আংরাভাসা
লীনা রায়
অনেক কিছুই বিলিয়ে দিলে –
বাড়তি সময়, মুক্তো হাসি
বিলিয়ে দিলে খাতার পাতায়
গুচ্ছ কথা, মন উপোসি।
সব্বাইকে ডাক পাঠালে
তুফান তুলে কফির কাপে,
মুঠোয় ভরে বৃষ্টি দিলে
হাওয়া মেঘের গল্প মেপে।
বিলিয়ে দিলে –
আতর-গন্ধা বসন্ত দিন
আশ মিটিয়ে খাস মুলুকে
ফুলে মালায়, বরণডালায়
কুলোর বাতাস, শাঁখ, উলুতে।
বিলিয়ে দিলে বড্ড বেশি
বানভাসি দিন ফরমায়েশি।
না বিলিয়ে বেশ করেছ –
জুঁইয়ের মালা পাঁজর ঘেঁষা,
বইয়ের পাতায় শুকনো গোলাপ,
টলটলে জল, আংরাভাসা।

No comments:
Post a Comment