Saturday, April 4, 2026


 

বর্ষ শেষ? নাকি শুরু নতুন দিন?

গল্প   


ছবিগুলো 

মৌসুমী চৌধুরী

 সেই ছবিটা আজও ঋভুর কাছে বার বার ফিরে ফিরে আসে। জল আয়নায় স্থির চোখে চেয়ে আছে তারা। তাদের পরনে সবুজ শার্ট আর গোলাপী ওড়না। দামাল হাওয়ায় গোলাপী ওড়নাটি পতপত করে উড়ছে। সবুজাভ স্বচ্ছতোয়া জলে কাঁপছে তাদের ঘনিষ্ঠ অবয়ব। ঝুল বারান্দা থেকে ঝুঁকে দেখতে পাচ্ছে ঋভু। তাদের উচ্ছ্বল হাসি গুঁড়ো গুঁড়ো আনন্দ টনিক হয়ে ছড়িয়ে পড়ছে বসন্ত বাতাসে। ঋভুর ভিতরটা আনন্দে টইটম্বুর হয়ে উঠছে। 

জল আয়নায় চোখাচোখি হচ্ছে ফুলবতী এক রুদ্রপলাশ আর ঝাকড়া শিরীষের। বড়ই আহ্লাদে মাথা নাড়ছে তারা বন্ধু বাতাসে। ঋভুর ভিতরটা বড় আনন্দে উদ্বেল হয়ে উঠছে। শিরীষ গাছের পাতার আড়াল থেকে একটা কোকিল গলা ফাটিয়ে নাছোড় ডেকে চলেছে। বড় আবেশে চোখ বুজে আসছে ঋভুর। ছবিগুলো বড় টাটকা।

     সেদিন ওদের বিজয়োল্লাস থেকে ছুটে আসা বোমায় তার চোখের আলো চিরতরে মুছে যাবার আগে ঋভু দেখেছিল ছেলেটির প্রেমিক ঠোঁট খুব ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েটির নরম গোলাপী ঠোঁটের দিকে... 

 সেই ছবিগুলো আজও বড় টাটকা!

No comments:

Post a Comment