অণুগল্প
বেস্ট ফ্রেন্ডস
অনিন্দ্য সান্যাল
সেই রাত্রি লেগে থাকা ভোরবেলাটা কিছুতেই ভোলা যায় না। শীত আসছে, দিন শুরুর আবেগ তার একটুক ছোঁয়া লাগিয়ে আরাম করছে বাইরের দেওয়ালে। গায়ে পাতলা একটা চাদর ফেলে কফি খেতে যাচ্ছিলাম হাসপাতালের ক্যাফেটেরিয়ায়। এখন প্রায় রোজই এখানে রাত্তিরগুলো অপেক্ষা করতে হয়। বাবা অ্যাডমিটেড আছেন। ওয়েটিং লাউঞ্জের অন্য প্রান্তে ক্যাফেটেরিয়া। মাঝপথে দেখলাম ওনাকে। প্রায়ই আসেন। রাতেও থাকেন মাঝে মাঝেই। স্বামী অ্যাডমিটেড আছেন। মধ্যবয়স্কা, ঋজু, বাহুল্যহীন টিপটপ, একটা হালকা হাসি বোধহয় তাঁর চিরসঙ্গী। মুখচেনা হয়েছে ক’দিনে।
আজ তিনি এক সঙ্গিনীর বাহুলগ্না। চোখে চোখ পড়তে দেখলাম চোখের কোনে দুটো কষ্টের মতো মুক্তো ফুটে আছে। বললেন,
-- আ’হ্যাভ লস্ট মা’য় বেস্ট ফ্রেন্ড টুডে।
হাত দুটো সামনে জড়ো ক’রে চোখ বুঁজে মাথা নামিয়ে নিয়েছি।
‘চিরসখা হে, ছেড়ো না মোরে
ছেড়ো না’
আজ বিকেলে বাবাকে রিলিজ করবে।
No comments:
Post a Comment