Tuesday, August 4, 2026


 

ছাইয়ের অভিধান

   অমিত আভা 


পৃথিবী একদিন সূর্যের কাছে
আগুন ধার চেয়েছিল।

সূর্য দিয়েছিল আলো—
মানুষ বানিয়ে ফেলল বিস্ফোরণ।

আজও হিরোশিমার দেয়ালে
একটি ছায়া ঝুলে আছে,
যেন অনুপস্থিত মানুষের স্বাক্ষর।

নাগাসাকির বাতাস
এখনও পোড়া অক্ষর উড়িয়ে বেড়ায়।

শিশুরা যখন ঘুড়ি ওড়ায়,
আকাশ একটু কেঁপে ওঠে।

কেউ জানে না—
মেঘেরও স্মৃতিভ্রংশ হয় না।

সভ্যতা প্রতিদিন
নতুন নতুন ফুল ফোটায়,
আর গোপনে
বোমার বীজে জল দেয়।

শেষ পর্যন্ত
পৃথিবী নয়—
মানুষই নিজের ছাইয়ের অভিধান পড়ে।

No comments:

Post a Comment