Wednesday, March 25, 2026


 


পুস্তক পর্যালোচনা 

উদয় সাহার কবিতা সংকলন "ছাই ও ছায়ার পরবর্তী" পড়লাম। মাত্র দশটি কবিতার সংকলন কিন্তু গভীরতা অনেক বেশি গভীর। শব্দ চয়নের সারল্য অথচ গভীরতা, মিশ্র কলাবৃত্তের গদ্যরূপের বৈচিত্র্যময় প্রয়োগ, কোন ছন্দ কাঠামো অনুসরণ না করা, ইজম থেকে দূরে থাকা নয় কিন্তু নির্ভরতাও নেই প্রভৃতি। বিষয়ের ভাবনায় ও কবিতা সমূহের স্বরূপ বিশ্লেষণে যা প্রতিভাত হয় তাতে গ্রন্থটিকে কবিতা সংকলন না বলে কাব্যগ্রন্থ বলাই ভালো। উদয় সাহার এই গ্রন্থের কবিতা বহুমাত্রিক দৃষ্টিভঙ্গী, ব্যক্তির জীবন রেখা, পাওয়া ও না পাওয়া, প্রেম ও বিরহ, স্বপ্নও আবেশ, দ্বন্দ্বও সংঘাত, বিষয় সৌন্দর্য আর মুগ্ধতায় ভরা। বেশ কয়েকটি কবিতায় একাধিক ইজমের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খুব কম গ্রন্থে এটা পরিলক্ষিত হয়। পাঠ করলে মনে হয় মডার্নিজম, পোস্ট মডার্নিজম, রোমান্টিসিজম, সুররিয়ালিজম একসঙ্গে মিথস্ক্রিয়া সৃষ্টি করেছে। চিত্রকল্পের কোলাজ খন্ড খন্ড রূপে এক অখন্ড সত্ত্বার সৃষ্টি করেছে। শূন্যবাদ উঁকি দিলেও ঘরের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। কবি নিজে কতটা হাংরি হয়েছেন তা নিরূপণ করা একটু কঠিন হলেও পাঠককে হাংরি বানিয়েছে এটা সত্য। কবি বাংলা ছন্দের বিশেষ কোন ছন্দ ফরম্যাট অনুসরণ করেননি। অনায়াসে বলা যায়। এটি একটি স্বল্প দৈর্ঘ্যের রস সমৃদ্ধ কাব্যগ্রন্থ।

কিছু উদ্ধৃতি উল্লেখ করা যেতে পারেঃ

১) আসলে অন্ধকার ঠিক যেন সিজোনাল ফ্রুটস-র মতন (মরশুমি)
২) জলপাই হেলমেটকে সাবজেক্ট করে
তার নীচে এঁকে দিই জোয়ারের ঢেউ (তিন সাত শূন্য এবং পরবর্তী)
৩) সব ঘরা পূর্ণ হলে অক্ষরে অক্ষরে বিষন্ন জ্যামিতি। (ছাই ও ছায়ার পরবর্তী)
এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। প্রত্যেকের পাঠ করা উচিত।

ছাই ও ছায়ার পরবর্তী: উদয় সাহা
প্রকাশক: মুজনাই সাহিত্য সংস্থা
কোচবিহার
দাম ৫০ টাকা


** মুজনাই সাহিত্য সংস্থা থেকে প্রকাশিত কবি উদয় সাহার ` ছাই ও ছায়ার পরবর্তী` পরবর্তী কাব্যগ্রন্থ নিয়ে পর্যালোচনা করেছেন শচীমোহন বর্মন সম্পাদিত পত্রিকা `মুক্তচিন্তা`। 
মুজনাই আপ্লুত, কৃতজ্ঞ। 

No comments:

Post a Comment