Friday, May 1, 2026


 

অণুগল্প 

তরজা 

শ্রাবনী সেনগুপ্ত 

ভোরের বাজারের ঘুম ভাঙ্গে রহিম আর গোপালের তরজায়। টিউবলাইট, বরফ, মাছের গন্ধ ,সবকিছুর মাঝখানে দুই তারকা মাছ বিক্রেতা রহিম আর গোপাল। দুজনেই মাইক ছাড়া মঞ্চ পেয়ে গেছে।

                 রহিম চেঁচায় -"এই ইলিশ নদীর জল খেয়ে বেড়েছে, ফ্রিজের জল খেয়ে নয়।" গোপাল হাসে-"নদীর জল খেয়ে ইলিশ যদি এত শুকায়, তবে আমার কাতলা মিনারেল ওয়াটার খেয়েছে।" চারপাশে হাসির রোল,লাইভ শো দেখতে সক্কাল সক্কাল বাজার সরগরম।  রহিম জবাব দিল "আমার মাছ কাটলে দেখুন, টাটকা রক্ত ,আর ওরটা কাটলে ইতিহাস।"গোপালও মুখ চালায় -"আমার মাছ দেখুন, নেটওয়ার্ক পেলেই সাঁতার কাটবে।" একজন তরুণ তার মোবাইলে লাইভ চালালো,' ভাইরাল হবে'। কেউ মাছ কিনছে না সবাই মজা লুটছে। 

           ঠিক তখনই এগিয়ে এলেন এক বৃদ্ধা- হাতে পুরনো কাপড়ের ব্যাগ ,চোখে মোটা চশমা। তিনি শান্ত গলায় বললেন -" তোমরা দুজনেই খুব টাটকা। মাছ পুরনো হলে বরফে বাঁচে, কথা পুরনো হলে চিৎকারে।" মুহূর্তে নীরব হলো চত্বর। রহিমের মাথা নীচু ,গোপালের ব্যস্ততা বরফের টুকরো সরাতে। বাজার থেমে গেল। সেদিন প্রথম তারা বুঝলো বাজারে সবচেয়ে  দামী মাছ নয়, বুদ্ধি।

          পরদিন সকালে দেখা গেল দুই বিক্রেতার দোকানে শুধু নীরবতা বিক্রি হচ্ছে কেজি দরে।

No comments:

Post a Comment