Tuesday, August 4, 2026


 

স্বাধীনতা? নেই...
স্বর্ণালী সরদার দাস 


এখনও কি পেয়েছে প্রাণ ভূমিষ্ট হবার স্বাধীনতা?
তবে কেন আজও কন্যাভ্রূণেরা গোপনে ঝরে যায়
শৈশব কি পেয়েছে খাদ্য-বস্ত্র-শিক্ষার অধিকার,
এসবের থেকে রাষ্ট্র নীরবে ঝেড়ে ফেলে সব দায়!

নারী কেন আজও রয়েছে পিছনে সমানাধিকার কই 
স্বাধীনতা নিয়ে কেবল চলেছে উদ্দাম হইচই 
যে ঘর সাজায় নিজে হাতে ওরা ব্রাত্য কেন সে ঘরে
স্বজনের কাছে লাঞ্ছিত ওরা কেন অপমানে মরে!

ধনের সমবন্টন নিয়ে কেন এখনও ওঠেনা প্রশ্ন 
গরীব আরও গরীব হয়েছে ধন শুধুই  কুক্ষিগত 
দেশের যত সম্পদ বেঁচে দেয় ঐ নেতা-দালালেরা
তবুও আমরা করজোড়ে ওদের ভজনায় থাকি রত।

শিক্ষা চেয়ে মিলেছে কেবল মৌলবাদের ভাষা
ক্ষুধার অন্নে মিটেছে দেখি বহুজাতিকের আশা
কুটিরশিল্প ধুঁকে মরে যায় নামী ব্র্যান্ডের চাপে
স্বাধীনতা খাটো হয় প্রতিদিন,আঁটেনা দেশের মাপে

এই কি তাঁদের লক্ষ্য ছিল,যাঁরা প্রাণ দিল নিঃশর্তে 
আটাত্তরের বৃদ্ধ এ দেশ জবাব কি দিতে পারো?
নতুন করে বাঁচার সাধ কি জাগেনা তোমার বুকে
বলিষ্ঠ কাঁধ না পেলে বোঝা এ স্বাধীনতার ভার ও।

No comments:

Post a Comment