Friday, September 4, 2026


 

কিশোর কবি সুকান্ত স্মরণে

শুভেন্দু নন্দী


বিদ্রোহের অনলে ছিলে তুমি দৃপ্ত,  হে! বিদ্রোহী কবি,
তব ক্ষুরধার লেখনীতে তারই বহি:প্রকাশ,তুমি যে উজ্জ্বল রবি।
ছন্দ, গতিতে, তালে সব কিছুরই সুন্দর প্রকাশ পদ্যে,
আর নিরস, শুষ্ক গতিহীন শুধুই তাহলে গদ্যে ?
নিঃস্ব,শোষিত, পীড়িতজনদের জন্য জাগতো তোমার হাহাকার
তাঁদের বেদনা বাজত যে বুকে,হতে তাঁদের দুঃখে সোচ্চার।
ধনী -গরীবের বিরাট অসাম্য দেখিয়েছিল তুমি কবিতায়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথার প্রকাশ ভঙ্গিমায়।
অবিভক্ত বঙ্গদেশে ঘটেছিলো মন্বন্তর ও দুর্ভিক্ষ,
ক্ষুধায় কাতর মানুষের জ্বালা করেছিলে তুমি প্রত্যক্ষ।
 কালোবাজারীদের শস্যসম্পদ বেশি দামে বিক্রীর প্রবণতা,
আর মানুষদের মৃত্যুমিছিল, তাঁদের অন্ন কেড়ে নেওয়ার ব্যথা।
করেছিলো তোমায় দারুণভাবে বিচলিত,
আর তোমার হৃদয়ও হয়েছিলো উদ্বেলিত।
"রানার" কবিতায় করেছিলে চিত্রিত এক ডাকহরকরার জীবন,
শত দুঃখকষ্টেও  হাতে বোঝা নিয়ে গ্রাম -শহরে তাঁর গমন।
আকার,আয়তনে ছোটো হলেও থাকা উচিত তাতে মমতা,
 "দেশলাই কাঠির"ও আছে দুনিয়া জ্বালিয়ে দেবার ক্ষমতা।
এমন ধারা প্রচুর কবিতায় আছে তোমার প্রতিভার নিদর্শন,
স্বল্প আয়ুষ্কালেও কাব্যরচনার পারঙ্গমতা, ভাবি বসে সর্বক্ষণ।

No comments:

Post a Comment