Tuesday, August 4, 2026


 

ফুলডোর
অর্পিতা মুখার্জী চক্রবর্তী

বন্ধু বৃক্ষ, গুল্ম, চারাগাছ 
ফুলের আদর, পাখির কোমল ডাক, 
নদীর কথারা, আকাশ জোড়া আলো
শুভেচ্ছা আজ রাখির ডোরে থাক। 

শব্দ জাদুর অবাক গ্রন্থশালা
অযুত মলাট, হরেক প্রিয় নাম, 
মন ভোলানো ছায়াছবির রেশ
অশেষ টানে রেশমি রাখির খাম। 

যাপনের সুখ ফিসফিস ছেলেবেলা
শ্রুতির প্রিয় রূপকথা,পিছুডাক, 
হারায়নি রাখি, বাঁধন আজও জুড়ে
খুব চেনা সেই প্রিয় পথের বাঁক। 

জরির রাখিতে মুগ্ধ প্রীতির মায়া 
কথা দেওয়া নেওয়া, বিহ্বল মধুমাস, 
বিনিসুতোয় জড়িয়ে হাতে হাত
আঁধার গল্পে জ্যোৎস্নার পরবাস। 

অকারণেই রইলো পাশে যাঁরা
রাখির ভাঁড়ার ঋদ্ধ তাঁদের ছুঁয়ে, 
শাশ্বত এক পূর্ণিমা থাক জারি
শুভকামনার সোনার আলোয় ধুয়ে। 

No comments:

Post a Comment