স্বপ্ন কী কখনও সত্যি হয় ?
শুভেন্দু নন্দী
বিরাট হলঘর। আর্ট গ্যালারির প্রদর্শনীর কক্ষে অনেক রুচিশীল ও সংস্কৃতিবান মানুষের ভীড়। দর্শকবৃন্দ মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে হলঘরের চারিদিকে সুন্দর করে টাঙানো ছবিগুলোর দিকে। এই ভীড়ের মধ্যে আছে অর্কদীপ সান্যাল।
কলকাতায় এসেছিল চাকরীর একটা ইন্টারভিউ দিতে। ছবি আঁকার নেশা তার ছোটবেলা থেকে। এই গোধুলীবেলায় সূর্যের শেষ আলোর ছটা সুনীল আকাশকে আরও রক্তিম করে তুলেছে । এই সব ভাবতে ভাবতে ও চারিদিকে চোখ বোলাতে বোলাতে রং ও তুলিতে ক্যানভাসে আঁকা একটা ছবির কাছে এসে দাঁড়ালো সে। একজন স্নেহময়ী জননী এক শিশুকে আদরে, সোহাগে, আলিঙ্গন করে বসে আছেন আর শিশুও যেন পরম নির্ভরতায় মাকে জড়িয়ে ধরেছে। মায়ের মুখে চওড়া হাসি। "অনবদ্য," "অসাধারণ" বলে জোরে মন্তব্য করতেই পরক্ষণেই নিজেকে সংযত করলো। ছবির নীচে শিল্পীর নাম সুশান্ত আইচ।
এই ভীড়ের মধ্যে তাঁকে খোঁজা একটা অসম্ভব কাজ মনে করে ঘর থেকে সে নিষ্ক্রান্ত হয়ে গেলো। দু`বছর কেটে গেছে। চাকরিতেও যোগদান করেছে। কিন্তু সেই ছবিটার কথা কিছুতেই ভুলতে পারছেনা। সারাদিন পরিশ্রমের শেষে রাতে নিদ্রাদেবীর কোলে ঢলে পড়লো অর্ক।
- আমাকে চিনতে পারছেন? আমি সুশান্ত আইচ। আপনার চোখে দেখা শ্রেষ্ঠ শিল্পী। যা সেদিন ভীড়ে আপনার ভালো লাগার স্পষ্ট অনুভূতি আমার চোখে ধরা পড়েছিলো নিবিড়ভাবে। মায়ের কত স্বপ্ন ছিলো আমায় ঘিরে। না ফেরার দেশে তিনি চলে গেছেন....
অর্ক শুধু মনে মনে ভাবতে বসলো " স্বপ্ন কী কখনও সত্যি হয় ?"

No comments:
Post a Comment