কবিতা
ভয়
অর্পিতা গুহ মজুমদার
বসের অপমানের কোনও প্রতিবাদ না করে
ঘাড় নিচু করে প্রতিক্রিয়াহীন থাকি,
কারণ প্রতি মুহূর্তে বরখাস্ত হবার ভয়.....
দেখে ফেলেছি বাল্যবন্ধু রাহুলের
সাথে বউয়ের গোপন চ্যাট,
আমি দিব্যি হেসে রাহুলের সাথে চা খাই ;
কারণ আদালত,মামলা, সন্তান হারানোর ভয়।
পরিশ্রম অর্জিত স্বাচ্ছন্দের ভাগ কেটে
পাড়ার ক্লাব সেক্রেটারির হাতে মোটা অংকের
চাঁদা তুলে দিই মুখে হাসির প্রলেপ মাখিয়ে,
দুর্নীতির প্রতিবাদ না করে ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটি,
আমার মাছভরা পুকুরে বিষ ঢেলে দেবার ভয়।
এরকম হাজারও ভয়ের চক্রব্যূহে অভিমন্যুর মতো পথ খুঁজি,
প্রকৃত ' আমি' -কে উন্মুক্ত করবার জন্য।
কিন্তু মায়াভরা পৃথিবীতে নির্বিঘ্নে বেঁচে থাকার লোভে,
ভয়ের পঙ্কিল চোরাবালি আমায় গ্রাস করে.....
No comments:
Post a Comment