাপন করার মতো এত ভালো ক্ষণ আর হয় না। বর্ষশেষ কখনোই দু:খের নয় বরং সেই মধুর ক্ষণ যা আমাদের স্মৃতিরোমন্থনের সুযোগ এনে দেয়। অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে ধারাবাহিকতা, তা থেকে শিক্ষা নেওয়ার এক অন্তিম লগ্ন।
শাস্ত্রে বলা হয়েছে " শাঙ্ক্য সমান জ্ঞানম নাস্তি, যোগ সমান বলম নাস্তি "। বর্ষশেষ ভুল শুধরে নেওয়ার সেই অবসর যা নিজের ভিতরের জ্ঞানকে উপলব্ধি করে, যোগ বা অভ্যাস দিয়ে নিজেকে গড়ে নেওয়ার এক উৎকৃষ্ট সময়।
সারাবছর ধরে প্রকৃতি পত্র- পুস্প- পল্লবে সেজে ওঠে। একটা গোটা মোমবাতি সারারাত ধরে জ্বলে জ্বলে নি:শেষ হওয়ার আগে দপ করে আবারও জ্বলে উঠে নিভে যায়। আনন্দ, হাসি, কান্নার মধ্যে দিয়ে বেজে ওঠে গাজনের ঢাক, সেজে ওঠে নতুন। নতুন সূর্যের আলোয় দিগন্ত উন্মোচিত হয়। নতুন আশা আকাঙ্খার পসরা নিয়ে সেজে ওঠে পয়লা বৈশাখের মহা মিলন মেলা।
No comments:
Post a Comment