Friday, September 4, 2026


 

নায়ক ও দেবতা
মৌসুমী চৌধুরী


        গতকাল রাতে ঘরে ফিরেছে বিনোদ। 
দু'দিন, অর্থাৎ টানা আটচল্লিশ ঘন্টা ডিউটি করে ফিরেছে সে। এখন সকাল সাড়ে এগারোটা বাজে। নীল আকাশ জুড়ে সোনা রোদের ঝলকানি। তবু তার চোখ জুড়ে নেমে আসছে ঘুম। ক্লান্ত চোখে জানালার বাইরে তাকিয়ে সে দেখল পিল পিল করে কালো কালো মাথাগুলো সব সমানের দিকে এগিয়ে চলেছে...হাবলুর মা ছুটছেন,  পিছনে রফিকের আব্বু, সঞ্জিতের পিসি, বিলুর দিদি, চিন্টুর বাবার সঙ্গে হন্তদন্ত করে হেঁটে যাচ্ছেন আফজলের আম্মা...সব্বাই যেন প্রাণপণে ছুটছেন! কে কার আগে যাবেন, কে সব থেকে আগে তাঁকে দেখে চক্ষু সার্থক করবেন তার প্রতিযোগিতা চলছে যেন! একটা তীব্র টান তাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে... 

- 'কি রে বিনু সবাই যাচ্ছে, তুই যাবি না একবার তাঁকে দেখতে'?
জানালায় সামনের আবাসনের বোসবাবুর প্রশ্ন। 
উদাস চোখে তাকিয়ে বিনোদ বলল,
-'নাহ্, কাকা'!

   বিনোদ যে বড় ব্যবসায়ীর খাদ্য ও শস্য পণ্যবাহী ভারী ট্রাকগুলো চালায় তাঁর ছেলেবেলার বন্ধু এই বোসবাবু। একটা রাজনৈতিক দলের সংগঠক তিনি। বাবা চলে যাবার পর বোসবাবুই তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষটা খাঁটি। তাঁর সাথে বিনোদের প্রায়ই রাজনীতি ও রাষ্ট্রের নীতি নিয়ে বেশ বিতর্ক জমে ওঠে। বিনোদকে স্নেহ করেন। তার গাড়ি চালানোর বিশেষ আগ্রহ ও দক্ষতা দেখে তাকে এই কাজটা ঠিক করে দিয়েছিলেন তিনি। সারা ভারতবর্ষ ঘুরতে হয় বিনোদকে। বছর ভর সে মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, উত্তরপ্রদেশ করে বেড়ায়। সেসব জানেন বোসবাবু। 
-'কালকেই ফিরলি বুঝি? খুব ক্লান্ত, না? তবুও একবার অতবড় একজন নায়ককে দেখতে যাবি না? সব্বাই যাচ্ছে'।

-'নায়ক? বলছ কি কাকা? তাহলে আমিও তো নায়ক'। 
ভিতরের বিরক্তি চেপে রাখতে পারে না বিনোদ। 

- 'তুই'?
একটা যেন ক্ষীণ তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে বোসবাবুর ঠোঁটে। 

 বিনোদও নাছোড়বান্দা। একজন সৎ মানুষের ব্যক্তিগত সততাকে কেন কৌশলে রাজনৈতিক ফোকাসে আনা হবে? বিনোদ তাই স্পষ্ট বলে,
--'আমিও কি আমার নিজের কাজটুকু সৎভাবে ও সঠিকভাবে করে যাচ্ছি না ? কত দূরে দূরে দিন রাত ধরে টানা গাড়ি চালিয়ে খাদ্যশস্য পৌঁছে দিয়ে আসছি না'?

-'কিন্তু আমাদের এই কমিশনার সাহেব কতটা মহৎপ্রাণ মানুষ, বল! নিজের কাজটি সুচারুভাবে করার জন্য আজ গোটা দেশে তিনি এবং তাঁর কাজ ভাইরাল...। তাঁর জীবনী নিয়ে সিনেমা করার কথাও ভাবা হচ্ছে'!
বোসবাবু বলে চলেন।

ভিতরের রাগ গলিত লাভার মতো বেরিয়ে আসতে থাকে বিনোদের,
-' তাঁর কথা আমিও খানিক জানি, কাকা। আমি তো খাদ্যপণ্যবাহী ট্রাক নিয়ে মুম্বাই, পুণে করে বেড়াই। তিনি সত্যিই প্রণম্য মানুষ। কিন্তু খামোখা তাঁকে নায়ক বা দেবতা বানান কেন'?

- 'কেন নয় বলত, বিনু? অমিত কেলকর স্যার
একজন আই.এ.এস। মহারাষ্ট্রের 'ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন'-এর কমিশনার। তাঁর নেতৃত্বে খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর রান্নাঘর, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং খাদ্য নিরাপত্তার বিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চলছে। যতবড় কেউকেটাই হন না কেন অসৎ খাদ্যপণ্য সরবরাহক ব্যবসায়ীকে রেয়াত করেন না তিনি। স্বয়ং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীও তাঁকে সমঝে চলেন। তিনি গোটা দেশ সফরে বেরিয়েছেন। দেশের জনতা একটি বার তাঁকে দেখবার জন্য আজ পাগল'।
এক নাগাড়ে কথাগুলো বলে একটু থামলেন বোসবাবু। তারপর এগিয়ে যেতে লাগলেন ভিড়ের দিকে।

   আর শুনতে পেলেন পিছন থেকে বিনোদ বলছে,
-' কিন্তু কেলকর স্যার এবং তাঁর দপ্তর তো ঠিক সেই কাজটিই করছেন যা তাঁদের করবার কথা এবং করা উচিত। তাই না? আর আপনারা কিনা তাঁকে নায়ক, দেবতা ইত্যাদি বানিয়ে দিচ্ছেন'!

-' কতকিছুই তো আমাাদের করা উচিত রে। কিন্তু করেন ক'জন বলতো'?
 
-'তাহলে কি বলতে চান ঘুষ নিয়ে ফাইল চাপা দেওয়া, প্রভাবশালী প্রতিষ্ঠানের নাম দেখেও নজর ঘুরিয়ে নেওয়া-ই স্বাভাবিক আচরণ? আর নিয়ম মেনে দায়িত্ব পালন করাটা একটা অলৌকিক কাজ'?
 বিনোদের অকাট্য যুক্তি ধারাল ছুরির মতো ছুটে যায়।

     আর কোন কথা সরে না বোসবাবুর মুখে। তিনি হনহন করে হেঁটে ভিড়ে মিশে যেতে থাকেন। 


No comments:

Post a Comment