Tuesday, August 4, 2026


 

স্বাধীনতা দিবসের দুটি সুর

শুভেন্দু  নন্দী 


মৈনাক এই মাত্র বাড়ী থেকে বের হলো। ওর প্রাণাধিক স্কুল যেখানে বেশ কিছু কাল কাটিয়েছে সেখানে আজ স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।  ছাত্ররা এবং শ্রদ্ধেয় শিক্ষকমহাশয়েরা জাতীয় পতাকা তলে দাঁড়িয়ে আছেন। মৈনাক তাতে সামিল হলো। সমবেত সকলের জাতীয় সংগীত গাইবার সাথে সাথে একজন বর্ষীয়ান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করলেন। তারপর একজন উপস্থিত নাগরিক স্বাধীনতা দিবসের তাৎপর্য সুন্দরভাবে ব্যক্ত করলেন। এরপর সমবেত শিক্ষক মহাশয়দের একে একে প্রণাম করে স্কুল চত্বর থেকে বেরিয়ে আসলো। চায়ের দোকানে ঢুকলো বন্ধুবান্ধবদের মজলিশি আড্ডায়। শিক্ষকের নিয়োগপত্রের কথা সবাইকে জানালো। সবাই খুশী হলো। ওরা প্রত্যেকেই বিভিন্ন কাজে নিয়োজিত। তবে স্থানীয় এলাকায়। মৈনাককে যেতে হবে বাড়ির বাইরে অনেক দূরে। এটা বলাতে সবাই সমস্বরে বলে  উঠল "তাতে কী হয়েছে? চাকরি পেয়েছিস এটাই তো বড় কথা" 

তারপর চলল চা -চক্র। গল্পগুজব কিছুক্ষণ। তারপর তার সাইকেলে বাড়ি ফেরা। বাবা হাসতে হাসতে বলে উঠলেন, "খুব আড্ডা দিয়ে এলি। তোকে কবে জয়েন করতে হবে?"
- সাত দিন পরে।
- বেশ বেশ । 
বাবা, মা ,ছোট বোনের মুখে হাসি ফোটাতে পেরেছে মৈনাক।
আনন্দে সে খুবই উৎফুল্ল হয়ে উঠলো।
বাবা মানে আলোকেশবাবুর দুই মাস পরে রিটায়ারমেন্ট।  মনে হলো যেন তাঁর চারিদিকের এই স্বাধীনতা দিবসের আলোকোজ্জ্বল দিনটিতে  দুটো সুর বেজে উঠল।  মনে মনে  স্বগতোক্তি করে উঠলেন"তোমার হলো শুরু,আমার হলো সারা "

No comments:

Post a Comment