Friday, September 4, 2026



চিরে দাও এ জমি 

মিষ্টু সরকার

আগস্ট ছিলো এতদিন স্বাধীনতার মাস, আজ বছর দুই যাবৎ চলছে তা অভয়া মাস বলে। জানিনা এতো সহনশক্তি কোথা থেকে পেলাম আমরা! তাই নিজের চেতনার ক্ষয় রুখতে কড়া পাহারায় বসাই নিজেদেরকে। প্রত্যাশাহীন কর্মযজ্ঞে আবার উঠে আসে নয়'ই আগষ্ট। দু`বছর আগে শিল্পী শুভেন্দু মাইতির বলা বুলি আওড়াই- 
এক যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে / নয়ই আগস্ট ২০২৪ এ 
চোয়াল হয়েছে শক্ত / মুছতে দেবোনা বন্ধু তিলোত্তমার রক্ত /

কিন্তু তারপরও কি ছাড় পেলো মেয়েরা ?

তাই বলি ফালা ফালা করে চিরে দাও। ঝিঙে আলু পটল বই তো নয়।একটা মেয়ে শরীরই তো। মেয়ে মানে শুধুই শরীর মন তার  কুলুঙ্গিতে। সংসারের সমাজের মুখ রক্ষায় সে সব কাজে লাগে। মেয়ে মানুষ হয়না তাইতো মেয়ের সাথে ছেলেকে জুড়লে খুঁটোটা বেশ শক্ত হয়। এই বার্তায় মেয়েছেলে শব্দটিতে বাচন ও শ্রবণ সুখও বেশি। তাই চিরে দাও এ জমি। মালিকানার দরকার কি? চৈত্রমাস নামুক অন্যের জমিতে। খর হোক মাটি তাতে কার কি? ক্ষতি কি বিরাট কিছু হলো? একটি মেয়ে বৈ তো নয়; কার না কার মেয়ে? একে বিচ্ছিন্ন ঘটনা বলেই ধরে নেওয়া যায়। 

যাইহোক হিল্লী দিল্লী হাথরস কোলকাতা ঘুরে হতাশ হয়ে বারুইপুরে ফেরা আজ। অতি বারিপাতের লোকবিশ্বাস আছে বলেই যে দ্বাদশীর নরম সবুজ ঘাসের মতো শরীর দেখেও ঘাড়ে দুব্বো গজানো মাতাল নরাধমের চিত্তে বান ডাকবেনা একথা সেই মেয়েটির কেনো কোনো সন্তানের বাবা-মা'য়ে রাই আর বুকে হাত দিয়ে বলতে পারবে না। 

মাঝে মধ্যে নিজের পিঠ চাপড়ে দিই এই অভয়ারণ্যে কোনো অঙ্কুরকে অভয়ের হাতছানি দিয়ে আনিনি। জানি এ সঙ্গত কথা নয়, তবুও মনে হয়। উদ্যত ফলা'র শান দেওয়া এই আজব পৃথিবীর বুকে এই আজব জান্তব ছলাকলা বড়ই বিচিত্র ঠেকে। ফলাও করে বোলোনা কেউ বোলো না.... তুমি দেখোনি, তুমি জানতেনা, কিছুই নেই তোমার করার। সূর্যপুরের সূর্য অস্তমিত। এখন কাজ বাকি আছে সাফসাফাইয়ের। টুম্পা দাস এর নাগাল না পেলেও কুশীলব'রা কাজে লেগে পড়ুক, আমরা বিনা টিকিটের দর্শকমহল চেয়ে চেয়ে দেখি। কখনও ইচ্ছে হলে  ডিম টিম ছুঁড়বো। হে সাহিত্য সম্রাট এই আয়োজনে আপনি ঘটনার বিচারক হতেন নাকি একে সাহিত্যে পুনর্বাসন দিতেন তা আজ অলীক কল্পনা। কিন্তু তার কবরে যে মাটি চাপা দেওয়া হলো সেখানে আর কোনো চারাগাছ সূর্যের আলো দেখতে চাইবেনা পরিস্থিতি এমনতর সে বিষয়ে সন্দেহ রাখি না। তার অকালে ঝরে যাওয়ায় একবার নজরুল কে স্মরণ করতে ইচ্ছা জাগে। বলি আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে !! আমাদের 

যৌথ সুরে সামিল হোক প্রকৃতি শুধু এইটুকু ভিক্ষা। 

No comments:

Post a Comment