Friday, May 1, 2026


 

মুক্তগদ্য 


জীবন যেমন.....
প্রতিভা পাল    
     
(১)
           পেরিয়ে আসা দিনগুলো নিয়ে ভাবতে বসি এরপর। পাওয়া হল না যা ধুলোর ঘরে বন্ধ রাখি সেসব। পেয়েও হারিয়ে ফেলেছি যেসব অসময়ে, আমার ছিল না তা। যা আমার, রয়েছে আমি-জুড়ে। কিছু ভুল সঠিক মনে হলেও ভুলিয়ে দেয় পথ, সময়ে। কিছু সময় কঠিন মনে হলেও শিখিয়ে যায় পথ চলা। আমি, তুমি, আমরা শুধু এগিয়ে চলি। চলতে চলতে থামি কখনও বা। থমকে দাঁড়ানো 'আমি' দেখে জীবন খুঁজি।
     
            মন-ময়ূর বৃষ্টি ভিজে দিশেহারা মেঘ সাজিয়েছে কতবার! অতীত বেলার খেলা সেসব। এখন শুধু হাত পেতে রাখি বৃষ্টি হলে। আয়ুরেখায় জলের আল্পনা আঁকি। টুপটাপ ঝরে পড়ার শব্দ শুনি নিশ্চুপ। ঝড় এলে এলোমেলো হাওয়ায় ভাবনা উড়িয়ে দিই সমস্ত।
 
           নির্ভার হলে শুনেছি স্পষ্ট হয় গন্তব্য। নিশ্চল হলে চলমান হয় সময়। আমি, তুমি, আমরা আসলে সময়ের স্তম্ভ এক-একটি। জীবন শেখার। শেখার তো কোনও বয়স নেই, তাইনা?.....

(২)
          রাজনীতির স্লোগান মনের দ্বন্দ্ব এখন।  কখনও এক কখনও বা অন্য বিপরীত ভাবনার উচ্চারণ।  যেন বিশ্বাস করানোর জন্য এত চিৎকার। অথচ ধোয়া রুমাল জুড়ে ঘামের ছোপ ছোপ দাগ স্পষ্ট। 
      সরিয়ে রাখি সরল বিশ্বাস পরিমার্জিত সংস্কারে। দেখি-  ক্যালেন্ডার পেরিয়ে যাওয়া গত বছরের তারিখের মতো,  ভোট-পরবর্তী প্রতিশ্রুতি ভাঙা ভেঙে পড়া সিস্টেমের মতো যাবতীয় অচলায়তন। অপচয় এড়িয়ে চলার অনভ্যাসে ব্যতিব্যস্ত হই না আর। অসময়ের সংজ্ঞা লিখি অভ্যস্ত হাতে। ব্যালট পেপারে তারপর নির্বাচন করি 'জীবন'। গোপনে.....

No comments:

Post a Comment