শৈশব
মনোমিতা চক্রবর্তী
মাঠের কোনায় বটগাছটার ওদিকটায় বেশ নিরিবিলি। ওখানেই রোজ কাব্য ক্রিকেট খেলতে আসে দাদু কিশোরবাবুর সাথে। বাচ্চাগুলোর খেলা দেখতে দেখতে কিশোরবাবু হারিয়ে যান নিজের কৈশোরে; শৈশবে। কত রকমের খেলাই না খেলতেন ছোটবেলায় বন্ধুদের সাথে। কত বন্ধু ছিল ওনার।
এখন বয়স হয়েছে তাই বন্ধুও কমে গেছে। হঠাৎই বাচ্চাদের ক্যাচ ক্যাচ শব্দে সম্বিত ফিরল কিশোরবাবুর। খেয়াল করলেন টুবলুর মারা বলটা ওনার দিকেই আসছে। কাব্যও আসছে বলটা ধরতে।কিশোরবাবু ক্যাচটা ধরে ফেলেন।
কাব্য-"দাদু বলটা দাও।"
কিশোরবাবু -"না দেবোনা ।কি মজা আমি ক্যাচ ধরেছি ! আমি ব্যাট করবো!"
কাব্য -"কেন ?"
কিশোরবাবু-" তোমাদের নিয়মানুযায়ী যে ক্যাচ ধরবে সেই তো ব্যাট করবে। আমি ক্যাচ ধরেছি তাই এবার আমি ব্যাট করবো।"
কাব্য -"দাদু দাও বলছি ,নাহলে বাড়ি গিয়ে ঠাম্মিকে বলে দেবো কিন্তু। তোমার না হাঁটুতে ব্যথা ?"
গিন্নির নাম শুনতেই আর হাঁটু ব্যথার কথা মনে পড়তেই কিশোরবাবুর মনে পড়ে যায় মাথার রুপোলী চুল আর কপালে মরুভূমির মতো বলিরেখা। খেয়াল করলেন পড়ন্ত বিকেলের উজ্জ্বল লাল আকাশে ক্রমশ কালো হয়ে সন্ধ্যে নেমে আসছে। শৈশব থেকে বাস্তবে ফেরেন কিশোরবাবু। বলটা বাড়িয়ে দেন কাব্যর দিকে।

No comments:
Post a Comment