।। পাঠ প্রতিক্রিয়া ।।
কাব্যগ্রন্থ: ধর্মহীন কঙ্কাল/ প্রাণেশ পাল
`নিস্তব্ধতার বুক চিরে যাওয়া সপ্তদশ জাতীয় সড়ক,
সিঁথির প্রান্তরেখা বরাবর পারিজাতের স্বর্গীয় সৌন্দর্য্য
অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে অপার মুগ্ধতার চিত্রলেখ!`
`অসম্পূর্ণ বৃত্ত আঁকি
জীবনের অনন্ত আয়ুরেখায়
প্রহেলিকার আচ্ছন্ন পরিধি
ক্রমশ সরলরেখায় হারিয়ে যায়!`
`তপস্বী কান্নায় নির্লিপ্ত রাজতন্ত্র
বিচারকের আত্মা-ক্ষয়ে রায়দান,
দারিদ্রতায় জীবন বিক্রি হয়
অসহায় প্রাতঃভ্রমণকারী
বিক্রি হয় অজানা আশঙ্কায়!!`
উত্তরের মোহিত সৌন্দর্য থেকে নিজস্ব মগ্নতায় জীবনের এরকমই টুকরো ছবি এঁকেছেন কবি প্রাণেশ পাল তাঁর `ধর্মহীন কঙ্কাল` কাব্যগ্রন্থে। মোট ৭৪টি কবিতা এই গ্রন্থে জায়গা করে নিয়েছে। যে কবিতা থেকে গ্রন্থের শিরোনাম গৃহীত হয়েছে, সেটি ৫৫ নম্বর কবিতা। আলাদা করে উল্লেখ করলাম কেননা এই কবিতায় কবি দেখেছেন `চামড়ার আবরণে ঢাকা ধর্ম,/ ধর্মের খোলসে বিষবাষ্প,/ নিদ্রিত রাতের বুকে ঘুমন্ত ক্ষত,/ মৃত্যুর আলিঙ্গনে সময়ের শূন্যতা,/ হৃদয়ের উলঙ্গ খাঁজে মিথ্যে মায়া!` এই সময়ের উচ্চারণ মনে হয়েছে এই কথাগুলিকে।
কবি প্রাণেশ পালের শব্দচয়ন ও বাক্য গঠনে কিছুটা সাবেকিয়ানা রয়েছে। একটু ভারী শব্দ বন্ধে ঈষৎ জটিল বাক্যে ভাব বিস্তার কবির নিজস্বতা। যেমন, `অনিমিখ ক্ষিদে সাথে/ ভ্যাট খুঁটে খাই সকাল, বিকেল,/ স্মৃতি-সনে খুঁজি মায়ের চিহ্ন` অথবা ``কুহেলিকার চাদরে মোড়া রাজপথ/ অনুসন্ধিৎসু দৃষ্টি, পথ প্রান্তর জনশূন্য,/ প্রহেলিকাময় রাত শেষে সোনালী ভোর` ইত্যাদি।
পুরো কাব্যগ্রন্থেই ছড়িয়ে রয়েছে কবির মগ্ন ভুবন, যেখানে তাঁর `অ্যাটিক রুম`-এ বসে কবি প্রত্যক্ষ করেন মনুষ্য যাপন। আসলে কোনও কবিতা-ই ততক্ষণ কবিতা হয়ে ওঠে না, যতক্ষণ না সে মানুষের কথা বলে। তাই যখন কবি বলেন `ক্ষিদে ভরে যায়/ ভাতের মাঝে হারিয়ে যায় মায়ের স্মৃতি-সুখ` কিংবা `ক্লান্তির পাহাড় ভেঙে আসে/ তবুও ভেসে যাই স্বপ্ন রাতে/ তোমার অশরীরী অনুভূতি সাথে/ ভালবাসার মান্দাসে...`, তখনই যেন তিনি পৌঁছে যান সব পাঠকের কাছে। হয়ে ওঠেন সকলের প্রতিনিধি যাঁরা `হয়ে উঠতাম আমার বাবা/ নকল বাবা আয়না জুড়ে/ বকে দিতুম ইচ্ছে মতন!`
এভাবেই তাঁর কাব্যগ্রন্থে নিজস্বতার ছাপ রেখেছেন কবি প্রাণেশ পাল। সময়ের যন্ত্রণা, রাজনীতির দুর্বিপাক, ভঙ্গুর মূল্যবোধ, অবক্ষয়িত সমাজ থেকে নিজস্ব নির্জনে একান্ত আলাপচারিতা তাঁর সৃষ্ট কবিতায় স্পষ্ট।
কাব্যগ্রন্থের নামকরণের সঙ্গে মানানসই প্রচ্ছদ করেছেন আন্নেশা পাল। দ্য নোটবুক পাবলিশার্সের কাব্যগ্রন্থটির মূল্য ২২০ টাকা।
আলোচক: শৌভিক রায়

No comments:
Post a Comment