কবিমন
মিত্রা রায় চৌধুরী
কবির জন্ম মাসে রবির আলোয় কবির জয় গান গাই। অতি সাধারণ রবীন্দ্রপ্রেমী হয়ে রবীন্দ্রসাগরে ডুব দিতে চাই কিছু মুক্ত সংগ্রহকরবো বলে,যা নাড়াচাড়া করে বাকি জীবন আনন্দে কাটাতে পারব। এই অস্থির দোদুল্যমান সময়ে মানসিক শান্তির জন্য এই প্রচেষ্টা। যখন একান্তে বসে চিন্তার জগতে নিজেকে হারিয়ে ফেলি তখন একটা প্রশ্ন মন কে নাড়া দেয় কবি কি আধ্যাত্মিক গুরু। মানব মনের পট পরিবর্তনের তিনি হদিস পেতেন কি করে। সব বয়সের সব মানুষের নারী-পুরুষ নির্বিশেষে সকলের মনের খবর পেতেন কি করে?এ ও কি সম্ভব।সম্ভব বলেই তিনি রবি ঠাকুর। প্রেমের বিভিন্ন অভিব্যক্তিকে তিনি গানে, কবিতায় ব্যক্ত করেছেন। তার সৃষ্টিতে বিরহে আকুলতা যেমন আছে সেই আকুলতাকে সামাল দেবার পথ ও আছে। মানব জীবনে ঝড় ঝঞ্ঝার মুখোমুখি হতেই হবে। বিরহ, বিচ্ছেদ, মৃত্যু,বিষাদ কারণে-অকারণে দুঃখ ভোগ সবই সহ্য করতে হবে। কবি বলেছেন "আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুঅনন্ত জাগে" আমরা গীতায় পড়েছি কর্মে আমাদের অধিকার আছে কিন্তু কর্মফলে অধিকার নেই।গীতার বাণী কবিরও বাণী। সত্যকে সহজে মেনে নেওয়ার শিক্ষাও কবি আমাদের দিয়ে গেছেন, "সত্যেরে লহ সহজে "
বুদ্ধদেব রামকৃষ্ণ যীশুখ্রীষ্ট সব মহাপুরুষদের বাণী এবং রবীন্দ্রনাথের অনেক কবিতাও গানের মর্মার্থ একই।মানবের চৈতন্য জাগ্রত করাই এদের প্রচেষ্টা। ব্রহ্মের উপর বিশ্বাস রেখে সত্যকে আশ্রয় করে জীবনের পথে এগিয়ে যেতে বলেছেন কবি। নিজের মধ্যে ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাস তাঁর আত্মবিশ্বাস, সহনশীলতা বৃদ্ধি করেছিল তাকে শৌর্য্য বীর্যে বলিয়ান করেছিল।সকলকে একলাই পথ চলতে হয় এবং হবে। তাই তিনি লিখেছেন "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে " ভয় হতে অভয় মাঝে আমাদের নতুন জন্ম নিতে হবে। অজানা ভয়ে আমরা নিঃশঙ্ক পদক্ষেপ ফেলতে ভুলে গেছি।কবি আমাদের পথ দেখিয়ে বলেছেন "সদা থাকো আনন্দে সংসারে নির্ভয়ে, নির্মল প্রাণে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে।" জীবনদেবতার নিকট থেকে দেহে বল ও প্রাণে শক্তি চেয়ে নিয়ে বলতে পেরেছেন "তোমার অসীমে প্রাণ মন ও লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ, কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই...."
কবি আমাদের সংসারে থেকে আনন্দ টুকু লুটে নেবার অনেক পথ দেখিয়েছেন তার নির্দেশিত পথকে বেছে নেইনা আমরা,নিজেদের জীবনে তাকে প্রয়োগও করি না। দুঃখ বিলাস আমাদের এক ধরনের বিলাসিতা। মনের দরজা খুলে দিতে হবে। নবজাগরণের জোয়ার আসুক দখিনা বাতাস প্রবেশ করুক সবার মনের খোলা দুয়ার দিয়ে। কবির ভাষায় বলি-
"ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো।"
No comments:
Post a Comment