ফেলে যেতে যেতে
রাজু রায়
ফেলে আসা,
ঢলের মুখে দাঁড়িয়ে থাকা মূক সুপারি গাছ গুলো
পাহাড়ের ধাপে ধাপে চষা ক্ষেতগুলো
বাঁশের বোনা মাথালি মাথায় পড়ে নুড়িপাথরের ওপর
কোদাল কোপানো ছেলেটিকেও
ফেলে যেতে যেতে
মন বড্ড কেমন করে ওঠে।
ফিরতি পথে যেতে যেতে
ফেলে আসা মূর্তির ক্ষুরধার ঢেউগুলো
বড়ো বড়ো পাথরের চাঁইগুলো
হাওয়া উড়ে বেড়ানো গন্ধগুলো
অচেনা আকাশের আজন্ম চেনা মেঘগুলো
ফেলে যেতে যেতে মন বড্ড কেমন করে ওঠে।
পাহাড়ের খাঁজে খাঁজে ফেলে আসা
অজানা ঘরদোরগুলো
চা বাগানের প্রান্তরে ছুটে বেড়ানো অজস্র পাখিগুলো
পাকদণ্ডী পথের ঘাম ঝরানো পথগুলো
ফিরতি পথে ফেলে যেতে যেতেও মন
বড্ড কেমন করে ওঠে।

No comments:
Post a Comment