Tuesday, June 2, 2026


 গন্তব্যে 

 রীনা মজুমদার 


যে নক্ষত্রটিতে আলো নেই 
আসবে কোথায় তার নতুন ভোর!

যে গাছ ফুল ফোটাতে জানে না 
মাটিতে কোথায় তার ফুল বাগিচা!

যে বাতাস পায় রোজই দূষণ 
বইবে কোথায় তার শুদ্ধ সমীরণ!

যে কথা-মালায় ভরা থাকে মিথ্যে সুর
জাগবে কোথায় কবির ''সত্যের আহ্বান"

যে প্রদীপের আলো আঁধারে ঢেকে রাখা হয় 
জ্বলবে কোথায় তার ঐক্যের হাজার দীপ! 

যে মানুষ মেরুদন্ড বিক্রি করে দেয় 
দাঁড়াবে কোথায় তার সোজা মেরুদন্ড!

সততার ছন্দ রাখা হয় যদি জারি 
শ্যাওলা-পিছল পথও বন্ধ হবে তাড়াতাড়ি, 
   আমি..আমি বলতে চাই, 
ওরা আমায় গন্তব্যে পৌঁছাতে দেয় না...

No comments:

Post a Comment