কৃত্রিম বুদ্ধিমত্তা, মডার্ন টাইমস এবং চ্যাপলিন
মাল্যবান মিত্র
বিশ শতকের ত্রিশের দশক — বিশ্ব দেখলো অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, এবং দ্রুত শিল্পায়ন, আর এর সাথে সাথে মানুষের জীবনে এলো এক নতুন আতঙ্ক: যন্ত্রের দাসত্ব, সময় এগিয়ে চললো কালের নিয়মে এবং আজকের পৃথিবী হয়ে উঠলো বা উঠছে সেদিনের থেকেও আরো অন্যরকম হয়ে । কৃত্রিম বুদ্ধিমত্তা , রোবট, অ্যালগরিদম—মানুষের কাজ, চিন্তা আর স্বপ্নের সঙ্গে জড়িয়ে গেছে ও যাচ্ছে মেশিন এবং সেটা আর শুধু কাজ করছে না, এখন তা শিখছে, ভাবছে, তৈরি করছে স্মৃতির ডেটাবেস এবং অবলীলায় দ্রুততার সাথে মানুষের মতোই সিদ্ধান্ত নিচ্ছে।
১৯৩০-এর দশক, শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারখানায় শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা একরকমের কাজে জড়িয়ে পড়ছিলেন। সাথে প্রতিক্রিয়া হিসেবে মানুষ যেন হারাচ্ছিল নিজের অস্তিত্ব উৎপাদনের চাপে।সেই সময়ে একটা লোক একটি চলচ্চিত্র এ বললেন কিছু কথা -
“I wanted to say something about the tragedy of millions of men who are victims of progress.” অর্থাৎ, আধুনিকতার নামে যে সভ্যতা গড়ে উঠছে, তার ভেতরে মানুষ কোথায় হারিয়ে যাচ্ছে — সেটিই তাঁর মূল চিন্তা। উল্লেখ্য চলচ্চিত্রটি শুরু হয় এক বিশাল ঘড়ির দৃশ্য দিয়ে। এরপর দেখা যায়, কারখানার ভেতরে যন্ত্রের শব্দ, আর তার মধ্যে এক ছোট্ট মানুষ — “ট্রাম্প” — অবিরাম মেশিনের স্ক্রু ঘোরাচ্ছে।হঠাৎ যন্ত্র তাকে গিলে ফেললে, লিটিল ট্রাম্প মেশিনের চাকার মধ্যে হারিয়ে যায়। নিখুঁত অভিনয়, কৌতুক প্রমুখের উপস্থাপনে দর্শক হাসে, কিন্তু সেই হাসির গভীরে হয়তো থেকে যায় ভয় আর বেদনা। এই দৃশ্যটি যেন হয়ে ওঠে আধুনিকতার প্রতীক — যন্ত্রের গতি যত বাড়ে, মানুষ তত ক্ষুদ্র হয়ে যায়। ছায়াছবিটিতে এর পরবর্তীতে ট্রাম্প চাকরি হারিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, এক অনাথ মেয়ের সঙ্গে দেখা হয় তার, যে ক্ষুধা আর দারিদ্র্যের মাঝেও বাঁচার চেষ্টা করছে। তাদের স্বপ্ন ছোট — একটু খাবার, একটা ঘর, আর একটু শান্তি। কিন্তু “modern times”-এর সমাজে এই ছোট স্বপ্নই অসম্ভব। এরপর নানান ঘটনা ঘটে এবং চলচ্চিত্রটির শেষ দৃশ্যে ট্রাম্প ঐ মেয়েটিকে বলে— “Buck up — never say die! We’ll get along!” এবং আশ্চর্য জনক ভাবে এই ছোট্ট সংলাপেই হয়তো লুকিয়ে ছিল সিনেমাটির দর্শন: জীবন যত কঠিনই হোক, হাসি আর আশা হারানো চলবে না। এই বিখ্যাত চলচ্চিত্রটির নাম ‘ মডার্ন টাইমস’ এবং লিটিল ট্রাম্পের চরিত্রের অভিনেতাটির নাম স্যার চার্লস স্পেনসর চ্যাপলিন।
চ্যাপলিন ইচ্ছাকৃতভাবে এই চলচ্চিত্রটি নির্বাক রাখেন, যখন গোটা বিশ্ব “সাউন্ড সিনেমা”-র মোহে বিভোর। তিনি বিশ্বাস করতেন- “Words are cheap. The great power is in the gesture.” ১৮৮৯ সালের এক বসন্তের দিনে, লন্ডনের ওয়ালওর্থ অঞ্চলে জন্ম নেন ছোট্ট চার্লি। তাঁর পিতা চার্লস চ্যাপলিন সিনিয়র ছিলেন মদ্যপ, মা হান্না চ্যাপলিন ছিলেন মঞ্চশিল্পী — কিন্তু মানসিক রোগে আক্রান্ত। চ্যাপলিন কৈশোরে থিয়েটারে অভিনয় শুরু করেন। “Fred Karno’s Comedy Troupe”-এর সদস্য হিসেবে ১৯১৩ সালে তিনি আমেরিকায় আসেন। সেখানেই ১৯১৪ সালে Kid Auto Races at Venice ছবিতে প্রথম দেখা যায় তাঁর বিখ্যাত “ট্রাম্প” চরিত্রকে। এই চরিত্রই তাঁকে বিশ্বজুড়ে অমর করে তোলে। বাঁকা টুপি, ছোট গোঁফ, বড় জুতো, আর এক চিলতে মৃদু হাসি — এ যেন সমাজের সমস্ত নিপীড়িত মানুষের মুখ হয়ে ওঠেন।
---
চ্যাপলিনের কমেডি কখনো নিছক বিনোদন নয়। তাঁর হাসির ভেতরেই ছিল সমাজ ও রাজনীতির গভীর ভাষ্য। তিনি ছিলেন এক নির্বাক বিপ্লবী, যিনি কথা না বলেও সত্য বলতেন। Modern Times-এ তিনি দেখালেন শিল্পায়নের নির্মমতা— যেখানে মানুষ যন্ত্রের চাকায় পিষ্ট হয়ে যাচ্ছে। আমরা হাসি, কিন্তু সেই হাসির ভেতরেও কাঁটা বিঁধে থাকে— প্রশ্ন জাগে, মানুষ কেন মেশিনে পরিণত হলো?
---
চ্যাপলিনের জনপ্রিয়তা যেমন ছিল বিশ্বজোড়া, তেমনি তাঁর স্পষ্টবাদিতা তাঁকে শত্রুও বানিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে যখন কমিউনিজমবিরোধী অভিযান শুরু হয়, তখন চ্যাপলিনকে অভিযুক্ত করা হয় “কমিউনিস্ট সহানুভূতিশীল” হিসেবে। ১৯৫২ সালে তিনি সুইজারল্যান্ড সফরে গেলে, মার্কিন সরকার তাঁর ভিসা বাতিল করে দেয়। এরপর তিনি স্থায়ীভাবে সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন।
তবু ইতিহাস শেষ পর্যন্ত তাঁকে স্বীকৃতি দিয়েছে। ১৯৭২ সালে হলিউড তাঁকে পুনরায় ডেকে নেয়। দেয় Honorary Academy Award “চলচ্চিত্রে অবদানের জন্য।” পুরো হল দাঁড়িয়ে করতালিতে ভরে ওঠে, চোখে জল আসে সেই হাসির জাদুকরের।
---
চ্যাপলিন শেষ জীবন কাটিয়েছিলেন শান্তভাবে, তাঁর স্ত্রী উনা ও’নীল এবং আট সন্তানকে নিয়ে সুইজারল্যান্ডে। ১৯৭৭ সালের বড়দিনে, তিনি পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু চলে যাওয়ার পরও তিনি রয়েছেন আমাদের জীবনে — প্রতিটি হাসির মাঝে, প্রতিটি মানবিকতায়। চ্যাপলিনের নিজের কথায়, “Life is a tragedy when seen in close-up, but a comedy in long-shot.” এ যেন জীবনের দর্শন —যা শেখায়, দুঃখ ও হাসি একই মুদ্রার দুই পিঠ।
---
চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু সৃষ্টিকর্তা নয়, সময়েরও সাক্ষী। চার্লি চ্যাপলিন তাঁদেরই একজন।কমেডির আবরণে তিনি এমন সব সত্য উচ্চারণ করেছিলেন, যা সেই সময়েও অস্বস্তিকর ছিল, আজও প্রাসঙ্গিক। তাঁর হাত ধরে “হাসি” হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা, এবং “কমেডি” রাজনীতির এক বিকল্প বোধ। আজকের পৃথিবী যখন রাজনৈতিক ভেদাভেদ, মিথ্যা প্রচার, ও ভয় দেখানোর রাজনীতিতে ভরা, তখন চ্যাপলিন যেন আবার ফিরে আসছেন—এক নীরব স্মরণিকা হিসেবে, যে হাসিও একধরনের বিপ্লব।
---
চ্যাপলিনের Modern Times (১৯৩৬) চলচ্চিত্রে এক শ্রমিক যন্ত্রের চাকার মধ্যে গিলে যায়। দৃশ্যটি যতই হাস্যকর হোক, এর মধ্যে আছে শিল্পায়িত সভ্যতার নিষ্ঠুর সমালোচনা। এই দৃশ্যের ভেতর দিয়েই চ্যাপলিন বলেছিলেন— “যন্ত্র মানুষের সেবক হতে পারে, শাসক নয়।” রাজনীতির ভাষায় এই বক্তব্যটি এক প্রকার মানবতাবাদী ম্যানিফেস্টো। চ্যাপলিনের রাজনীতি ছিল দলীয় নয়, নৈতিক রাজনীতি—যেখানে সমতা, সহানুভূতি ও স্বাধীনতাই মূল। তাঁর কমেডি কখনো “হাসির খেলা” নয়; বরং মানুষের কষ্টের ভিতর দিয়ে আশা খোঁজার এক দার্শনিক অনুসন্ধান।
---
১৯৪০ সালে যখন গোটা ইউরোপ নাৎসিবাদের ভয়াবহতায় কাঁপছে, তখন চ্যাপলিন বানালেন The Great Dictator। তাঁর হিটলার-সদৃশ চরিত্র “অ্যাডেনয়েড হিঙ্কেল” একদিকে হাস্যকর, অন্যদিকে ভীতিকর।চলচ্চিত্রের শেষে তিনি যে ভাষণ দেন, তা আজও ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবাদী আহ্বানগুলোর একটি—
“You are not machines. You are not cattle. You are men.”
এই বক্তব্যটি শুধু রাজনীতিবিদদের জন্য নয়, সভ্যতার জন্যও সতর্কবার্তা। চ্যাপলিন কমেডির ভেতর দিয়ে যে বার্তা দিয়েছেন তা স্পষ্ট— রাজনীতি যদি মানবিকতার বাইরে চলে যায়, তবে হাসিই হবে তার সর্বশেষ প্রতিষেধক।
---
চ্যাপলিন কখনো প্রকাশ্যে রাজনৈতিক দল বা মতাদর্শে যুক্ত হননি। তবু তাঁর সৃষ্টিকর্ম তাঁকে রাজনৈতিক করে তুলেছিল। ম্যাকার্থি আমলে তাঁকে “কমিউনিস্ট সহানুভূতিশীল” বলে অভিযুক্ত করা হয়; ১৯৫২ সালে তাঁকে আমেরিকা ছাড়তে হয়। তবে এই ঘটনার পর তিনি বলেন— “I am not a political man. I am an individual and a believer in liberty.” এটাই চ্যাপলিনের দর্শন: স্বাধীনতার রাজনীতি। যেখানে হাসি মানে মুক্তি, আর কমেডি মানে চিন্তার স্বাধীনতা।
---
সমসাময়িক পৃথিবীতে কমেডি এখন দ্বিমুখী অস্ত্র। একদিকে স্ট্যান্ড-আপ শিল্পীরা সমাজ ও শাসনের অন্যায়কে ব্যঙ্গ করেন, অন্যদিকে রাষ্ট্র সেই হাসিকে ভয় পায়। বাংলাদেশ, ভারত বা আমেরিকা—সব দেশেই দেখা যায়, ব্যঙ্গচিত্র ও কৌতুক এখন একপ্রকার “রাজনৈতিক প্রতিরোধ”। কিন্তু চ্যাপলিনের যুগের তুলনায় আজ হাসির ভাষা অনেক তীক্ষ্ণ, কখনো ক্রুদ্ধ। যেখানে চ্যাপলিন মানুষের প্রতি মমতা রেখে ব্যঙ্গ করতেন, আজকের অনেক কমেডি বিদ্রূপে সীমাবদ্ধ—মানবিকতায় নয়, আক্রমণে ভরা। চ্যাপলিন আমাদের শিখিয়েছেন, “To truly laugh, you must be able to take your pain, and play with it.”
এই বাক্যটি শুধু শিল্পের নয়, রাজনীতিরও শিক্ষা। রাজনীতি যদি কষ্ট দেয়, তবে হাসি সেই কষ্টকে শিল্পে রূপান্তরিত করে। হাসি মানে ভুলে যাওয়া নয়, বরং প্রতিবাদের সাহস। তাঁর “লিটল ট্রাম্প” চরিত্রটি ছিল সেই সাধারণ মানুষের প্রতীক— যে রাষ্ট্রের চাকার নিচে পিষ্ট হয়েও নিজের মানবতা হারায় না। এই চরিত্রের মধ্যেই চ্যাপলিন এক নতুন রাজনৈতিক দর্শন দেন: দুর্বলরাই পৃথিবীকে বাঁচায়।
---
চ্যাপলিন ছিলেন গভীরভাবে মানবতাবাদী শিল্পী। তাঁর সিনেমায় সরাসরি কোনো রাজনৈতিক দলীয় প্রচার নেই, তবু প্রতিটি দৃশ্য রাজনৈতিক হয়ে ওঠে তার মানবিক প্রশ্নের কারণে। তিনি শ্রমিকের দুঃখ, বেকারত্ব, দারিদ্র্য এবং রাষ্ট্রযন্ত্রের অমানবিকতা তুলে ধরেছিলেন। এই কারণেই পরে তাঁকে “কমিউনিস্ট সহানুভূতিশীল” বলা হয়। কিন্তু তিনি বলেছিলেন— “I am not a Communist. I am a humanist.” চ্যাপলিনের হাসি কখনো আক্রমণাত্মক নয়, বরং করুণ। তিনি মানুষকে কাঁদিয়ে নয়, হাসিয়ে ভাবতে শেখান। তাঁর হাসি যেন এক প্রার্থনা — যে প্রার্থনায় মানুষ আবার মানুষ হয়ে উঠবে। যন্ত্রযুগের ঠান্ডা ধাতুর ভেতর চ্যাপলিন দেখিয়েছেন উষ্ণতার সম্ভাবনা। তিনি প্রমাণ করেছেন, হাসিও হতে পারে সবচেয়ে তীক্ষ্ণ রাজনীতি, সবচেয়ে মানবিক প্রতিবাদ।
---চ্যাপলিনের Modern Times তাই আজও সময়ের সীমানা ছাড়িয়ে প্রাসঙ্গিক। যন্ত্র বদলেছে, প্রযুক্তি বেড়েছে, কিন্তু মানুষের একাকিত্ব ও অস্থিরতা আজ ও তেমনই। এবং আজ, যখন A.I আমাদের কাজকে ছুঁয়ে গেছে, যন্ত্র শুধু কাজই করে না, চিন্তাও করে, এবং মানুষকে প্রতিস্থাপিত করতে পারে। চ্যাপলিন আমাদের মনে করান— মানুষের অনুভূতি মেশিন বুঝতে পারবে না। ভালোবাসা, হাসি, সহানুভূতি— এই অনুভূতি চিরন্তন। প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের অন্তর, মন, আশা অক্ষুণ্ণ। ফ্যাক্টরির যন্ত্রের মতো, আজও A.I আমাদের জীবনের অংশ, কিন্তু মানুষের স্বপ্ন আর আশা চিরকাল বহমান।
---
চ্যাপলিন জানতেন— যখন মানুষ মেশিনের ছায়ায় ভয় পায়, হাসিই হয় অস্ত্র। ফ্যাক্টরির হাতে আটকে থাকা শ্রমিক, খাওয়ার সময় মেশিনের সঙ্গে কৌতুক, Barber-এর ছোট্ট প্রেম, ভুল বোঝাবুঝি—সবই হাস্যরসের মাধ্যমে মানুষের জীবনকে বাঁচায়।
আজকের A.I যুগেও, হাসি ও ব্যঙ্গ আমাদের মানবিকতা রক্ষা করে। হাসি কেবল বিনোদন নয়, এটি এক শক্তিশালী প্রতিবাদ। সেই কারনেই Modern Times–এর বার্তা আজও প্রাসঙ্গিক।মেশিন জীবনের অংশ, কিন্তু মানবিকতা চিরন্তন। মানুষ হাসতে পারলে, আশা রাখতে পারলে, ভালোবাসা রাখতে পারলে, প্রযুক্তি কখনো তাকে হারাতে পারবে না।
চ্যাপলিন বললেন— যন্ত্র যতই ক্ষমতাধর হোক, মানবতার অন্তর্দীপই চিরন্তন। মানবতা একাকী নয়—হাসি, প্রেম, সহানুভূতি সাথে থাকলেই মানুষ সর্বদা বেঁচে থাকে।
যখন আমরা মোবাইল স্ক্রিনে বন্দি, যখন সময়ের পেছনে ছুটে ক্লান্ত, চ্যাপলিনের সেই ছোট মানুষটি যেন আজও মনে করিয়ে দেয় — “যতক্ষণ আমরা হাসতে পারি, ততক্ষণ আমরা মানুষ।”
তথ্যসূত্র
১. Modern Times (1936), Directed by Charlie Chaplin, United Artists.
২. Chaplin, Charles. My Autobiography. Simon & Schuster, 1964.
৩. Robinson, David. Chaplin: His Life and Art. Penguin, 2001.
৪. “The Tramp and the Machine.” The Guardian, Film Essays, 2019.
৫. Official Chaplin Archives — charliechaplin.com.

No comments:
Post a Comment