মানবতা
বিকাশ দাশ
আমরা যতটা হিন্দু কিম্বা মুসলমান
ঠিক ততটা মানুষ না,
আমরা ঠিক হিন্দুও না, ঠিক মুসলমানও না
তাই, মানুষের জন্য দুঃখ এনে দিই।
ধর্ম কোনোদিন মানুষ হতে শেখায় নি
যতটা ধার্মিক হতে বলে,
কোনো ধর্মই হাতে অস্ত্র তুলে দেয় না।
তবুও প্রতিনিয়ত রক্তাক্ত হয় রাজপথ, সবুজ ধান খেত
ধর্মকে হাতিয়ার করে,
আসলে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না।
এত সন্ত্রাস চারিদিকে, এত হত্যালীলা
তবুও বাড়ি ফেরৎ মানুষের পায়ে পায়ে
উঠে আসে নদী,
গোরুহীন গৃহস্থেও নেমে আসে গোধূলি।

No comments:
Post a Comment