Tuesday, August 4, 2026



ঝিলিক সোরেনের বয়ানে 

আকাশলীনা ঢোল 


শালবনী গাঁয়ের ঝিলিক সোরেন আমি,
কলকাতায় এসেছি 'বিশ্ব আদিবাসী দিবস'-এর সভায় বক্তব্য রাখব বলে।
এখন আমি শিক্ষিতা, আই.সি.এস; পরনে আমার 
মখমলের শাড়ি, কানে জরোয়ার ঝুমকো,
দামি আতরের গন্ধ পুড়িয়ে দিচ্ছে নিজেরই নাসারন্ধ্র।
কিন্তু, ছিলাম তোমাদেরই মতো অজপাড়াগাঁর মেয়ে,
একবেলা একমুঠো ভাত চাইতে 
জুটেছিল বেতের বাড়ি -
পথ চলতে বলিষ্ঠ মরদের হাত ছিন্নভিন্ন 
করেছিল আমার শতছিন্ন শাড়ি -
বার্নিশ-সম কালো রঙের জন্য জোটেনি বিয়ের পিঁড়ি,
জুটেছে লাঞ্ছনামাখা জলপানির টাকা।
তারপর, কবে যেন হলাম সরকারি চাকুরে,
বড় বড় শহরে গিয়ে দেখলাম, কেবল আদিবাসী মেয়েরাই নয়, 
মেয়ে মাত্রই আদিকালের বাসিন্দা,
মানুষ হিসেবে নয়, মাংসপিণ্ড হিসেবে।
শালবনী গাঁয়ের ঝিলিক সোরেন আমি,
আজকের সভায় সব মেয়েদের শেখাতে এসেছি,
দুচোখে কীভাবে বিষাক্ত হুলের দৃষ্টি হানতে হয়।








No comments:

Post a Comment