ক্রমশঃ একাকী...
মো হ ন
হা-মুখ সময়ের ভিতর ক্রমাগত ঢুকি
আর অবাক হয়ে পৃথিবীকে বারবার দেখি।
তৃষ্ণার চেয়ে বিতৃষ্ণাই বেশি জাগে
চুপচাপ, একা পথ চলা ভালো লাগে।
পথের দূরত্ব যত কমে আসে
যত কাছাকাছি পৌঁছে যাই শেষের,
ফেলে আসা পথের দিকে বারবার
মুখ ফেরাতে ভালো লাগে ইচ্ছের।
প্রিয় সবকিছুর থেকে সরে সরে যাই
ভালোবাসার রঙ কেবল অভিমান,
দু'চোখে একঘর অন্ধকার নামলে
জ্যোৎস্নায় ভরে ওঠে ব্যথার উঠান।
জানলায় হাওয়া আসে, যায় ধীরে ধীরে
পথে নামা সকলেই অবশেষে ফেরে।
আমি যেন জানি না কোথায় আমার বাড়ি
ইচ্ছেও করে না আর, কারও কাছে ফিরি!

No comments:
Post a Comment