স্থৈর্য
শিশির আজম
যুদ্ধ এসেছে
তারপর সময়মতো যুদ্ধ চলেও গেছে
মেয়েটা বসে আছে মহাজাগতিক স্থৈর্যে
মানুষ আর জন্তুজানোয়ারের হাড়গোড়গুলো সামনে করে
অথচ ঘরে ঘরে টেলিভিশনের আর খবরের কাগজের
আর অন্তস্ত শুদ্ধতম মিউজিয়ামের
সে কি দেশাত্মবোধ আর মিউজিক ফেস্টিভাল
আর কনফারেন্স ব্লু- ইকোনোমি
মৃত সৈনিকের দেশপ্রেমের ওপর
আমরা দেখছি হৃষ্টপুষ্ট কয়েকটা বহুজাতিক ঘোড়া হেঁটে বেড়াচ্ছে
কিন্তু ওদের পা অদৃশ্য
তাই নিয়মানুযায়ী আমরা অস্বীকার করবো
পরাবাস্তব ঘোড়াগুলোকে
যা হোক হাড়গোড়গুলো কতক্ষণ পড়ে থাকবে
ওভাবে
ওরাও তো কথাবার্তা শুরু করেছে
আর অস্বস্তি
গ্রিক ঐতিহ্যের গথিক খিলান হয়ে
বেঁচে থাকাটা
তেমন কাজের না

No comments:
Post a Comment