Saturday, April 4, 2026


 

বাতাসের শরীর

শিশির আজম



১|
কোথায় ডানাবিহীন শক্ত সেতুগুলি? মেয়েটি বাতাসে
ঝুলিয়ে দেয় তার চুল, আর অতিথি চাঁদের দিকে
উড়তে শুরু করে।


২|
বাতাসের শরীর তাদের। তারা রাস্তায়,
আমাদেরই মতো, অধঃপতনের ব্রহ্মজাগতিক চিৎকার...


৩|
বিশ্বাস-অবিশ্বাস-ইতিহাসবিবর্ণতা -- কী এসে যায়?
বস্তুর প্রকৃতি
বাতাসের প্রকৃতি।


৪|
এই বাতাসের ডানায় জড়িয়ে রয়েছে
নেপালের জঙ্গলের কোলাহল।


৫|
সুন্দরবনের আয়তন নেহাত কম না। আমরা দেখি
রয়েল বেঙ্গল টাইগার
অন্যান্য প্রাণিদের ভিতর কিছুটা আলাদা।
মনে রাখতে হবে
মানবজাতি ভেসে রয়েছে বাতাসের ভিতর।


৬|
এতকাল তিনি নিজেকে নিয়ে ছিলেন, দ্বীপপুঞ্জের ম্যনগ্রোভ মৃত্তিকায়,
নিজের ভিতরে ছিলেন।
পাতায় পাতায় বাতাস কত কি লিখে দিয়ে গেছে!


৭|
বাতাসের সুতোয় জড়িয়ে রয়েছে দক্ষিণ উপকূলের অসম্পূর্ণ ক্রিয়াপদগুলি।
তোমার দরকার শাই শাই বুনো রাজহাঁসের নিষ্পলক কম্পাস
আর দরকার কুয়াশা।


৮|
আমাকে বলা হয়েছে ভেতরে থাকো, জানালা না খুলে।
কেউ কি জানে, দূরের বাতাস, কত দূরের এ-বাতাস
কী চোখে দেখবে আমাদের? কুকুর ডাকছে
মাটির নিচ থেকে, ডেকে চলেছে,
আর রাষ্ট্রপতির টেবিলের পুষ্পস্তবক হোলি খেলছে বাগানে
আপন রক্তের সঙ্গে।


৯|
শীতের পা, বাতাস, কীর্তিনাশা -- সবুজ বাতাসে মলিন যত মুখ।
জোসনায় মলিন সেইসব মুখে নারকেলনাড়ু, হিজলের নরম ঢেউ --
স্মৃতি আর বিশ্বস্ততায় দেখা দেয় উষ্ণতা।


১০|
মহাশূন্যের ভিতর এই পৃথিবী তোমার এক শ্বাসের মতো।
এক ফুট উঁচু ঘাসের বাতাস
প্রতিধ্বনি করে আমার নতুন শৈশবের;
শালিখের ঠোঁটে ঐতিহ্যবাহী শস্যসমাজ উন্মুখ,
উদ্বেগ ও প্রত্যাশায়, কুয়াশার সূর্য।


১১|
ভুলে যাও

ওপরের দাঁত
তোমার নিচের দাঁতকে কীভাবে চেপে ধরেছিল
টের পাওনি

সবুজ শীতের বাতাস
ঘুমিয়ে পড়বে
তোমার সাদা খাতায়


১২|
কোথাও গুম হয়ে ছিল
এখন বাতাস বয়ে চলেছে সন্ধ্যার কানায় কানায়
শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছে
মেরে ফেরা হোক তাকে শত বার হাজার বার কোটি কোটি বার


১৩|
স্বচ্ছলতার কথা বলে ওরা তোমাকে ফেলে দিয়েছে পাঁচিলের এপাশে
ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব
ওরা তোমার ভালবাসাকে কলুষিত করেছে
তাহলে এই রাস্তা বুঝি কোথাও যাবে না
ভাগ্যিস আমাদেরও রয়েছে এক চাঁদ
আর বাতাসের কানে কানে ফিসফিসানি


১৪|
ধবধবে চাঁদের নিচে এই কোমল রাস্তায়
বায়ু আর আমি


১৫|
মহান দেবদূতেরা, প্রিয় পুতুলেরা, শোন,
আমি এক টুকরো শ্বাস, দক্ষিণ বায়ুপর্বতের।


১৬|
বড় হয়ে আমি শহরে এলাম
আমার সঙ্গে গ্রাম
গ্রামের সঙ্গে বাতাস
যা শহরটাকে গ্রামের মতো সহজ করে তোলে


১৭|
তাদের অসুখ আছে। স্মৃতি আর মৃত পাথরগুলোর সঙ্গে মিশে
এমন কি ঘুমের ভিতর
তারা আঁচড়ায় ম্লান গ্রহটিকে।


১৮|
ঘরে চলো।
বুনো হাওয়া
মুকুল।


১৯|
প্রকৃতির নিজস্ব যে প্রকৃতি, অন্বেষার স্ফূর্তি,
আমরা বিপ্লব বলি তাকে।
কবুতর আর ঘাস আর স্মৃতির আকাশ
সবার একই ভাষা।

No comments:

Post a Comment