নাগরিক অহংকার
গৌতমেন্দু নন্দী
সৌন্দর্যের স্পর্শ সুখে ভুলে যাই প্রশ্রয়ের সীমানা
উপেক্ষা করি, লঙ্ঘন করি আত্ম সংযম।
ভুলে যাই-----
অদৃশ্য সীমানার মধ্যেই ঘুমিয়ে থাকে এক প্রলয়
সৃষ্টির আদি থেকে যুগ থেকে যুগান্তরে -----
সুপ্ত সেই আলোড়ন, ভয়াবহতার রোষানলকে
ভেবেছি এক প্রশ্রয় -----
শীতল স্রোতধারার মতো
শুধুই শীতল ভেবেছি------
প্রশ্রয়কে ভেবেছি নিজের আধিপত্যের অধিকার--
ভেবেছি ,ভেবে চলেছি আত্ম দম্ভের উন্মাদনায়----
আঘাতে আঘাতেও কিন্তু সে ঘুমিয়ে থাকে---
কংক্রিটের দেমাক নিয়ে তবু আঘাত করে চলেছি
পরিসর দখলের, গতিপথ বদলের হত্যাকারী হয়ে।
সৌন্দর্যটুকু নিয়ে তবু যেন পড়ে থাকে অন্ধ স্নেহে
সমতলে পাদদেশে স্নেহ বন্ধনের কোন মায়ায়-----
নাগরিক সৌন্দর্য নিয়েই------
আরও উদ্ধত আরও বেপরোয়া হয়ে উঠি
প্রতিবাদ হীন সৌন্দর্যের প্রশ্রয়ে-----
সেই প্রশ্রয় শাসন হয়ে কখন যেন ভেঙ্গে পড়ে
ভেঙ্গে পড়ে সব আড়াল আবডাল---
আঘাতে অভিঘাতে ঘুম ভাঙ্গে শান্ত রূপের----
জেগে ওঠে এক অশান্ত ভয়ংকরী----
প্রলয়ঙ্করী ধ্বংসের নেশায় তখন উন্মত্ত হয়ে ভেঙ্গে চলে ঘরবাড়ি, শহর,নগর, গ্রাম
ভাঙ্গে------
উন্নয়নের মিথ্যে নাগরিক অহংকার......!!

No comments:
Post a Comment